চট্টগ্রামের মানবতাবিরোধী অপরাধে হাছান-নওফেলসহ ২২ জনের বিচার শুরু

হাছান-নওফেলসহ ২২ জনের বিচার শুরু
হাছান-নওফেলসহ ২২ জনের বিচার শুরু
মুক্তিবাণী অনলাইন ডেক্স

চট্টগ্রামের মানবতাবিরোধী অপরাধে হাছান-নওফেলসহ ২২ জনের বিচার শুরু

জুলাই গণ–অভ্যুত্থানের সময় চট্টগ্রামে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ, সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল ও সাবেক সংসদ সদস্য এ বি এম ফজলে করিম চৌধুরীসহ ২২ আসামির আনুষ্ঠানিক বিচার শুরু হয়েছে।

আজ রোববার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এ মামলার সূচনা বক্তব্য উপস্থাপন করেন চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম। তাঁর এই বক্তব্য উপস্থাপনের মধ্য দিয়ে মামলাটির আনুষ্ঠানিক বিচারিক কার্যক্রম শুরু হয়।

সূচনা বক্তব্যের পর মামলার প্রথম সাক্ষী হিসেবে জবানবন্দি দেন আহমেদ আনিছ। জুলাই গণ–অভ্যুত্থানের সময় তিনি একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের স্নাতক দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন। বর্তমানে একটি নির্মাণপ্রতিষ্ঠানে হিসাব কর্মকর্তা হিসেবে কর্মরত আছেন তিনি।

মামলার আসামিদের মধ্যে সাবেক সংসদ সদস্য ফজলে করিম চৌধুরী ছাড়াও ফিরোজ, তৌহিদুল ইসলাম, আ. আজিজ ও দেবাশীষ পাল নামের আরও চারজন গ্রেপ্তার রয়েছেন। আজ তাঁদের ট্রাইব্যুনালে হাজির করা হয়। অন্যদিকে সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ ও সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলসহ ১৭ আসামি পলাতক রয়েছেন।

মামলায় আসামিদের বিরুদ্ধে মোট তিনটি অভিযোগ আনা হয়েছে। প্রথম অভিযোগে বলা হয়েছে, ২০২৪ সালের ১৬ জুলাই চট্টগ্রামে মো. ওয়াসিম আকরাম, ফয়সাল আহমেদ শান্ত ও মো. ফারুককে হত্যা করা হয়। দ্বিতীয় অভিযোগে রয়েছে, ২০২৪ সালের ১৮ জুলাই তানভীর সিদ্দিকী, মো. সাইমন ও হৃদয় চন্দ্রকে হত্যা করা হয়। তৃতীয় অভিযোগে শতাধিক মানুষকে গুরুতর আহত করার কথা উল্লেখ করা হয়েছে।

আজ ট্রাইব্যুনাল প্রাঙ্গণে এক ব্রিফিংয়ে চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম বলেন, তিনি কোনোভাবেই এই মামলার বিচার শুরু করতে পারছিলেন না। বিভিন্ন জায়গা থেকে অভিযোগ করা হয়েছিল, আসামিপক্ষকে কথা বলতে দেওয়া হয় না এবং তাঁদের প্রয়োজনীয় কাগজপত্র সরবরাহ করা হয় না। এসব অভিযোগ তুলে প্রতিটি শুনানির দিনই আসামিপক্ষ বিভিন্ন আবেদন নিয়ে হাজির হতো। আসামি ফজলে করিম চৌধুরীর আইনজীবী ও আত্মীয়স্বজন মানবাধিকার সংস্থা, জাতিসংঘসহ বিভিন্ন জায়গায় প্রসিকিউশনের বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ দাখিল করেন। নানা অজুহাতে দিনের পর দিন মামলার কার্যক্রম ব্যাহত করা হয়েছে।

চিফ প্রসিকিউটর আরও বলেন, ফজলে করিমের আইনজীবীর পক্ষ থেকে আজ একটি আবেদন করা হয়েছে। তাতে দাবি করা হয়েছে, এই মামলার সাক্ষীরা তাঁকে (ফজলে করিমের আইনজীবীকে) গালাগালি করেছেন। অন্যদিকে সাক্ষীরা এসে অভিযোগ করেছেন, তাঁদের হুমকি দেওয়া হয়েছে। আদালতের বাইরের বিষয়গুলো সামনে এনে মামলার কার্যক্রম ব্যাহত করার চেষ্টা করা হচ্ছে।

এদিকে আজ ট্রাইব্যুনাল প্রাঙ্গণে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ফজলে করিমের আইনজীবী রিজওয়ানা ইউসুফ। তিনি বলেন, দেশ-বিদেশের বিভিন্ন নম্বর থেকে ফোন করে তাঁকে হয়রানি করা হচ্ছে। কিছু মানুষ সামাজিক যোগাযোগমাধ্যমেও তাঁকে প্রতিনিয়ত হয়রানি করছে। এ ছাড়া তাঁকে নিয়ে ঢাকা শহরে পোস্টার লাগানো হচ্ছে।

monir
Admin

ফেসবুকে

সর্বশেষ আপডেট

এক ক্লিকে বিভাগের খবর


ভিডিও