![]()
শিশুশিল্পী সিমরিন লুবাবা বর্তমানে বিনোদন অঙ্গনে কাজ না করলেও মাঝেমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনায় আসেন। সম্প্রতি বাগদান ও বিয়ে নিয়ে আলোচনায় ছিলেন তিনি। এবার ভক্তদের নতুন সুখবর দিয়েছেন লুবাবা। নিজের ফেসবুক পেজ ফিরে পাওয়ার কথা জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি স্ট্যাটাস দিয়েছেন তিনি।
কয়েক দিন আগে দেওয়া ওই স্ট্যাটাসে লুবাবা লেখেন, ‘আসসালামু আলাইকুম, রাজ আলআমিনের মাধ্যমে আমি আমার পেইজ ফিরে পাই। কারো পেইজের সমস্যা হলে তার সঙ্গে যোগাযোগ করতে পারেন। ফলো দিয়ে রাখুন।’
![]()
লুবাবার এই পোস্টকে কেন্দ্র করে অনুসারীদের মধ্যে নতুন করে আলোচনা শুরু হয়েছে। বিশেষ করে তাঁর ফেসবুক পেজ ফিরে পাওয়ার খবরে আনন্দ প্রকাশ করেছেন ভক্তরা।
এর আগে লুবাবা বাল্যবিবাহ করেছেন—এমন খবর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এ নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়। কেউ তাঁকে শুভকামনা জানান, আবার কেউ তাঁর বয়স বিবেচনায় বিয়ের সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তোলেন।
তবে পরবর্তী সময়ে গণমাধ্যমকে লুবাবা জানান, তিনি এখনো বিয়ে করেননি। তবে যাঁর সঙ্গে বিয়ের কথা চলছে, তাঁর সঙ্গে বাগদান সম্পন্ন হয়েছে।
বাগদত্তার সঙ্গে একটি ছবি ফেসবুকে প্রকাশ করে লুবাবা লেখেন, ‘আলহামদুলিল্লাহ। আমাদের দুই পরিবারের সিদ্ধান্ত অনুযায়ী ঘরোয়া পরিবেশে আমাদের বাগ্ দান সম্পন্ন হয়েছে।’
পরে বিয়ে নিয়ে তৈরি হওয়া বিভ্রান্তি দূর করতে আরেকটি পোস্টে তিনি জানান, বাংলাদেশ সরকারের আইন অনুযায়ী নির্ধারিত সময়েই তাঁদের বিয়ে সম্পন্ন হবে। এ জন্য সবার কাছে দোয়া চেয়েছেন তিনি।
উল্লেখ্য, শৈশব থেকেই বিনোদন অঙ্গনের পরিচিত মুখ সিমরিন লুবাবা। প্রয়াত অভিনেতা আবদুল কাদেরের নাতনি হিসেবে অল্প বয়সেই অভিনয়জগতে পা রাখেন তিনি। শিশুশিল্পী হিসেবে পরিচিতি পাওয়ার পাশাপাশি অভিনয়ের সঙ্গে মডেলিংয়েও কাজ করেছেন লুবাবা। তবে গত বছরের শেষ দিকে হঠাৎ করেই বিনোদন অঙ্গন থেকে নিজেকে সরিয়ে নেওয়ার ঘোষণা দেন তিনি।










