![]()
ঢাকা-সিলেট মহাসড়ক উন্নয়ন প্রকল্পের ভূমি অধিগ্রহণে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির প্রাথমিক প্রমাণ পেয়েছে ভূমি মন্ত্রণালয়ের গঠিত তদন্ত কমিটি। জেলা প্রশাসনের শীর্ষ পর্যায় থেকে মাঠপর্যায়ের কর্মকর্তা-কর্মচারী পর্যন্ত অনেকের বিরুদ্ধে চাঞ্চল্যকর অনিয়মের বিস্তারিত তথ্যপ্রমাণ পেয়েছে কমিটি।
এ দুর্নীতি নিয়ে ২০২৫ সালের ১৯ ও ২১ অক্টোবর, ১৮ ডিসেম্বর এবং চলতি বছরের ২৬ এপ্রিল গণমাধ্যমে চারটি অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশিত হয়। এর পরিপ্রেক্ষিতে প্রধানমন্ত্রীর নির্দেশে ৩০ এপ্রিল ভূমি মন্ত্রণালয় তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করে।
সংশ্লিষ্ট কর্মকর্তাদের বক্তব্য গ্রহণ, তিন দফা সরেজমিন পরিদর্শন এবং জেলা প্রশাসনের প্রায় ৮ হাজার ৮০০ পৃষ্ঠার নথি ও দলিল পর্যালোচনা করে প্রতিবেদন তৈরি করে কমিটি। তদন্তের প্রতিটি পর্যায়ে গণমাধ্যমে প্রকাশিত তথ্যপ্রমাণও যাচাই করা হয়। তদন্ত কর্মকর্তারা এসব তথ্যের সত্যতাও পান। গত ১৬ আগস্ট ভূমি মন্ত্রণালয় থেকে ৭০ পৃষ্ঠার তদন্ত প্রতিবেদন জনপ্রশাসন মন্ত্রণালয়ে পাঠানো হয়।
চার সাবেক ডিসির দায়:
তদন্ত কমিটির পর্যবেক্ষণে চার সাবেক জেলা প্রশাসকের দায়িত্বকালে ভূমি অধিগ্রহণে অনিয়ম ও ত্রুটির প্রাথমিক সত্যতা পাওয়ার কথা উল্লেখ করা হয়েছে। তাঁরা হলেন—সৈয়দা ফারহানা কাউনাইন (১১ মার্চ ২০১৮ থেকে ২১ জুন ২০২১), আবু নইম মোহাম্মদ নাঈম মারুফ খান (২২ জুন ২০২১ থেকে ১০ সেপ্টেম্বর ২০২৩), ড. বদিউল আলম (১০ সেপ্টেম্বর ২০২৩ থেকে ১২ সেপ্টেম্বর ২০২৪) এবং মোহাম্মদ রাশেদ হোসেন চৌধুরী (১২ সেপ্টেম্বর ২০২৪ থেকে ২৫ সেপ্টেম্বর ২০২৫)। সাবেক এই চার জেলা প্রশাসক বর্তমানে বিভিন্ন মন্ত্রণালয়ের অধীন গুরুত্বপূর্ণ পদে কর্মরত রয়েছেন।
কমিটির মতে, ভূমি অধিগ্রহণে জেলা প্রশাসকের দায়িত্ব কেবল প্রশাসনিক অনুমোদন দেওয়ার মধ্যেই সীমাবদ্ধ নয়। অধিগ্রহণের নোটিশ জারি, যৌথ তদন্ত, ফিল্ডবুক প্রস্তুত, জমির শ্রেণি নির্ধারণ, রোয়েদাদ অনুমোদন এবং ক্ষতিপূরণ প্রদানসহ পুরো প্রক্রিয়ায় তদারকির দায়িত্ব জেলা প্রশাসনের।
কিন্তু সংশ্লিষ্ট চার জেলা প্রশাসকের দায়িত্ব পালনকালে এসব প্রক্রিয়ায় ব্যাপক অনিয়ম ও বিধিবহির্ভূত কার্যক্রমের প্রাথমিক প্রমাণ পেয়েছে তদন্ত কমিটি। এ কারণে তাঁদের বিরুদ্ধে অধিকতর তদন্তের মাধ্যমে ব্যক্তিগত দায় নির্ধারণের সুপারিশ করা হয়েছে।
ছয় সাবেক এডিসির অনিয়ম:
২০১৮ থেকে ২০২৫ সাল পর্যন্ত নরসিংদীর অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) হিসেবে দায়িত্ব পালনকারী ছয় কর্মকর্তার সময়ে বিভিন্ন অনিয়মের প্রাথমিক সত্যতা পেয়েছে তদন্ত কমিটি।
তাঁরা হলেন—মোহাম্মদ মাসুম, এএসএম ইবনুল হাসান ইভান, মো. মোস্তফা মনোয়ার, মো. মুশফিকুর রহমান, অঞ্জন দাশ ও মোহাম্মদ নাজমুল হাসান।
তদন্ত কমিটির পর্যবেক্ষণ অনুযায়ী, ভূমি অধিগ্রহণের বিভিন্ন পর্যায়ে অনিয়ম, ত্রুটিপূর্ণ নথি তৈরি, ক্ষতিপূরণ নির্ধারণ এবং প্রশাসনিক তদারকিতে ঘাটতি ছিল। এসব কর্মকর্তার দায়িত্বকালে সংঘটিত অনিয়মের দায় নির্ধারণ করে আইনানুগ ব্যবস্থা নেওয়ার সুপারিশ করেছে কমিটি।
এ ছাড়া সাবেক এডিসি শাহিনা পারভীন ও ফারুক আহমেদের দায়িত্বকালের নথিপত্রে অনিয়মের বিষয়ে নিশ্চিত সিদ্ধান্তে পৌঁছাতে পারেনি কমিটি। তাঁদের বিষয়ে অধিকতর অনুসন্ধানের সুপারিশ করা হয়েছে।
তবে অঞ্জন দাশের বিরুদ্ধে পৃথক একটি অভিযোগের প্রমাণ পেয়েছে তদন্ত কমিটি। প্রতিবেদকের কাছ থেকে সংবাদ ধামাচাপা দেওয়ার উদ্দেশ্যে উৎকোচ দেওয়ার চেষ্টার বিষয়টি অডিও রেকর্ড ও সংশ্লিষ্ট তথ্য পর্যালোচনায় প্রমাণিত হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এ ঘটনায় তাঁর বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ এবং দুর্নীতি দমন কমিশনে অভিযোগ পাঠানোর সুপারিশ করেছে কমিটি।
আট ভূমি অধিগ্রহণ কর্মকর্তার অনিয়ম:
২০১৮ থেকে ২০২৫ সাল পর্যন্ত দায়িত্ব পালনকারী ১৭ জন ভূমি অধিগ্রহণ কর্মকর্তার মধ্যে আটজনের দায়িত্বকালে বিভিন্ন এলএ কেসে অনিয়ম ও ত্রুটির প্রাথমিক সত্যতা পেয়েছে তদন্ত কমিটি।
তাঁরা হলেন—মো. পারভেজ মৃধা, শ্যামল চন্দ্র সাহা, মাশফিকা হোসেন, রেহানা মজুমদার মুক্তি, চৌধুরী মোস্তাফিজুর রহমান, মাহমুদা জাহান, এএইচএম আজিমুল হক ও আসমাউল হুসনা পিংকি।
তদন্ত প্রতিবেদনে বলা হয়েছে, এই আট কর্মকর্তার দায়িত্বকালে ভূমি অধিগ্রহণের বিভিন্ন কার্যক্রমে ব্যাপক ত্রুটি-বিচ্যুতি ও অনিয়ম পরিলক্ষিত হয়েছে। সংশ্লিষ্ট কর্মকর্তাদের দায়িত্বকালের তথ্য, নির্দিষ্ট এলএ কেস এবং ভূমিকা যাচাই করে দায় নির্ধারণের সুপারিশ করেছে তদন্ত কমিটি।










