![]()
কক্সবাজার থেকে প্রকাশিত অনলাইন সংবাদমাধ্যম টেলিগ্রাম নিউজের কার্যালয় পুড়িয়ে দেওয়ার হুমকি দিয়েছেন রামু সরকারি কলেজ শাখা ছাত্রদলের সহসভাপতি মোর্শেদুল হক। একই সঙ্গে সাংবাদিকদের শারীরিকভাবে লাঞ্ছিত করার আহ্বান জানিয়ে উসকানিমূলক মন্তব্যও করেছেন তিনি।
বুধবার দুপুরে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে মোর্শেদুল হক লেখেন, ‘টেলিগ্রাম নিউজ অফিসটা কোথায়?…জ্বালিয়ে দিতে হবে। কক্সবাজার ছাত্রদল কি জীবিত আছে? থাকলে টেলিগ্রাম নিউজের বিরুদ্ধে জোরালো পদক্ষেপ নিতে হবে। কানের নিচে নিচে থাপ্পড় দিয়ে দিয়ে ক্যাপশন লেখানো শেখাতে হবে এদের।’
টেলিগ্রাম নিউজের সম্পাদক ও দৈনিক যুগান্তরের কক্সবাজার প্রতিনিধি জসিম উদ্দিন গণমাধ্যমকে বলেন, গত মঙ্গলবার কক্সবাজার আদালত প্রাঙ্গণে পেশাগত দায়িত্ব পালনকালে দৈনিক পূর্বকোণের কক্সবাজার সংবাদদাতা মো. এরফান হামলা ও হেনস্তার শিকার হন। এ ঘটনায় এক ছাত্রদল নেতার নেতৃত্বে একটি দল মব সৃষ্টি করে বলে অভিযোগ করেন এরফান।
জসিম উদ্দিন জানান, সাংবাদিক এরফানের ওপর হামলা ও হেনস্তার ঘটনার পর টেলিগ্রাম নিউজ এ নিয়ে সংবাদ প্রকাশ করে। এরপর সংবাদটি সরিয়ে নিতে বিভিন্নভাবে তদবির করা হয়। এরই ধারাবাহিকতায় রামু সরকারি কলেজ শাখা ছাত্রদলের সহসভাপতি মোর্শেদুল হক নিজের ফেসবুক অ্যাকাউন্টে ওই স্ট্যাটাস দেন।
তিনি আরও বলেন, কোনো সংবাদ নিয়ে কারও আপত্তি থাকলে প্রতিবাদ জানানো, তথ্যপ্রমাণ উপস্থাপন কিংবা আইনগত পদক্ষেপ নেওয়ার সুযোগ রয়েছে। কিন্তু সংবাদমাধ্যমের কার্যালয় পুড়িয়ে দেওয়ার হুমকি, সাংবাদিককে শারীরিকভাবে লাঞ্ছিত করার আহ্বান কিংবা রাজনৈতিক শক্তি প্রয়োগে উসকানি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
এ বিষয়ে বক্তব্য জানতে মোর্শেদুল হকের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও কথা বলা সম্ভব হয়নি। তাঁর মোবাইল ফোন বন্ধ পাওয়া গেছে।
এ প্রসঙ্গে জানতে চাইলে জেলা ছাত্রদলের সভাপতি ফাহিমুর রহমান গণমাধ্যমকে বলেন, মোর্শেদুল হকের ফেসবুক স্ট্যাটাসটি তিনি দেখেছেন। এটি দলের জন্য বিব্রতকর। এর আগেও মোর্শেদ বিভিন্ন ব্যক্তির বিরুদ্ধে আপত্তিকর স্ট্যাটাস দিয়েছেন। অতি উৎসাহী হয়ে তিনি সংবাদমাধ্যমের বিরুদ্ধে এমন স্ট্যাটাস দিয়েছেন। তাঁকে দল ও পদ থেকে স্থায়ীভাবে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।










