‘রোকযানা’খ্যাত শেখ সাহেদ লাইফ সাপোর্টে, শারীরিক অবস্থা সংকটাপন্ন

মুক্তিবাণী অনলাইন ডেক্স

‘রোকযানা’খ্যাত শেখ সাহেদ লাইফ সাপোর্টে, শারীরিক অবস্থা সংকটাপন্ন

‘রোকযানা’ গানের শিল্পী শেখ সাহেদ আলীর শারীরিক অবস্থার আরও অবনতি হয়েছে। গুরুতর রক্তক্ষরণসহ একাধিক জটিলতা দেখা দেওয়ায় আজ বৃহস্পতিবার তাঁকে লাইফ সাপোর্টে নেওয়া হয়েছে। রাজধানীর একটি বেসরকারি হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন রয়েছেন তিনি। তাঁর বন্ধু ও গণমাধ্যমকর্মী এরশাদুল হক এ তথ্য জানিয়েছেন।

এরশাদুল হক জানান, দীর্ঘদিনের কিডনি সমস্যার পাশাপাশি সম্প্রতি স্ট্রোক, ডেঙ্গু ও সংক্রমণে আক্রান্ত হওয়ায় সাহেদের শারীরিক অবস্থা ক্রমেই জটিল হয়ে উঠছিল। সর্বশেষ গুরুতর রক্তক্ষরণ শুরু হলে তাঁকে কৃত্রিম শ্বাসযন্ত্রের সহায়তায় রাখা হয়। একজন চিকিৎসকের বরাত দিয়ে তিনি জানান, কিডনির জটিলতার পাশাপাশি ক্যাথেটারজনিত ছত্রাক সংক্রমণ, স্ট্রোক, ডেঙ্গু এবং হেপাটাইটিস সি ভাইরাসজনিত লিভারের প্রদাহে ভুগছেন সাহেদ। এর মধ্যে অস্বাভাবিক রক্তক্ষরণ তাঁর শারীরিক অবস্থাকে আরও সংকটাপন্ন করে তুলেছে। একাধিক জটিলতা একসঙ্গে দেখা দেওয়ায় চিকিৎসা করাও কঠিন হয়ে পড়েছে। হাসপাতালের একজন চিকিৎসকও তাঁকে কৃত্রিম শ্বাসযন্ত্রে রাখার বিষয়টি নিশ্চিত করেছেন।

‘রোকযানা’খ্যাত শেখ সাহেদ লাইফ সাপোর্টে, শারীরিক অবস্থা সংকটাপন্ন

চার বছর ধরে নিয়মিত ডায়ালাইসিস নিতে হচ্ছে সাহেদকে। এরশাদুল হক জানান, গত ২৪ অক্টোবর শরীরে সোডিয়ামের ঘাটতি দেখা দিলে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাঁর স্ট্রোক হয়। এরপর থেকে তিনি স্বাভাবিকভাবে কথা বলতে পারছিলেন না। ফিসফিস করে কথা বলা ও ইশারার মাধ্যমে মনের ভাব প্রকাশের চেষ্টা করছিলেন। এর মধ্যে পরীক্ষায় তাঁর ডেঙ্গুও শনাক্ত হয়।

শারীরিক অবস্থার অবনতি হওয়ায় ৩১ অক্টোবর শেখ সাহেদকে অন্য একটি হাসপাতালের হাই ডিপেনডেন্সি ইউনিটে (এইচডিইউ) নেওয়া হয়। পরে সেখান থেকে তাঁকে আইসিইউতে স্থানান্তর করা হয়। ওই সময় ডায়ালাইসিসের জন্য ব্যবহৃত ফিস্টুলায় রক্ত জমাট বাঁধাসহ আরও কিছু জটিলতা দেখা দিয়েছিল বলে জানান এরশাদুল হক।

অসুস্থতার কারণে থেমে গেছে সাহেদের দীর্ঘদিনের সংগীত আয়োজনও। ১১ বছর ধরে তৈরি করা ২৪টি নতুন গান প্রকাশের প্রস্তুতি নিয়েছিলেন তিনি। জি-সিরিজের ব্যানারে গানগুলো প্রকাশের পাশাপাশি সংগ্রহে রাখার জন্য চারটি করে সিডি, ক্যাসেট ও ভিনাইল রেকর্ড প্রকাশের পরিকল্পনা ছিল তাঁর। এ উপলক্ষে ৬ নভেম্বর কৃষিবিদ ইনস্টিটিউশনে একটি অনুষ্ঠানের আয়োজন করার কথা ছিল। তবে শিল্পীর অসুস্থতার কারণে অনুষ্ঠানটি বাতিল করা হয়।

এরশাদুল হক জানান, অনুষ্ঠান শেষে ১৫ নভেম্বরের পর কিডনি প্রতিস্থাপনের জন্য সাহেদের দিল্লি যাওয়ার প্রস্তুতি ছিল। এ জন্য কিডনিদাতাও চূড়ান্ত করা হয়েছিল। তবে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় সেই পরিকল্পনাও স্থগিত হয়ে গেছে।

শেখ সাহেদ ‘গাছ’ ব্যান্ডের প্রতিষ্ঠাতা। নব্বইয়ের দশক থেকে তিনি সংগীতচর্চা করছেন। সংগীতাঙ্গনে ‘রোকযানা সাহেদ’ নামেও পরিচিত তিনি। তাঁর জনপ্রিয় গানের মধ্যে রয়েছে ‘রোকযানা’, ‘উপলব্ধি’, ‘ক্লাসরুমে বসে শেখা’, ‘উটপাখির ডিম’, ‘খোলা চুল’ ও ‘প্রেম আসবেই’। তাঁর প্রথম অ্যালবাম ‘প্রভু’ প্রকাশিত হয় ১৯৯১ সালে। এরপর আরও পাঁচটি অ্যালবাম প্রকাশ করেছেন তিনি।

শিল্পীর সুস্থতা কামনায় পরিবার, বন্ধু ও শুভাকাঙ্ক্ষীদের পক্ষ থেকে সবার কাছে দোয়া চেয়েছেন এরশাদুল হক।

monir
Admin

ফেসবুকে

সর্বশেষ আপডেট

এক ক্লিকে বিভাগের খবর


ভিডিও