থানা ও এমপির বাড়িতে হামলা-আগুনের পর গোপালগঞ্জে কড়া নিরাপত্তা

থানা ও এমপির বাড়িতে হামলা-আগুনের পর গোপালগঞ্জে কড়া নিরাপত্তা
থানা ও এমপির বাড়িতে হামলা-আগুনের পর গোপালগঞ্জে কড়া নিরাপত্তা
গোপালগঞ্জ প্রতিনিধি:

থানা ও এমপির বাড়িতে হামলা-আগুনের পর গোপালগঞ্জে কড়া নিরাপত্তা

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় অস্থিতিশীল পরিস্থিতির মধ্যে এবার সরাসরি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর স্থাপনায় হামলার ঘটনা ঘটেছে। নাশকতার মামলায় গ্রেফতার ব্যক্তিদের ছিনিয়ে নিতে টুঙ্গিপাড়া থানা ঘেরাও করে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা। এ সময় থানা থেকে অস্ত্র লুটেরও খবর পাওয়া গেছে। পুলিশের কয়েক রাউন্ড গুলির মুখেও হামলাকারীরা পিছু হটেননি। একপর্যায়ে থানার ভেতরে ঢুকে পুলিশের একাধিক গাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়।

গ্রেফতারকে কেন্দ্র করে গতকাল সন্ধ্যা ৭টার দিকে এ হামলার সূত্রপাত হয়। রাতের শেষ খবর পাওয়া পর্যন্ত থানা এলাকা ও আশপাশে আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীদের তাণ্ডব চলছিল বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

স্থানীয় ও পুলিশ সূত্র জানায়, গত ১০ ও ১৫ নভেম্বর গোপালগঞ্জ ও টুঙ্গিপাড়ায় আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের চালানো সহিংসতা ও নাশকতার ঘটনায় দায়ের করা মামলায় গতকাল বেশ কয়েকজনকে গ্রেফতার করে টুঙ্গিপাড়া থানা পুলিশ। গ্রেফতারের খবর ছড়িয়ে পড়ার পর উত্তেজিত হয়ে ওঠেন নিষিদ্ধ ঘোষিত সংগঠনটির নেতাকর্মীরা।

সন্ধ্যা ৭টার দিকে গ্রেফতার ব্যক্তিদের থানা থেকে ছিনিয়ে নেওয়ার উদ্দেশ্যে সংঘবদ্ধ হয়ে টুঙ্গিপাড়া থানা ঘেরাও করেন নিষিদ্ধ ছাত্রলীগ ও আওয়ামী লীগের নেতাকর্মীরা। এ সময় পুলিশ বাধা দিলে উভয় পক্ষের মধ্যে তুমুল সংঘর্ষ শুরু হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কয়েক রাউন্ড গুলি ছোড়ে।

প্রত্যক্ষদর্শীরা জানান, পুলিশের গুলির মুখেও হামলাকারীরা পিছু না হটে আরও মারমুখী হয়ে ওঠেন। একপর্যায়ে ছাত্রলীগ ও আওয়ামী লীগের নেতাকর্মীদের প্রবল ধাওয়া ও ইটপাটকেলের আঘাতে পুলিশ সদস্যরা পিছু হটতে বাধ্য হন। এরপর হামলাকারীরা থানার ভেতরে ঢুকে ব্যাপক হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ চালান।

এ সময় থানা প্রাঙ্গণে থাকা পুলিশের বেশ কয়েকটি সরকারি গাড়ি আগুনে পুড়ে যায়। রাত ৮টা পর্যন্ত পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। এতে সাধারণ মানুষের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে।

হামলা, ক্ষয়ক্ষতি ও সার্বিক পরিস্থিতি সম্পর্কে জানতে জেলা ও থানা পুলিশের কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তাকে একাধিকবার ফোন করা হলেও কেউ কল রিসিভ করেননি। ফলে তাৎক্ষণিকভাবে পুলিশের কোনো আনুষ্ঠানিক বক্তব্য কিংবা হতাহতের সুনির্দিষ্ট তথ্য পাওয়া যায়নি।

গোপালগঞ্জে এমপি এস এম জিলানীর বাড়িতে আগুন

এদিকে টুঙ্গিপাড়া থানায় অগ্নিসংযোগের পর ওই এলাকার বিএনপি দলীয় সংসদ সদস্য এস এম জিলানীর বাড়িতেও আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। গতরাত ৯টার দিকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা বাড়িটিতে আগুন দেন বলে স্থানীয় সাংবাদিকরা জানিয়েছেন।

গত ৫ আগস্টের পর গোপালগঞ্জও ছিল একটি শান্তির শহর। হঠাৎ কেন শহরটি উত্তপ্ত হয়ে উঠল, এ প্রশ্ন জেলার সাধারণ মানুষেরও। তবে প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে তাঁদের দাবি, গোপালগঞ্জের সব মানুষ আওয়ামী লীগ করেন না। এখানকার অনেক মানুষ বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত। গোপালগঞ্জের তিনটি আসনে বিএনপির প্রার্থীদের বিজয়ী করে তাঁরা সংসদে পাঠিয়েছেন।

তাঁদের অভিযোগ, মিথ্যা মামলা, গায়েবি মামলাসহ বিভিন্ন মামলায় শত শত মানুষ একাধিক মামলার আসামি হয়ে পরিবার-পরিজন ছেড়ে পালিয়ে বেড়াচ্ছেন। নির্ঘুম রাত কাটছে তাঁদের। এসব মানুষের দাবি, ঢাকার একটি সৎ ও চৌকস গোয়েন্দা সংস্থার মাধ্যমে তদন্ত করে তাঁদের মুক্তির ব্যবস্থা করা হোক। পাশাপাশি সব উপজেলার যাঁদের জমি ও ব্যবসা-বাণিজ্য বেহাত হয়েছে, তদন্তের মাধ্যমে সেগুলো ফিরিয়ে দেওয়ারও জোর দাবি জানিয়েছেন তাঁরা।

ভুক্তভোগীদের কেউই ভয়ে নাম প্রকাশ করতে চান না। কথা বলতে গেলেই তাঁদের চোখেমুখে আতঙ্কের ছাপ ফুটে ওঠে। তবে নাম প্রকাশে অনিচ্ছুক এসব মানুষের পক্ষে কথা বলেছেন কেন্দ্রীয় বিএনপির আইনবিষয়ক সহ-সম্পাদক অ্যাডভোকেট জয়নুল আবেদীন মেজবাহ।

তিনি গণমাধ্যমকে বলেন, গোপালগঞ্জের মানুষ বিএনপিকে ভালোবেসে ভোট দিয়েছেন, কিন্তু তাঁদের আশার প্রতিফলন ঘটেনি। তিনি আরও বলেন, তিনটি আসনের কোনো সংসদ সদস্যই মানুষের কষ্ট ও হতাশা দূর করতে পারেননি। বরং তাঁদের আত্মীয়স্বজনের জুলুমের শিকার হয়েছেন সাধারণ মানুষ।

মুকসুদপুর-কাশিয়ানির পরিস্থিতি তুলে ধরে তিনি বলেন, এ দুই থানায় বহু মানুষ চাঁদাবাজির শিকার হয়েছেন। কাশিয়ানির একজন বাসিন্দা ঢাকায় ব্যবসা করেন। নাম প্রকাশে অনিচ্ছুক ওই ব্যক্তি গণমাধ্যমকে বলেন, ‘কী বলব ভাই। আমাদের সম্ভ্রান্ত পরিবার, আমাদের ইজ্জত রক্ষা হয়নি। আমাদের সঙ্গে পুলিশের লোক, ভিক্ষুকও ষড়যন্ত্রের শিকার হয়ে তাঁদের জমিজমা খুইয়েছেন।’

গোপালগঞ্জের সহিংসতা নিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর উদ্বেগ

গোপালগঞ্জে নতুন করে কেউ যাতে নাশকতায় উৎসাহিত না হয়, সে বিষয়ে তৎপর রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। একই সঙ্গে ভয়েস কল ছড়িয়ে আতঙ্ক সৃষ্টির চেষ্টাও যাতে কেউ করতে না পারে, সে বিষয়ে সতর্ক অবস্থানে রয়েছে তারা। শান্তির জেলাকে অশান্ত করে তোলার কারণে বহু মানুষের জীবনে হতাশা ও ভয় নেমে আসছে।

গোপালগঞ্জে মাত্র দুই দিন আগের নাশকতার ঘটনাকে ঢাকায় বড় ধরনের নাশকতার মহড়া হিসেবে দেখছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সংশ্লিষ্ট কর্মকর্তারা। সরেজমিনে পাওয়া তথ্যেও এমন চিত্র উঠে এসেছে। কোনোভাবেই ঘটনাটিকে ছোট করে দেখছেন না শীর্ষ পুলিশ কর্মকর্তারা। গোপালগঞ্জে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির ঘটনায় দফায় দফায় বৈঠক করছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

স্থানীয় ও ঢাকার গোয়েন্দাদের তথ্য অনুযায়ী, ডিসেম্বরকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাতে সিরিজ পরিকল্পনা হাতে নিয়েছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ। গোপালগঞ্জের সহিংসতা সেই পরিকল্পনারই অংশ বলে ধারণা করা হচ্ছে।

তাদের মূল উদ্দেশ্য ঢাকায় বড় ধরনের নাশকতা ঘটিয়ে রাজনৈতিক ফায়দা হাসিল করা। বিভিন্ন জেলা থেকে লোক এনে গোপালগঞ্জে যেভাবে তাণ্ডব চালানো হয়েছে, আগামী ১৯ নভেম্বরের কথিত ‘লকডাউন’ কর্মসূচি ঘিরে ঢাকায়ও একই ধরনের অপতৎপরতা চালানোর পরিকল্পনা রয়েছে দলটির। তবে আওয়ামী লীগ যাতে কোনোভাবেই পরিকল্পনা বাস্তবায়ন করতে না পারে, সে জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও তৎপর রয়েছে।

গত সোমবার সন্ধ্যায় পুলিশের ঢাকা রেঞ্জের ডিআইজি মোস্তাফিজুর রহমান গণমাধ্যমকে বলেন, গোপালগঞ্জে আওয়ামী লীগ বড় ধরনের নাশকতার মহড়া দিয়েছে। বর্তমানে সেখানকার সার্বিক পরিস্থিতি ভালো এবং পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। এখন তারা অন্য কোথাও নাশকতার পরিকল্পনা করছে।

তিনি আরও বলেন, গোপালগঞ্জে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যৌথ অভিযান চলছে। গত ২৪ ঘণ্টায় ব্যাপক অভিযান চালিয়ে শতাধিক নাশকতাকারীকে গ্রেফতার করা হয়েছে।

গোপালগঞ্জ জেলার সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করা, সরকারি স্থাপনা রক্ষা এবং জনজীবন যাতে কোনোভাবেই বিপর্যস্ত বা বিশৃঙ্খল না হয়, সে লক্ষ্যেই পুলিশ কাজ করছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের উপস্থিতি বাড়ানো হয়েছে। প্রয়োজনে নিরাপত্তা আরও জোরদার করার তাগিদ দিয়েছেন তিনি।

রোববার যেখানে পুলিশের এক হাজার সদস্য মোতায়েন ছিলেন, সোমবার সেখানে দুই হাজারের বেশি সদস্য মোতায়েন করা হয়। রোববার বিজিবির ছয় প্লাটুন মোতায়েন থাকলেও সোমবার তা বাড়িয়ে ১০ প্লাটুন করা হয়। পাশাপাশি এসআরবির একটি পেট্রোল টিমের পরিবর্তে চারটি পেট্রোল টিম মাঠে কাজ করছে। এরপর থেকেই আন্দোলনকারীরাও পিছু হটেন।

ঢাকা পুলিশ সদর দপ্তরের এক কর্মকর্তা বলেন, নাশকতাকারীদের দমনে পুলিশ ও বিজিবির যৌথ অভিযান অব্যাহত রয়েছে। রোববারের মতো সোমবার রাতেও পুলিশ ও বিজিবি যৌথভাবে অভিযান চালিয়েছে।

একজন শীর্ষ পুলিশ কর্মকর্তার কাছে এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, কোনো নিরপরাধ মানুষ যাতে হয়রানির শিকার না হন, সেদিকে গুরুত্ব দেওয়া হচ্ছে। যারা ভাঙচুরের সঙ্গে জড়িত এবং বিভিন্ন মামলার আসামি, সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে মূলত তাঁদেরই গ্রেফতার করা হচ্ছে।

তিনি জানান, ডিসেম্বর মাসকে সামনে রেখে আওয়ামী লীগ বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে। পুলিশ তাদের সব কৌশল সম্পর্কে অবগত হয়েছে। সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে। পুলিশের তাৎক্ষণিক ও কঠোর পদক্ষেপে পরিস্থিতি বর্তমানে পুরোপুরি নিয়ন্ত্রণে রয়েছে। পুলিশের এ অবস্থানকে গোটা জেলার মানুষ সাধুবাদ জানিয়েছেন।

ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) প্রধান ও ডিএমপির অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলাম গণমাধ্যমকে বলেন, রাজধানী ঢাকার চারপাশের প্রবেশদ্বার, সাভার, নারায়ণগঞ্জ ও গোপালগঞ্জসহ সংলগ্ন জেলাগুলোর গুরুত্বপূর্ণ পয়েন্টে অতিরিক্ত ও কড়া চেকপোস্ট বসানো হয়েছে। এর ফলে বাইরের কোনো জেলা থেকে বাস বা ট্রাকে করে নাশকতাকারীরা এসে সহিংসতায় জড়ানোর সুযোগ পাবে না।

অগ্নিসংযোগের পর টুঙ্গিপাড়ায় উন্মুক্ত ছিল আওয়ামী লীগের কার্যক্রম

কোনো বাধা ছাড়াই কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কার্যালয় উদ্বোধন এবং শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদনের মতো কর্মসূচি পালন করে নিজেদের স্বাধীন ঘোষণা করে উল্লাসে ফেটে পড়েন দলটির নেতাকর্মীরা। গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অগ্নিসংযোগ, ভাঙচুর ও তাণ্ডবের পর সোমবার টুঙ্গিপাড়া ছিল অনেকটাই উন্মুক্ত।

রোববার সকাল থেকে দিনভর বিনা বাধায় বিভিন্ন কার্যক্রম চালান আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। সকালে দলবল নিয়ে তালা ভেঙে কার্যালয়ে প্রবেশ করে আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করেন তাঁরা। কার্যালয়ের বাইরে নেতাকর্মীদের নিয়ে দলীয় ও জাতীয় পতাকা উত্তোলন করা হয়। পরে বিনা বাধায় শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন ও দোয়া মাহফিল করেন কার্যক্রম নিষিদ্ধ দলটির নেতাকর্মীরা।

এর আগে গোপালগঞ্জসহ টুঙ্গিপাড়ায় সকাল থেকেই আগুন-সন্ত্রাস, ভাঙচুরসহ তাণ্ডব চালান কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। রাতেও এ তাণ্ডব অব্যাহত ছিল। পুড়িয়ে দেওয়া হয় বিএনপি কার্যালয় ও নেতাকর্মীদের বাড়িঘর। এ সময় বিএনপির নেতাকর্মীদের কোথাও দেখা যায়নি। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের তৎপরতাও চোখে পড়েনি; বরং তাঁদের অনেকটা নীরব ভূমিকা পালন করতে দেখা গেছে।

৫ আগস্ট ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের মুখে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হয়ে ভারতে পালিয়ে যাওয়ার পর টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিস্থল নিরাপত্তাবেষ্টনীর মধ্যে রাখা হয়েছিল। পুলিশি প্রহরার কারণে সেখানে প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ ছিল। তবে রোববার টুঙ্গিপাড়াসহ গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের ব্যাপক তাণ্ডব, ভাঙচুর ও অগ্নিসংযোগের পর পরিস্থিতির চিত্র পাল্টে যায়। সোমবার অনেকটা বিনা বাধায় দিনভর কার্যক্রম চালান দলটির নেতাকর্মীরা।

স্থানীয় কয়েকজন বিএনপিপন্থি ব্যক্তি এবং কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত নন—এমন সাধারণ মানুষ গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে গোপালগঞ্জের জেলা প্রশাসক মো. আরিফ-উজ-জামান ও পুলিশ সুপার মো. হাবীবুল্লাহকেও বদলি করা হয়।

গতকাল সার্বিক পরিস্থিতি সম্পর্কে গোপালগঞ্জ সদর থানার ওসি মো. আমিনুল ইসলাম জানান, এখন পর্যন্ত কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

গতকাল সারাদিন যেমন ছিল গোপালগঞ্জ

সকাল থেকেই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। কোথাও কোনো সমস্যার খবর পেলেই সেখানে ছুটে গেছেন পুলিশ সদস্যরা। গোটা গোপালগঞ্জ ছিল নিরাপত্তার আওতায়। কোনো এলাকায় কেউ রাস্তায় নামেননি। অল্প কিছু দূরপাল্লার যানবাহন নিরাপদ দূরত্ব বজায় রেখে চলাচল করেছে।

গোপালগঞ্জের ভাটিয়াপাড়ার মোড় একটি জনাকীর্ণ এলাকা। দক্ষিণ, পশ্চিম ও পূর্বাঞ্চলের অন্তত চার-পাঁচটি প্রধান সড়কের সংযোগস্থল এটি। সেই গুরুত্বপূর্ণ এলাকাটিও ছিল একেবারে ফাঁকা।

তবে ঢাকায় গোপালগঞ্জের এক নেতাকে আটক করার খবর জেলা সদরে ছড়িয়ে পড়লে ভাটিয়াপাড়া এলাকায় কয়েকজন জটলা পাকানোর চেষ্টা করেন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠোর তৎপরতায় তাঁদের সেই চেষ্টা ব্যর্থ হয়।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত গোপালগঞ্জের কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। জেলা শহর, কাশিয়ানি, মুকসুদপুর, টুঙ্গিপাড়া ও কোটালীপাড়া ছিল শান্ত। সীমিত সংখ্যায় দূরপাল্লার যানবাহন চলাচল করতে দেখা গেছে।

সর্বশেষ জানা গেছে, মঙ্গলবার রাতেও পুলিশের অভিযান চলবে। এ অভিযান অব্যাহত থাকবে। সব মিলিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কার্যক্রমে জেলার মানুষ সন্তোষ প্রকাশ করেছেন।

উল্লেখ্য, এ প্রতিবেদন লেখা পর্যন্ত ঢাকা এসআরবি-২-এর মোহাম্মদপুর এলাকা থেকে কাশিয়ানি উপজেলা যুবলীগের সভাপতি কাজী নুরুল আমীন তুহিন (৫৫), সদস্য মো. বেলাল হোসেন (৪১) ও মো. আবুল বাশারকে (৪৭) গ্রেফতার করা হয়েছে।

monir
Admin

ফেসবুকে

সর্বশেষ আপডেট

এক ক্লিকে বিভাগের খবর


ভিডিও