![]()
বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য ড. এ এইচ এম হামিদুর রহমান আজাদ বলেছেন, জামায়াতকে ঘিরে মানুষের প্রত্যাশা বেড়েছে। মানুষ মনে করে, বর্তমানে দেশে চাঁদাবাজ, দখলদার ও দুর্নীতিবাজদের নতুন সংস্করণ আমদানি হয়েছে। তাদের দিয়ে দেশ ও জাতির কোনো পরিবর্তন সম্ভব নয়। তিনি জোর দিয়ে বলেন, আগামীর বাংলাদেশ হবে জামায়াতে ইসলামীর বাংলাদেশ। জনগণের প্রত্যাশা পূরণ এবং জুলাই শহীদদের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত নতুন বাংলাদেশ বিনির্মাণে মৌলভীবাজারের প্রতি ইঞ্চি মাটিকে ইসলামের দুর্জয় ঘাঁটিতে পরিণত করতে হবে। এ ক্ষেত্রে রুকনদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে।
মৌলভীবাজার জেলা জামায়াতের আয়োজনে দিনব্যাপী সদস্য শিক্ষা শিবিরে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
![]()
ইসলামের মৌলিক বিষয় সম্পর্কে জ্ঞান অর্জনের ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, রুকনদের ব্যাপক জ্ঞান অর্জন করতে হবে। ইসলাম ও কুফরের মধ্যে পার্থক্য বুঝতে প্রচুর জ্ঞান অর্জন জরুরি। জ্ঞান অর্জনের পাশাপাশি উন্নত আমলও নিশ্চিত করতে হবে। কথা ও কাজের মধ্যে গরমিল থাকলে তা পরিহার করে ভারসাম্য বজায় রাখতে হবে। আল্লাহর দ্বীন ও ইবাদতের প্রতি গভীর অনুরাগ থাকতে হবে। নিজের পরিবর্তনের জন্য আত্মশুদ্ধি অর্জন করতে হবে।
তিনি বলেন, অসৎ নেতৃত্বের পরিবর্তে সৎ নেতৃত্বের বিকাশ ঘটানোই জামায়াতের কাজ। এ পরিবর্তন নিজের মধ্য থেকেই শুরু করতে হবে। উন্নত আচরণের মাধ্যমে মানুষের হৃদয় জয় করতে পারলে ইনশাআল্লাহ ময়দানও জয় করা সম্ভব হবে।
![]()
রুকনদের উদ্দেশে তিনি আরও বলেন, সবকিছু হারানোর পরও আল্লাহর দ্বীনকে প্রাধান্য দিতে হবে। রুকন পদ কোনো সামাজিক মর্যাদার বিষয় নয়। আল্লাহর সন্তুষ্টির জন্য যে শপথ নেওয়া হয়েছে, সে অনুযায়ী মাঠে কাজ করতে হবে। ত্যাগের মানসিকতা নিয়ে কাজ করতে হবে এবং রুকনিয়াতের দায়িত্ববোধ নিয়ে এগিয়ে যেতে হবে। রুকনদের মাঠপর্যায়ে কাজের গতি আরও বাড়াতে হবে। শপথের আলোকে আন্দোলনের কার্যক্রম এগিয়ে নিতে হবে।
১৩ নভেম্বর, শুক্রবার সকাল ১০টায় মৌলভীবাজার জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে দিনব্যাপী এ সদস্য শিক্ষা শিবির অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা জামায়াতের আমীর ইঞ্জিনিয়ার শাহেদ আলী। অনুষ্ঠান পরিচালনা করেন জেলা সেক্রেটারি মো. ইয়ামীর আলী।
![]()
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগর আমীর মো. ফখরুল ইসলাম, কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও সিলেট জেলা আমীর মাওলানা হাবিবুর রহমান, সিলেট অঞ্চল টিমের সদস্য হাফেজ আব্দুল হাই হারুন, মৌলভীবাজার জেলা নায়েবে আমীর মাওলানা আব্দুর রহমান, জেলা সহকারী সেক্রেটারি মো. আলাউদ্দিন শাহ, মাওলানা হারুনুর রশিদ তালুকদার ও আজিজ আহমদ কিবরিয়া।
বিশেষ অতিথির বক্তব্যে মো. ফখরুল ইসলাম বলেন, ত্যাগ ও কোরবানির নজরানা পেশ করতে হবে। আখেরাতের জীবনে সাফল্য অর্জনের জন্য কাজ করতে হবে। জীবনের সব ক্ষেত্রে বিপ্লব ঘটাতে হবে। কোনো কিছু অর্জন করতে হলে ত্যাগের বিকল্প নেই।
সিলেট জেলা আমীর মাওলানা হাবিবুর রহমান বলেন, জামায়াতকে শক্তিশালী করতে হলে মানুষের জন্য কাজ করতে হবে। প্রতিটি রুকনকে জাতির সেবক হতে হবে। সামর্থ্য অনুযায়ী মানুষের পাশে দাঁড়াতে হবে। আমানতদারির সঙ্গে মানুষের জন্য কাজ করতে হবে। এভাবে কাজ করলে সমাজে কাঙ্ক্ষিত বৈপ্লবিক পরিবর্তন আসবে।
শিক্ষা শিবিরে ২০২৭-২০২৮ সেশনের নবনির্বাচিত জেলা আমীরের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়। নবনির্বাচিত আমীর হিসেবে শপথ নেন ইঞ্জিনিয়ার মো. শাহেদ আলী। শপথ পরিচালনা করেন অনুষ্ঠানের প্রধান অতিথি ও সহকারী সেক্রেটারি জেনারেল ড. এ এইচ এম হামিদুর রহমান আজাদ।
দিনব্যাপী এ রুকন শিক্ষা শিবিরে নতুন সেশনের জেলা মজলিসে শুরার সদস্য নির্বাচনও অনুষ্ঠিত হয়। এতে জেলার পুরুষ ও মহিলা মিলিয়ে ৬০০ জন রুকন ভোট দেন।
অনুষ্ঠানের প্রথম অধিবেশনে মহাগ্রন্থ আল-কোরআন থেকে দরস পেশ করেন মাওলানা শেখ আব্দুল হক।










