![]()
গ্রামে কার্তিক মাস মানেই একসময় ছিল অভাব-অনটনের দিন। ঘরে ঘরে দেখা দিত খাবারের সংকট। এমন সময় প্রতিবেশী ও স্বজনদের অন্তত এক বেলা ভালো খাবার খাওয়ানোর ইচ্ছা থেকে প্রায় ৬০ বছর আগে ছোট পরিসরে শুরু হয়েছিল এক ব্যতিক্রমী আয়োজন। মাত্র ৬০ থেকে ৭০ জন মানুষকে নিয়ে শুরু হওয়া সেই আয়োজন এখন পরিণত হয়েছে বিশাল মেজবানে। এবার এতে একসঙ্গে খাবার খেয়েছেন প্রায় ১০ হাজার মানুষ।
ময়মনসিংহের ত্রিশাল উপজেলার ধানীখোলা দক্ষিণ ভাটিপাড়া গ্রামে নুরুদ্দীন খান ওয়েলফেয়ার ট্রাস্টের উদ্যোগে প্রতিবছর কার্তিক মাসের প্রথম সপ্তাহে এ মেজবানের আয়োজন করা হয়। শনিবার স্থানীয় জাহিরুল উলুম দাখিল মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত এ মেজবানে ত্রিশাল ছাড়াও ফুলবাড়ীয়া, ভালুকা ও আশপাশের বিভিন্ন এলাকা থেকে মানুষ অংশ নেন। নানা শ্রেণি-পেশা ও বয়সের মানুষের উপস্থিতিতে পুরো আয়োজনটি পরিণত হয় এক মিলনমেলায়।
![]()
প্রায় ৬০ বছর ধরে আয়োজনটি করছি। ছোট পরিসরে শুরু করেছিলাম। তখন দুই-তিন মণ চাল-ডাল দিয়ে মানুষকে খাওয়াতাম। এবার ৯ হাজার মানুষকে দাওয়াত দিয়েছিলাম। তবে উপস্থিতি আরও বেড়েছে। প্রায় ১০ হাজার মানুষ খেয়েছেন।
আয়োজনের উদ্যোক্তা নুরুদ্দীন খানের বর্তমান বয়স ৮৫ বছর। পাকিস্তান আমলে তিনি কৃষি উন্নয়ন করপোরেশনে থানা ইন্সপেক্টর হিসেবে কর্মরত ছিলেন। ১৯৬৬ সালে ২৫ বছর বয়সে নিজের উদ্যোগে ৬০ থেকে ৭০ জন মানুষকে নিয়ে এ আয়োজন শুরু করেন। উদ্দেশ্য ছিল মানুষকে অন্তত এক বেলা ভালো খাবার খাওয়ানো। শুরুতে দুই-তিন মণ চাল ও ডাল দিয়ে খাবারের আয়োজন করা হতো। সময়ের সঙ্গে সঙ্গে বেড়েছে আয়োজনের পরিসর ও অতিথির সংখ্যা।
![]()
নুরুদ্দীন খান বলেন, ‘প্রায় ৬০ বছর ধরে আয়োজনটি করছি। ছোট পরিসরে শুরু করেছিলাম। তখন দুই-তিন মণ চাল-ডাল দিয়ে মানুষকে খাওয়াতাম। এবার ৯ হাজার মানুষকে দাওয়াত দিয়েছিলাম। তবে উপস্থিতি আরও বেড়েছে। প্রায় ১০ হাজার মানুষ খেয়েছেন।’
তিনি জানান, এলাকার দরিদ্র মানুষ, আত্মীয়স্বজনসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষকে এ মেজবানে আমন্ত্রণ জানানো হয়। আশপাশের বিভিন্ন এলাকা থেকেও অনেকে আসেন। সবাইকে এক বেলা তৃপ্তি করে খাওয়ানো এবং মানুষের মধ্যে সৌহার্দ্য ও সম্প্রীতি বজায় রাখাই তাঁর মূল উদ্দেশ্য। যত দিন বেঁচে থাকবেন, তত দিন এ আয়োজন অব্যাহত রাখতে চান তিনি।
![]()
দীর্ঘদিনের এ ঐতিহ্য ধরে রাখতে নুরুদ্দীন খানের চার ছেলে সহযোগিতা করছেন। তাঁরা প্রত্যেকেই ব্যবসার সঙ্গে যুক্ত।
এবারের মেজবানে আনুমানিক ১৫ লাখ টাকা ব্যয় হয়েছে। রান্না করা হয়েছে ১ হাজার ৩২৪ কেজি গরুর মাংস। পাশাপাশি ৩৬ মণ চালের ভাত এবং ৭০০টি লাউ দিয়ে ১ হাজার ৩০০ কেজি মাষকলাইয়ের ডাল রান্না করা হয়। শুক্রবার সন্ধ্যার পর থেকে ১৬টি চুলায় রান্নার কাজ শুরু হয়। শনিবার বেলা ১১টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলে খাবার পরিবেশন।
প্রতিবারে প্রায় ১ হাজার ২০০ জনকে খাবার পরিবেশন করা হয়। আয়োজন সফল করতে গ্রামের প্রায় ৩০০ তরুণ ও স্বেচ্ছাসেবক কাজ করেন। টানা দুই দিন তাঁরা রান্না, খাবার পরিবেশন, অতিথিদের বসার ব্যবস্থা এবং সার্বিক ব্যবস্থাপনার দায়িত্ব পালন করেন।
আয়োজনের তদারকির দায়িত্বে থাকা দেলোয়ার হোসেন খান বলেন, বাইরের লোকজনের ওপর নির্ভর না করে গ্রামের তরুণেরাই সম্মিলিতভাবে মেজবানের সব কাজ সম্পন্ন করেছেন। দুই দিন ধরে তাঁরা প্রস্তুতি ও ব্যবস্থাপনার কাজে যুক্ত ছিলেন।
মেজবানে অংশ নিতে আসা দরিরামপুর উচ্চবিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক আবদুর রশিদ বলেন, প্রতিবছরই এ আয়োজন অনুষ্ঠিত হয়। এত মানুষের অংশগ্রহণে এলাকার মানুষের মধ্যে আনন্দ ও সম্প্রীতির পরিবেশ সৃষ্টি হয়।
খাবার পরিবেশনের দায়িত্বে থাকা স্থানীয় যুবক শান্ত বলেন, প্রতিবারে প্রায় ১ হাজার ২০০ জনকে খাবার দেওয়া হয়েছে। আট দফায় খাবার পরিবেশন শেষ হওয়ার পরও অতিথিদের আসা অব্যাহত ছিল।
ত্রিশাল থেকে আসা স্মৃতি আক্তার বলেন, আয়োজক পরিবারের আত্মীয় হওয়ায় প্রতিবছরই তিনি এ অনুষ্ঠানে যোগ দেন। আত্মীয়স্বজন ও পরিচিতজনদের সঙ্গে দেখা-সাক্ষাৎ এবং সবার সঙ্গে একসঙ্গে খাওয়ার বিষয়টি তাঁর কাছে ভালো লাগে।










