![]()
জনপ্রিয় ‘রোকযানা’ গানের শিল্পী শেখ সাহেদ আলী আর নেই। আজ শুক্রবার সকাল সাড়ে ১০টায় রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয় (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৩ বছর। শিল্পীর বন্ধু ও গণমাধ্যমকর্মী এরশাদুল হক গণমাধ্যমকে তাঁর মৃত্যুর খবর নিশ্চিত করেছেন।
দীর্ঘদিন ধরে কিডনির জটিলতায় ভুগছিলেন সাহেদ। নিয়মিত ডায়ালিসিস নিতে হতো তাঁকে। সম্প্রতি স্ট্রোক, ডেঙ্গু ও সংক্রমণসহ একাধিক শারীরিক জটিলতায় তাঁর অবস্থার অবনতি ঘটে। গুরুতর রক্তক্ষরণ শুরু হলে গতকাল বৃহস্পতিবার তাঁকে লাইফ সাপোর্টে নেওয়া হয়।
এরশাদুল হক জানান, গত ২৪ অক্টোবর শরীরে সোডিয়ামের ঘাটতি দেখা দিলে সাহেদকে হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃদু স্ট্রোক হয়। এরপর থেকে তিনি স্বাভাবিকভাবে কথা বলতে পারছিলেন না। এরই মধ্যে তাঁর ডেঙ্গুও শনাক্ত হয়। শারীরিক অবস্থার আরও অবনতি হলে একপর্যায়ে তাঁকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) স্থানান্তর করা হয়।
সাহেদের শারীরিক অবস্থা সম্পর্কে প্যালিয়েটিভ মেডিসিন বিশেষজ্ঞ রুবাইয়াত রহমান তাঁর এক লেখায় জানান, কিডনির অসুস্থতার পাশাপাশি ক্যাথেটারজনিত ছত্রাক সংক্রমণ, স্ট্রোক, ডেঙ্গু এবং হেপাটাইটিস সি ভাইরাসজনিত লিভারের প্রদাহে ভুগছিলেন এই শিল্পী। সর্বশেষ অস্বাভাবিক রক্তক্ষরণ তাঁর শারীরিক পরিস্থিতিকে আরও জটিল করে তোলে।
অসুস্থতার কারণে থেমে যায় সাহেদের দীর্ঘদিনের সংগীত আয়োজনও। ১১ বছর ধরে তৈরি করা ২৪টি নতুন গান প্রকাশের প্রস্তুতি নিয়েছিলেন তিনি। জি-সিরিজের ব্যানারে গানগুলো প্রকাশের পাশাপাশি সংগ্রহে রাখার জন্য চারটি করে সিডি, ক্যাসেট ও ভিনাইল রেকর্ড প্রকাশের পরিকল্পনাও ছিল। এ উপলক্ষে ৬ নভেম্বর কৃষিবিদ ইনস্টিটিউশনে একটি অনুষ্ঠানের আয়োজন করার কথা ছিল। তবে তাঁর অসুস্থতার কারণে অনুষ্ঠানটি বাতিল করা হয়।
এরশাদুল হক জানিয়েছিলেন, অনুষ্ঠান শেষে ১৫ নভেম্বরের পর কিডনি প্রতিস্থাপনের জন্য দিল্লি যাওয়ার প্রস্তুতি ছিল সাহেদের। এ জন্য কিডনিদাতাও চূড়ান্ত করা হয়েছিল। কিন্তু শারীরিক অবস্থার অবনতি হওয়ায় সেই পরিকল্পনা স্থগিত হয়ে যায়। নতুন গান প্রকাশ এবং সুস্থ হয়ে আবার সংগীতে ফেরার স্বপ্ন অপূর্ণ রেখেই চলে গেলেন তিনি।
শেখ সাহেদ ‘গাছ’ ব্যান্ডের প্রতিষ্ঠাতা। নব্বইয়ের দশক থেকে সংগীতচর্চা করছিলেন তিনি। সংগীতাঙ্গনে ‘রোকযানা’ সাহেদ নামেও পরিচিতি পান। তাঁর জনপ্রিয় গানগুলোর মধ্যে রয়েছে ‘রোকযানা’, ‘উপলব্ধি’, ‘ক্লাসরুমে বসে শেখা’, ‘উটপাখির ডিম’, ‘খোলা চুল’ ও ‘প্রেম আসবেই’। ১৯৯১ সালে প্রকাশিত হয় তাঁর প্রথম অ্যালবাম ‘প্রভু’। এরপর আরও পাঁচটি অ্যালবাম প্রকাশ করেন তিনি।










