![]()
বাংলাদেশ বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরি হত্যা মামলায় গ্রেপ্তার এক তরুণীকে চার দিনের রিমান্ডে নেওয়া হয়েছে।
নিখোঁজ হওয়ার দিন রাজধানীর একটি এলাকায় সিসিটিভি ফুটেজে তাহসিফ সাউরির সঙ্গে ওই ১৯ বছর বয়সী তরুণীকে দেখা যায়।
রোববার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রিপন হোসেনের আদালত তাঁর রিমান্ড মঞ্জুর করেন।
মামলার তদন্ত কর্মকর্তা নৌ-পুলিশের টঙ্গী ফাঁড়ির পরিদর্শক ফিরোজ উদ্দিন ওই তরুণীকে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ড আবেদন করেন। শুনানি শেষে আদালত তাঁর চার দিনের রিমান্ড মঞ্জুর করেন।
রিমান্ড আবেদনে বলা হয়, গত ২৭ অক্টোবর রাতে উত্তরার একটি রেস্তোরাঁয় সিসিটিভি ফুটেজে তাহসিফ সাউরির সঙ্গে ওই তরুণীকে দেখা যায়। এরপর তাঁরা আরও কয়েকটি স্থানে যান। তাঁদের মধ্যে মোবাইলে কথাও হয়।
পুলিশ জানায়, জিজ্ঞাসাবাদে তাহসিফের ‘বন্ধুস্থানীয় ছোট ভাই’ আহমেদ শাহরিয়ার রেজা দীপ যে বক্তব্য দিয়েছেন, তা যাচাই করার জন্য ওই তরুণীকে রিমান্ডে নেওয়ার আবেদন করা হয়েছে।
গতকাল শনিবার দিবাগত রাত দুইটার দিকে কাফরুল এলাকা থেকে ওই তরুণীকে গ্রেপ্তার করা হয়। এর আগে গতকাল আহমেদ শাহরিয়ার রেজা দীপকেও জিজ্ঞাসাবাদের জন্য চার দিনের রিমান্ডে নেওয়া হয়।
গত ২৭ অক্টোবর সন্ধ্যায় দীপের ডাকে বাসা থেকে বের হওয়ার পর নিখোঁজ হন তাহসিফ। পরদিন বিকেলে তুরাগ নদের রাজাবাড়ী ঘাট এলাকা থেকে তাঁর মরদেহ উদ্ধার করে নৌ-পুলিশ।
তাহসিফের মৃত্যুর ঘটনায় অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের আসামি করে রাজধানীর উত্তরখান থানায় গত শুক্রবার রাতে হত্যা মামলা করেন তাঁর বাবা কে এম এনায়েতুল করিম।










