![]()
হবিগঞ্জের মাধবপুরে ঢাকা–সিলেট মহাসড়কে ডাকবাহী গাড়ি ও পাথরবোঝাই ট্রাকের সংঘর্ষে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার দুই ব্যক্তি নিহত হয়েছেন। নিহত দুজনই ইসলামপুর ইউনিয়নের মোকাবিল গ্রামের বাসিন্দা এবং মণিপুরী মুসলিম সম্প্রদায়ের সদস্য।
নিহতরা হলেন জসিম আহমেদ ও আবুল কালাম। তাঁরা দুজনই সিলেট ডাক বিভাগে কর্মরত ছিলেন। জসিম আহমেদ ডাক বিভাগের গাড়িচালক এবং আবুল কালাম মেইল গার্ড হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাতে মাধবপুরের নয়াপাড়া–কাওসারনগর এলাকায় ডাকবাহী মেইল গাড়ির সঙ্গে পাথরবোঝাই ট্রাকের সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই তাঁদের মৃত্যু হয়।
একই গ্রামের দুই ব্যক্তির এমন মর্মান্তিক মৃত্যুতে মোকাবিল গ্রামসহ আশপাশের এলাকায় শোকের আবহ বিরাজ করছে। তাঁদের মৃত্যুতে মণিপুরী মুসলিম সম্প্রদায়ের মধ্যেও শোকের ছায়া নেমে এসেছে।
মরহুমদের রুহের মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন স্বজন ও শুভাকাঙ্ক্ষীরা। মহান আল্লাহ তাআলা তাঁদের ক্ষমা করে জান্নাতুল ফেরদৌস নসিব করুন এবং শোকসন্তপ্ত পরিবারকে এই অপূরণীয় ক্ষতি সহ্য করার শক্তি দান করুন।










