![]()
হবিগঞ্জের বাহুবল উপজেলার মিরপুরে উপজেলা প্রশাসনের অনুমতি ছাড়াই কুটিরশিল্প ও বাণিজ্য মেলা আয়োজনের প্রস্তুতি চলছিল। মাঠে শতাধিক স্টল স্থাপন করে পণ্যসামগ্রীও নিয়ে এসেছিলেন ব্যবসায়ীরা। আগামী ১ নভেম্বর মেলার উদ্বোধনের ঘোষণা দেওয়া হলেও উপজেলা প্রশাসনের অভিযানে ভেস্তে গেছে সব আয়োজন। এ সময় অনুমতি ছাড়া দোকান বসানোর দায়ে ১৩ ব্যবসায়ীকে মোট ১২ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দিবাগত রাতে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সায়ীদ মোহাম্মদের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। এতে সহযোগিতা করে বাহুবল মডেল থানা-পুলিশ।
![]()
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, গত এক মাস ধরে মিরপুরের একটি মাঠে কুটিরশিল্প ও বাণিজ্য মেলা আয়োজনের প্রস্তুতি চলছিল। গত ১৬ অক্টোবর উপজেলা প্রশাসন মেলার অনুমতি দেওয়া হবে না বলে আয়োজকদের জানিয়ে দেয়। এরপরও আয়োজক কমিটি আগামী ১ নভেম্বর মেলার উদ্বোধনের ঘোষণা দেয়। এরই মধ্যে মাঠে শতাধিক স্টল স্থাপন করে বিভিন্ন পণ্যসামগ্রী নিয়ে আসেন ব্যবসায়ীরা।
অনুমতি ছাড়াই মেলার প্রস্তুতি ও দোকানপাট বসানোর খবর পেয়ে সেখানে অভিযান চালায় উপজেলা প্রশাসন। এ সময় ১২ ব্যবসায়ীকে এক হাজার টাকা করে মোট ১২ হাজার টাকা এবং এক নারী ব্যবসায়ীকে ৫০০ টাকা জরিমানা করা হয়। পাশাপাশি দোকানগুলো সরিয়ে দিয়ে মেলার আয়োজন বন্ধ করে দেওয়া হয়।
অভিযান ও জরিমানার বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সায়ীদ মোহাম্মদ।










