![]()
ছেলের মৃত্যুর সাত বছরেরও বেশি সময় পেরিয়ে গেলেও এখনো বিচার পাননি বাবা। সন্তান হারানোর গভীর বেদনা বুকে নিয়ে ন্যায়বিচারের আশায় অপেক্ষা করছেন তিনি। যুক্তরাজ্যপ্রবাসী দিল মোহাম্মদ খান তাঁর ছেলে ইফরান খান রাকিবের মৃত্যুর প্রকৃত রহস্য উদ্ঘাটনে সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত এবং দায়ীদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুরে সিলেট বিভাগীয় প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ দাবি জানান। এ সময় ছেলের মৃত্যুর বিচার চাইতে গিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন তিনি।
সংবাদ সম্মেলনে দিল মোহাম্মদ খান অভিযোগ করেন, ২০১৯ সালের ৬ জুলাই তাঁর ছেলে ইফরান খান রাকিবের মৃত্যুর ঘটনাকে সড়ক দুর্ঘটনা হিসেবে উপস্থাপন করা হলেও প্রকৃতপক্ষে এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। ঘটনার এত বছর পেরিয়ে গেলেও তাঁর পরিবার এখনো ন্যায়বিচার পায়নি।
তিনি জানান, ছেলের মৃত্যুর প্রকৃত কারণ উদ্ঘাটনের লক্ষ্যে ব্যক্তিগত উদ্যোগে দীর্ঘদিন ধরে বিভিন্ন তথ্য-উপাত্ত ও প্রমাণ সংগ্রহ করেছেন। এসব তথ্য-প্রমাণ তদন্তসংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছে তুলে দিয়ে তদন্তে সহযোগিতারও চেষ্টা করেছেন। তবে তাঁর অভিযোগ, সংগৃহীত তথ্য-প্রমাণ যথাযথ গুরুত্ব দিয়ে বিবেচনা করা হয়নি।
দিল মোহাম্মদ খান আরও অভিযোগ করেন, ঘটনার সঙ্গে তৎকালীন সরকারের প্রভাবশালী ব্যক্তিদের সংশ্লিষ্টতা থাকায় সুষ্ঠু তদন্ত ও বিচারপ্রক্রিয়া বাধাগ্রস্ত হয়েছে। ক্ষমতা ও প্রভাবের কারণে তাঁর ছেলের মৃত্যুর প্রকৃত রহস্য এখনো উদ্ঘাটিত হয়নি বলেও দাবি করেন তিনি।
একজন বাবা হিসেবে নিজের অসহায়ত্ব ও দীর্ঘদিনের অপেক্ষার কথা তুলে ধরে দিল মোহাম্মদ খান বলেন, ছেলের মৃত্যুর বিচার পাওয়ার আশায় বছরের পর বছর অপেক্ষা করছেন তিনি। তাঁর একমাত্র দাবি, সংগ্রহ করা তথ্য-প্রমাণ যাচাই করে ঘটনাটির পুনরায় নিরপেক্ষ ও পূর্ণাঙ্গ তদন্ত করা হোক। একই সঙ্গে প্রকৃত দায়ীদের শনাক্ত করে আইনের আওতায় আনার মাধ্যমে ন্যায়বিচার নিশ্চিত করা হোক।
প্রধানমন্ত্রীর প্রতি বিশেষ আহ্বান জানিয়ে দিল মোহাম্মদ খান বলেন, কোনো ব্যক্তি বা মহলের প্রভাব যেন তদন্ত ও বিচারপ্রক্রিয়াকে বাধাগ্রস্ত করতে না পারে, সে জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে। একজন বাবা হিসেবে তিনি শুধু তাঁর সন্তানের মৃত্যুর প্রকৃত রহস্য জানতে এবং রাষ্ট্রের কাছে ন্যায়বিচার পেতে চান।
সংবাদ সম্মেলনে সিলেট বিভাগীয় প্রেসক্লাবের পক্ষ থেকেও বিষয়টি যথাযথ কর্তৃপক্ষের নজরে আনার আহ্বান জানানো হয়।










