![]()
কানাডার সাসকাচোয়ান বিশ্ববিদ্যালয়ের এনভায়রনমেন্ট অ্যান্ড সাসটেইনেবিলিটি স্কুলের পিএইচডি গবেষক ও আবহাওয়াবিদ মোস্তফা কামাল পলাশ জানিয়েছেন, ঢাকা শহরসহ দেশের ১৫ জেলায় তীব্র বজ্রপাতসহ মাঝারি থেকে ভারি বৃষ্টিপাতের প্রবল আশঙ্কা রয়েছে।
বুধবার (১১ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে আবহাওয়ার সর্বশেষ পরিস্থিতি নিয়ে দেওয়া এক পোস্টে তিনি এ তথ্য জানান।
মোস্তফা কামাল পলাশ লেখেন, সকাল ৬টার পর থেকে ৯টার মধ্যে ঢাকা শহর ও আশপাশের জেলাগুলোর ওপর দিয়ে বজ্রপাতসহ মাঝারি থেকে ভারি বৃষ্টিপাত অতিক্রম করার প্রবল আশঙ্কা রয়েছে।
তিনি আরও লেখেন, বিশেষ করে সকাল ৬টার পর থেকে বেলা ১১টার মধ্যে ঢাকা, মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ, ফরিদপুর, শরীয়তপুর, মাদারীপুর, গাজীপুর, নরসিংদী, নারায়ণগঞ্জ, চাঁদপুর, লক্ষ্মীপুর, কুমিল্লা, ঝিনাইদহ, মাগুরা ও গোপালগঞ্জ জেলায় বজ্রপাতসহ মাঝারি থেকে ভারি বৃষ্টিপাতের প্রবল আশঙ্কা করা হচ্ছে।
এদিকে, বুধবার ভোরে রাজধানীতে তীব্র বজ্রপাতের সঙ্গে ভারি বৃষ্টি হয়েছে। ভোর পৌনে ৬টার দিকে শুরু হওয়া বৃষ্টি সকাল সোয়া ৬টা পর্যন্ত অব্যাহত ছিল।
রাজধানীর নিউমার্কেট, গ্রিন রোড, ফার্মগেট, তেজগাঁও, কলাবাগান, শাহবাগ ও বাংলামোটরসহ আশপাশের বিভিন্ন এলাকায় এ বজ্রবৃষ্টি হয়।
এর আগে ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টির পূর্বাভাস দিয়েছিল আবহাওয়া অধিদপ্তর।
বুধবার ভোর ৫টা ৩০ মিনিট থেকে দুপুর ১টা পর্যন্ত দেওয়া আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকা, ফরিদপুর ও কুমিল্লা অঞ্চলের ওপর দিয়ে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে।
এ সময় এসব এলাকায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির আশঙ্কা রয়েছে। সংশ্লিষ্ট এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।










