![]()
ফ্রান্সে আগামীকাল (শনিবার) আবারও বিক্ষোভের ডাক দিয়েছেন আন্দোলনকারীরা। এ কর্মসূচিকে ঘিরে সম্ভাব্য সহিংসতা ও লুটপাট ঠেকাতে দেশজুড়ে ৭০ হাজার পুলিশ সদস্য মোতায়েনের ঘোষণা দিয়েছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী লরেন্ট নুনেজ।
ফরাসি সম্প্রচারমাধ্যম টিএফ১-এর এক প্রতিবেদনে বলা হয়েছে, এই নিরাপত্তাব্যবস্থা ২৪ অক্টোবরের মতোই হবে। পাশাপাশি শহরের কেন্দ্রস্থলগুলোতে বিক্ষোভের ওপর অতিরিক্ত বিধিনিষেধ আরোপ করা হবে।
নুনেজ সতর্ক করে বলেছেন, শনিবার দিনটি ‘অস্বাভাবিক’ হয়ে উঠতে পারে। কারণ, এদিন ‘জনশৃঙ্খলা বিঘ্নিত হওয়ার উচ্চ ঝুঁকি’ রয়েছে এবং বিক্ষোভ গভীর রাত পর্যন্ত চলতে পারে।
বিক্ষোভকারীরা রাত ৮টার দিকে বিভিন্ন স্থানে জমায়েত হওয়ার যে আহ্বান জানিয়েছেন, সেটিকে ‘বিশেষভাবে সহিংস’ বলে উল্লেখ করেছেন তিনি। নুনেজ বলেন, “এই জমায়েতগুলো অবশ্যই নিষিদ্ধ থাকবে। যদি এগুলো আয়োজিত হয়, তবে তা ছত্রভঙ্গ করে দেওয়া হবে এবং জড়িতদের গ্রেপ্তার করা হবে।”
নুনেজ জানান, ১৭ অক্টোবরের বিক্ষোভে বড় ধরনের বিশৃঙ্খলা সৃষ্টির প্রেক্ষাপটে স্থানীয় পৌর কর্তৃপক্ষ শহরের কেন্দ্রস্থলগুলোতে বিক্ষোভ নিষিদ্ধ করে আদেশ জারি করবেন।
এ ছাড়া শহরগুলোতে প্রবেশকারীদের তল্লাশি জোরদার করা হবে এবং সারা দেশে নিরাপত্তাকর্মীদের মোতায়েন রাখা হবে বলেও জানান তিনি।
সাংবাদিকদের নুনেজ বলেন, “আমরা কোনো প্রকার বিশৃঙ্খলা সহ্য করব না। নিরাপত্তা বাহিনীকে ‘সর্বোচ্চ কঠোরতার’ সঙ্গে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।”
তবে তিনি জোর দিয়ে বলেছেন, স্থানীয় কর্তৃপক্ষের অনুমোদিত বিক্ষোভে সমাবেশ ও মতপ্রকাশের স্বাধীনতা রক্ষার স্বার্থে নিরাপত্তা দেওয়া হবে।
১৭ ও ২৪ অক্টোবরের বিক্ষোভের পর পরিকল্পিত এই কর্মসূচির মধ্য দিয়ে ফ্রান্সে টানা তৃতীয় শনিবারের মতো বিক্ষোভ অনুষ্ঠিত হতে যাচ্ছে।










