![]()
নব্বইয়ের দশকের জনপ্রিয় অভিনেত্রী তিনি। পর্দায় তাঁর হাসি, প্রাণবন্ত অভিনয় আর মিষ্টি কণ্ঠের জাদুতে মুগ্ধ হয়েছেন দর্শক। আমির খানের বিপরীতে ‘কেয়ামত সে কেয়ামত তক’, শাহরুখ খানের সঙ্গে ‘ডর’, ‘ইয়েস বস’ কিংবা অক্ষয় কুমারের সঙ্গে ‘মিস্টার অ্যান্ড মিসেস খিলাড়ি’—নব্বইয়ের দশকে হিন্দি সিনেমার অন্যতম জনপ্রিয় মুখ ছিলেন জুহি চাওলা। সময়ের সঙ্গে অভিনয়ে ব্যস্ততা কমিয়েছেন তিনি। এখন আর নিয়মিত সিনেমায় দেখা যায় না তাঁকে। অথচ সম্পদের হিসাবে বলিউডের অনেক সমসাময়িক তারকাকেই পেছনে ফেলেছেন এই অভিনেত্রী। হুরুন ইন্ডিয়া রিচ লিস্টের হিসাব অনুযায়ী, জুহি ও তাঁর পরিবারের মোট সম্পদের পরিমাণ প্রায় ৭ হাজার ৭৯০ কোটি রুপি।
আজ ১৩ নভেম্বর জুহি চাওলার জন্মদিন। ১৯৬৭ সালের এই দিনে ভারতের হরিয়ানার আম্বালায় জন্ম নেওয়া এই অভিনেত্রী এবার ৫৯ বছরে পা দিলেন। জন্মদিনের আগে তাঁকে নিয়ে আলোচনার বড় কারণ অবশ্য অভিনয় নয়, বরং বিপুল সম্পদ। এই হিসাব তাঁকে ভারতের সবচেয়ে ধনী অভিনেত্রীদের তালিকার শীর্ষে জায়গা করে দিয়েছে। তালিকায় তাঁর ওপরে রয়েছেন কেবল শাহরুখ খান।
জুহির সম্পদের গল্প বুঝতে হলে ফিরে যেতে হবে তাঁর ব্যক্তিগত জীবনের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়ে—ব্যবসায়ী জয় মেহতার সঙ্গে পরিচয় ও বিয়ে। জয় মেহতা ভারতের পরিচিত শিল্পোদ্যোক্তাদের একজন। মুম্বাইভিত্তিক মেহতা গ্রুপের ব্যবসা বিস্তৃত চারটি মহাদেশে। সিমেন্ট ও নির্মাণসামগ্রী, প্যাকেজিং, চিনি, কৃষি, ফুল চাষ, প্রকৌশল এবং বৈদ্যুতিক তারসহ বিভিন্ন খাতে রয়েছে প্রতিষ্ঠানটির ব্যবসা।
কলাম্বিয়া বিশ্ববিদ্যালয় থেকে শিল্পপ্রকৌশলে স্নাতক এবং সুইজারল্যান্ডের আইএমডি থেকে এমবিএ করেছেন জয় মেহতা। দীর্ঘদিন ধরে পারিবারিক ব্যবসার সঙ্গে যুক্ত তিনি। মেহতা গ্রুপের বিভিন্ন প্রতিষ্ঠানে নেতৃত্বের দায়িত্ব পালনের পাশাপাশি সিমেন্টশিল্পেও তাঁর দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে।
সিনেমায় জুহির অভিষেকেরও আগে তাঁদের পরিচয় হয়েছিল। পরে এক বন্ধুর আয়োজিত নৈশভোজে আবার দেখা হয় দুজনের। এরপর জুহিকে মুগ্ধ করতে নানা চেষ্টা চালান জয়। এক সাক্ষাৎকারে জুহি জানিয়েছিলেন, প্রতিদিন তাঁকে চিঠি, ফুল ও উপহার পাঠাতেন জয়। এক জন্মদিনে পাঠিয়েছিলেন এক ট্রাক লাল গোলাপ। এত ফুল দিয়ে কী করবেন, তা নিয়ে প্রশ্নও ছিল জুহির। শেষ পর্যন্ত প্রায় এক বছর পর জয়ের বিয়ের প্রস্তাবে সম্মতি দেন অভিনেত্রী।
১৯৯৫ সালে বিয়ে করেন তাঁরা। তবে দীর্ঘদিন বিয়ের খবর গোপন রেখেছিলেন জুহি। তখন বলিউডে নিজের অবস্থান প্রতিষ্ঠিত করছিলেন তিনি, অভিনয় করছিলেন একের পর এক সফল সিনেমায়। তাঁর আশঙ্কা ছিল, বিয়ের খবর প্রকাশ্যে এলে অভিনয়জীবনে নেতিবাচক প্রভাব পড়তে পারে। এক সাক্ষাৎকারে জুহি বলেছিলেন, ক্যারিয়ারের গুরুত্বপূর্ণ সময়ে তিনি কাজ চালিয়ে যেতে চেয়েছিলেন। এ কারণেই বিয়ের বিষয়টি সবার আড়ালে রাখার সিদ্ধান্ত নেন। পরে ২০০১ সালে প্রথম সন্তান জন্মের সময় তাঁদের বিয়ের খবর প্রকাশ্যে আসে। এই দম্পতির দুই সন্তান—জাহ্নবী ও অর্জুন।
জুহির সম্পদের হিসাবের সবচেয়ে আলোচিত অংশ কলকাতা নাইট রাইডার্স। ২০০৮ সালে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) দল কেনার নিলামে অংশ নেন শাহরুখ খান ও জুহি চাওলা। তাঁদের সঙ্গে যুক্ত ছিলেন জয় মেহতাও। শাহরুখের প্রতিষ্ঠান রেড চিলিজ এন্টারটেইনমেন্ট এবং মেহতা পরিবারের ব্যবসায়িক স্বার্থের সমন্বয়ে গড়ে ওঠে এই অংশীদারত্ব।
শুরুতে এটি ছিল ক্রিকেটের একটি নতুন ফ্র্যাঞ্চাইজি। সময়ের সঙ্গে কলকাতা নাইট রাইডার্স পরিণত হয়েছে আন্তর্জাতিক ক্রীড়াবাণিজ্যের পরিচিত ব্র্যান্ডে। আইপিএলে তিনবার শিরোপা জিতেছে দলটি। ২০২৪ সালের আসরে শিরোপা জয়ের পর দলটির বাণিজ্যিক পরিচিতিও আরও শক্তিশালী হয়।
তবে তাঁদের ব্যবসা শুধু কলকাতার দলেই সীমাবদ্ধ নয়। নাইট রাইডার্স গ্রুপের অধীনে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের ত্রিনবাগো নাইট রাইডার্স, যুক্তরাষ্ট্রের মেজর লিগ ক্রিকেটের লস অ্যাঞ্জেলেস নাইট রাইডার্সসহ বিভিন্ন ক্রিকেট ফ্র্যাঞ্চাইজির সঙ্গে তাঁদের সংশ্লিষ্টতা রয়েছে। ক্রিকেটকে কেন্দ্র করে বিনোদন, বিপণন ও আন্তর্জাতিক ব্যবসার যে সমন্বয় গড়ে উঠেছে, সেটিই জুহির সম্পদের অন্যতম বড় ভিত্তি।
২০২৫ সালের হুরুন তালিকা নিয়ে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, এক বছরে জুহি ও তাঁর পরিবারের সম্পদ বেড়েছে ৬৯ শতাংশ। ২০২৪ সালে তাঁদের সম্পদের পরিমাণ ছিল আনুমানিক ৪ হাজার ৬০০ কোটি রুপি। ২০২৫ সালে তা বেড়ে দাঁড়ায় ৭ হাজার ৭৯০ কোটি রুপিতে। এই প্রবৃদ্ধির পেছনে নাইট রাইডার্সের ব্যবসায়িক মূল্যায়ন গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।
শাহরুখ খানের সঙ্গে জুহির ব্যবসায়িক সম্পর্ক শুধু ক্রিকেটেই সীমাবদ্ধ নয়। দুজন মিলে গড়ে তুলেছিলেন প্রযোজনা প্রতিষ্ঠান ড্রিমজ আনলিমিটেড। পরে শাহরুখ ও গৌরী খানের রেড চিলিজ এন্টারটেইনমেন্টের সঙ্গেও যুক্ত হন জুহি। সিনেমা প্রযোজনার পাশাপাশি ভিজ্যুয়াল ইফেক্টসের ব্যবসাতেও প্রতিষ্ঠানটি বড় অবস্থান তৈরি করেছে।
জুহি ও শাহরুখের বন্ধুত্বের শুরু সিনেমার সেটে। ‘রাজু বন গয়া জেন্টলম্যান’, ‘ডর’, ‘ইয়েস বস’ ও ‘ফির ভি দিল হ্যায় হিন্দুস্তানি’—একসঙ্গে বেশ কয়েকটি জনপ্রিয় ছবিতে অভিনয় করেছেন তাঁরা। পর্দার সেই রসায়ন পরে ব্যবসায়িক অংশীদারত্বেও রূপ নেয়। তারকা হিসেবে অর্জিত পরিচিতিকে কাজে লাগিয়ে বিনোদনশিল্পের বাইরেও কীভাবে ব্যবসার ক্ষেত্র তৈরি করা যায়, তাঁদের অংশীদারত্ব তার একটি উল্লেখযোগ্য উদাহরণ।
সবকিছুর শুরু সন্তানদের অপমানের একটি ঘটনা থেকে। ‘তোমার মা-বাবার দল র্যাঙ্কিংয়ে শেষে’—সন্তানদের স্কুলের অনেকেই এমন কথা বলত। এর কারণ ছিল কলকাতা নাইট রাইডার্সের পরাজয়। অভিনেত্রী জুহি চাওলা ও তাঁর স্বামী জয় মেহতা শাহরুখ খানের সঙ্গে আইপিএলের দল কলকাতা নাইট রাইডার্সের কর্ণধার। কিন্তু আইপিএলের শুরুর বছরগুলোয় দলটি ছিল পরাজয়ের বৃত্তে। বেশির ভাগ মৌসুমেই পয়েন্ট তালিকার তলানিতে থাকতে হতো তাদের।
জুহি চাওলা বহুবার বলেছেন, সেই সময় বাড়িতে পরিস্থিতি বেশ কঠিন ছিল। তাঁর সন্তানেরা পড়ত ধীরুভাই আম্বানি ইন্টারন্যাশনাল স্কুলে, যেখানে মুম্বাই ইন্ডিয়ানসের সমর্থকদের প্রাধান্য ছিল। প্রতিবার কেকেআর হেরে গেলে সন্তানেরা ক্লাসে ফিরত এমন এক পরিবেশে, যেখানে আম্বানিদের মালিকানাধীন দল মুম্বাই ইন্ডিয়ানস জিতত। এ নিয়ে চলত হাসাহাসি।
‘দ্য কপিল শর্মা শো’তে জুহি বলেছেন, কেকেআর যখন হারতে বসত, তখন তিনি নীরবে প্রার্থনা শুরু করতেন। তবে একের পর এক ব্যর্থতা এবং স্কুলে সন্তানদের অপমানই তাঁকে ঘুরে দাঁড়ানোর প্রেরণা জুগিয়েছিল।
আইপিএলের প্রথম নিলামের সময় জয় মেহতা ও শাহরুখ খান প্রায় ৭৫ মিলিয়ন ডলার খরচ করে কলকাতা ফ্র্যাঞ্চাইজি কেনেন। তখন লিগটি ছিল কেবল পরিকল্পনার পর্যায়ে। ছোট ফরম্যাটের ক্রিকেট, চিয়ারলিডার এবং প্রাইম টাইমে এই আয়োজন কতটা সফল হবে, তা নিয়ে কারও নিশ্চিত ধারণা ছিল না। অভিজ্ঞ ব্যবসায়ী বন্ধুরা বলেছিলেন, জয় পাগলামি করছেন। কিন্তু জুহি ঝুঁকিটি নিয়েছিলেন। তখন তিনি আর আগের মতো অভিনয়ে ব্যস্ত ছিলেন না। এমন কিছু করতে চেয়েছিলেন, যেখানে ঝুঁকি আছে, তবে সফল হলে সবকিছু বদলে যাওয়ার সম্ভাবনাও রয়েছে।
ড্রিমজ আনলিমিটেডের ব্যর্থতার পর এত বড় ঝুঁকি না নিতে অনেকেই জুহিকে পরামর্শ দিয়েছিলেন। কিন্তু অভিনেত্রী সেসব উপেক্ষা করেন। এখন সেই কেকেআরের মূল্য প্রায় ৯ হাজার কোটি রুপির বেশি। প্রতি মৌসুমে এর ব্যবসায়িক মূল্য আরও বাড়ছে। ২০২৪ সালের আইপিএলে শিরোপা জয়ের পর কেকেআরের ব্র্যান্ড ভ্যালুও দ্রুত বেড়েছে।
১৯৮৪ সালে মিস ইন্ডিয়া প্রতিযোগিতায় বিজয়ী হওয়ার মধ্য দিয়ে বিনোদনজগতে যাত্রা শুরু জুহির। একই বছর মিস ইউনিভার্স প্রতিযোগিতায় অংশ নিয়ে সেরা জাতীয় পোশাকের পুরস্কারও পেয়েছিলেন তিনি। ১৯৮৬ সালে ‘সুলতানাত’ সিনেমায় ছোট একটি চরিত্রে অভিনয়ের মধ্য দিয়ে বলিউডে অভিষেক হয় তাঁর। তবে প্রকৃত পরিচিতি আসে ১৯৮৮ সালে, আমির খানের বিপরীতে ‘কেয়ামত সে কেয়ামত তক’ সিনেমায় অভিনয়ের পর। ছবিটি তাঁকে রাতারাতি তারকাখ্যাতি এনে দেয়।
এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি। নব্বইয়ের দশকে একের পর এক সফল সিনেমায় অভিনয় করেছেন তিনি। ‘লুটেরে’, ‘ডর’, ‘হাম হ্যায় রাহি পেয়ার কে’, ‘আন্দাজ আপনা আপনা’, ‘দিওয়ানা মাস্তানা’, ‘ইয়েস বস’ ও ‘ইশক’ তাঁর অভিনয়জীবনের উল্লেখযোগ্য সিনেমা। বিশেষ করে কমেডিতে স্বতঃস্ফূর্ত অভিনয় ও সংলাপ বলার ধরন তাঁকে দর্শকদের কাছে আলাদা জনপ্রিয়তা এনে দেয়। ‘হাম হ্যায় রাহি পেয়ার কে’ সিনেমার জন্য ফিল্মফেয়ার সেরা অভিনেত্রীর পুরস্কারও পেয়েছিলেন তিনি।
একসময় বলিউডের সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া অভিনেত্রীদের একজন ছিলেন জুহি। বিয়ের পরও অভিনয় ছাড়েননি; বরং ধীরে ধীরে বেছে বেছে কাজ করতে শুরু করেন।
পরিবেশ সংরক্ষণেও দীর্ঘদিন ধরে কাজ করছেন জুহি। বিশেষ করে শব্দদূষণ ও প্লাস্টিকের ব্যবহার কমানোর বিষয়ে সরব তিনি। মুম্বাইয়ে শব্দদূষণ নিয়ন্ত্রণে বিভিন্ন সময় প্রচার চালিয়েছেন। পরিবেশবান্ধব জীবনযাপন ও বৃক্ষরোপণের পক্ষেও কথা বলেছেন। পরিবেশ নিয়ে তাঁর সক্রিয়তার আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো শিশুদের জন্য দূষণমুক্ত পরিবেশ নিশ্চিত করার দাবি।
অভিনয় থেকে পুরোপুরি সরে যাননি জুহি। গত কয়েক বছরে বড় পর্দার পাশাপাশি ওটিটিতেও নতুন নতুন চরিত্রে হাজির হয়েছেন তিনি।
২০২২ সালে অ্যামাজন প্রাইম ভিডিওর সিরিজ ‘হাশ হাশ’-এর মাধ্যমে ওটিটিতে গুরুত্বপূর্ণ এক নতুন অধ্যায় শুরু করেন জুহি। এটি ছিল তাঁর প্রথম ওয়েব সিরিজ। তনুজা চন্দ্রা পরিচালিত এই সিরিজে তাঁর সঙ্গে অভিনয় করেছেন আয়েশা জুলকা, সোহা আলী খান, কৃতিকা কামরা, শাহানা গোস্বামী ও কারিশমা তান্না।
একই বছর মুক্তি পায় ‘শর্মাজি নমকিন’। ঋষি কাপুরের মৃত্যুর আগে ছবিটির কাজ শুরু হয়েছিল। তাঁর মৃত্যুর পর বাকি অংশে ওই চরিত্রে অভিনয় করেন পরেশ রাওয়াল। পরিচালক হিতেশ ভাটিয়ার এই ছবিতে জুহি চাওলাকে দেখা যায় মিসেস মানচান্দার চরিত্রে।
২০২৩ সালে নেটফ্লিক্সে মুক্তি পাওয়া ‘দ্য রেলওয়ে মেন: দ্য আনটোল্ড স্টোরি অব ভোপাল ১৯৮৪’ সিরিজেও অভিনয় করেছেন জুহি। শিব রাওয়াইল পরিচালিত চার পর্বের এই সিরিজের গল্প ১৯৮৪ সালের ভোপাল গ্যাস দুর্ঘটনাকে কেন্দ্র করে। ভয়াবহ বিপর্যয়ের রাতে সাধারণ মানুষের জীবন বাঁচাতে রেলকর্মীদের সাহসী ভূমিকার কাহিনি তুলে ধরা হয়েছে এতে।
একই বছর নেটফ্লিক্সে মুক্তি পায় ‘ফ্রাইডে নাইট প্ল্যান’। ভাতসল নীলকান্তন পরিচালিত এই কমেডি-ড্রামায় জুহি অভিনয় করেছেন দুই কিশোরের মায়ের চরিত্রে। তাঁর দুই ছেলের ভূমিকায় ছিলেন বাবিল খান ও অমৃত জয়ন।
দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস, আইএমডিবি ও ইন্ডিয়া টুডে অবলম্বনে।










