![]()
বিশ্বের ৫০০ প্রভাবশালী মুসলিম ব্যক্তিত্বের তালিকা ‘দ্য মুসলিম ৫০০’-এর ২০২৭ সালের সংস্করণে স্থান পেয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। জর্ডানভিত্তিক এ প্রকাশনায় বাংলাদেশের রাজনৈতিক নেতৃত্বের পাশাপাশি মানবাধিকার অঙ্গনের আরও দুই বিশিষ্ট ব্যক্তির নাম অন্তর্ভুক্ত হয়েছে। তাঁরা হলেন মানবাধিকারকর্মী ড. হামিদা হোসেন ও রোহিঙ্গা মানবাধিকারকর্মী রাজিয়া সুলতানা।
জর্ডানভিত্তিক রয়্যাল ইসলামিক স্ট্র্যাটেজিক স্টাডিজ সেন্টার (আরআইএসএসসি) প্রকাশিত বার্ষিক এ গবেষণায় বিশ্বের বিভিন্ন ক্ষেত্রে প্রভাব বিস্তারকারী মুসলিম ব্যক্তিত্বদের মূল্যায়ন করা হয়। তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমানের অন্তর্ভুক্তি বাংলাদেশের রাজনৈতিক নেতৃত্ব এবং আন্তর্জাতিক পরিসরে তাঁর প্রভাবকে নতুন করে আলোচনায় এনেছে। প্রকাশনায় তাঁকে বাংলাদেশের রাজনীতির একজন গুরুত্বপূর্ণ ও প্রভাবশালী নেতা হিসেবে তুলে ধরা হয়েছে। এতে বলা হয়েছে, ২০২৬ সালের জাতীয় নির্বাচনে বিএনপিকে দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা অর্জনে নেতৃত্ব দিয়ে তিনি প্রধানমন্ত্রী হন। দীর্ঘ নির্বাসন শেষে ২০২৫ সালের ডিসেম্বরে দেশে ফেরার ঘটনাকেও তাঁর রাজনৈতিক জীবনের গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে উল্লেখ করা হয়েছে।
দীর্ঘ রাজনৈতিক পথপরিক্রমা, দলীয় নেতৃত্ব এবং জাতীয় রাজনীতিতে গুরুত্বপূর্ণ অবস্থানের মধ্য দিয়ে তারেক রহমানের উত্থান প্রকাশনাটিতে বিশেষভাবে তুলে ধরা হয়েছে। বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে তাঁর নেতৃত্বের গুরুত্বের পাশাপাশি মুসলিম বিশ্বের প্রভাবশালী ব্যক্তিত্বদের তালিকায় অন্তর্ভুক্তি আন্তর্জাতিক পরিসরেও তাঁর পরিচিতির প্রতিফলন হিসেবে বিবেচিত হচ্ছে।
তালিকায় বাংলাদেশের দ্বিতীয় ব্যক্তিত্ব ড. হামিদা হোসেন। তিনি দেশের বিশিষ্ট ইতিহাসবিদ, লেখক ও মানবাধিকারকর্মী। ১৯৬৯ সালে রাজনৈতিক সাময়িকী ‘ফোরাম’ প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন তিনি। স্বাধীনতার পর যুদ্ধকালীন সহিংসতার শিকার নারীদের পুনর্বাসন এবং মানবাধিকার প্রতিষ্ঠায় দীর্ঘদিন ধরে কাজ করছেন। আইন ও সালিশ কেন্দ্রের (আসক) প্রতিষ্ঠাতা সদস্য ও সাবেক চেয়ারপারসন হিসেবেও তাঁর পরিচিতি রয়েছে।
অন্যদিকে, তালিকায় স্থান পাওয়া রাজিয়া সুলতানা একজন রোহিঙ্গা আইনজীবী, গবেষক ও মানবাধিকারকর্মী। রোহিঙ্গা জনগোষ্ঠীর অধিকার প্রতিষ্ঠার পাশাপাশি বাস্তুচ্যুত নারী ও শিশুদের ওপর নির্যাতন, যৌন সহিংসতা এবং মানবপাচারের ঘটনা আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরতে কাজ করছেন তিনি। রোহিঙ্গা নারীদের অধিকার ও সহায়তা নিশ্চিত করতে তিনি প্রতিষ্ঠা করেছেন রোহিঙ্গা উইমেন ওয়েলফেয়ার সোসাইটি।
২০২৭ সালের সংস্করণে ‘ম্যান অব দ্য ইয়ার’ বা বর্ষসেরা পুরুষ নির্বাচিত হয়েছেন ফিলিস্তিনের গাজার কামাল আদওয়ান হাসপাতালের সাবেক পরিচালক ও শিশু চিকিৎসক ড. হুসাম আবু সাফিয়া। যুদ্ধের ভয়াবহ পরিস্থিতিতেও চিকিৎসাসেবা অব্যাহত রাখা এবং পরবর্তী সময়ে ইসরাইলি বাহিনীর হাতে আটক হওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে তাঁকে এ স্বীকৃতি দেওয়া হয়েছে।
‘ওম্যান অব দ্য ইয়ার’ বা বর্ষসেরা নারী নির্বাচিত হয়েছেন ইরানের মিনাব শহরের একটি স্কুলে হামলা থেকে বেঁচে যাওয়া শিক্ষার্থী ফাতেমেহ জাহরা শেখাবাদি। ওই হামলায় নিহত তাঁর সহপাঠী ও শিক্ষকদেরও এ সম্মাননার অংশ হিসেবে বিবেচনা করা হয়েছে। প্রকাশনায় উল্লেখ করা হয়েছে, হামলার ভয়াবহ অভিজ্ঞতা তুলে ধরে তিনি জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলেও বক্তব্য দিয়েছেন।
‘দ্য মুসলিম ৫০০’-এর ২০২৭ সালের সংস্করণটি প্রকাশনার ১৮তম বার্ষিক আয়োজন। বিশ্বের প্রায় ২২০ কোটি মুসলিম জনগোষ্ঠীর মধ্যে বিভিন্ন ক্ষেত্রে উল্লেখযোগ্য প্রভাব বিস্তারকারী ব্যক্তিদের চিহ্নিত করাই এ গবেষণার উদ্দেশ্য। ধর্মীয়, রাজনৈতিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক ও সামাজিক ক্ষেত্রে ব্যক্তিদের প্রভাব মূল্যায়নের ভিত্তিতে তালিকাটি প্রস্তুত করা হয়। এ ক্ষেত্রে সামাজিক যোগাযোগমাধ্যমে অনুসারীর সংখ্যা, প্রকাশিত বই, জনমত গঠনে ভূমিকা, বিশেষজ্ঞদের মূল্যায়ন এবং দীর্ঘমেয়াদি অবদান বিবেচনায় নেওয়া হয়।
প্রকাশনায় প্রথম ৫০ জনকে ক্রমানুসারে স্থান দেওয়া হয়েছে। বাকি ৪৫০ জনকে ধর্মীয় পণ্ডিত, রাজনীতিবিদ, ধর্মীয় প্রশাসন, ধর্মপ্রচারক, দাতব্য কার্যক্রম, ব্যবসা, বিজ্ঞান ও প্রযুক্তি, শিল্প-সংস্কৃতি, কোরআন তিলাওয়াত, গণমাধ্যম এবং খেলাধুলাসহ বিভিন্ন শ্রেণিতে ভাগ করা হয়েছে।
প্রকাশক সংস্থাটি স্পষ্ট করেছে, তালিকায় কোনো ব্যক্তির অন্তর্ভুক্তি তাঁর মতাদর্শ বা কর্মকাণ্ডের প্রতি সমর্থনের অর্থ বহন করে না। বরং মুসলিম বিশ্বে সংশ্লিষ্ট ব্যক্তির প্রভাব ও অবস্থান মূল্যায়ন করাই এ প্রকাশনার মূল লক্ষ্য।










