![]()
রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে বাসে অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনায় আতঙ্কের মধ্যে রয়েছেন পরিবহনের মালিক ও শ্রমিকেরা। গত ৬ ও ৭ নভেম্বর দুর্বৃত্তরা ঢাকা ও আন্তজেলা রুটে চলাচলকারী ছয়টি বাসে আগুন দিয়েছে। এসব ঘটনায় জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে জরুরি ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানিয়েছে ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতি।
এ বিষয়ে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) আলী হোসেন ফকিরের কাছে আজ রোববার চিঠি দিয়েছে সংগঠনটি। পুলিশ সদর দপ্তরে পাঠানো চিঠিতে বলা হয়েছে, দুষ্কৃতকারীরা ঢাকাসহ সারা দেশে চলাচলকারী যানবাহনে ভাঙচুর ও অগ্নিসংযোগসহ বিভিন্ন ধরনের নাশকতামূলক কর্মকাণ্ড চালাচ্ছে। এসব ঘটনায় মালিক ও শ্রমিকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
![]()
ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির একটি সূত্র জানিয়েছে, সংগঠনটির আবেদনের পরিপ্রেক্ষিতে আগামীকাল সোমবার ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কার্যালয়ে পরিবহনমালিক ও শ্রমিক সংগঠনের নেতাদের সঙ্গে বৈঠক করবে পুলিশ।
এদিকে রাজধানীর বিভিন্ন স্থানে ধারাবাহিক হাতবোমা বিস্ফোরণ ও বাসে অগ্নিসংযোগের ঘটনাগুলোর পেছনে নাশকতা এবং জনমনে আতঙ্ক সৃষ্টির উদ্দেশ্য রয়েছে বলে মনে করছে পুলিশ। এসব ঘটনার সঙ্গে জড়িত কয়েকজনকে ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে ডিএমপি।
ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপকমিশনার আকতার হোসেন বলেছেন, ওই গ্রুপ নাশকতার উদ্দেশ্যে এবং জনমনে আতঙ্ক তৈরি করতে এসব কর্মকাণ্ড চালাচ্ছে।
আজ রোববার রাজধানীর মিন্টো রোডে নিজ কার্যালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন আকতার হোসেন। তিনি বলেন, প্রতিটি ঘটনা পুলিশ নিবিড়ভাবে পর্যবেক্ষণ ও তদন্ত করছে। এসব ঘটনার সঙ্গে সম্পৃক্ত কয়েকজনকে ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে নিষিদ্ধঘোষিত সংগঠন এবং একটি দলের বিভিন্ন অঙ্গসংগঠনের সদস্যরা রয়েছেন।










