![]()
সাভারে পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদের বান্ধবী বলে পরিচয়দানকারী নাজনীন আখতারকে (৩৮) গ্রেফতার করেছে পুলিশ।
রোববার (১৫ নভেম্বর) বিকেলে সাভারের রাজফুলবাড়ীয়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার নাজনীন নিজেকে শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদের কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক বলেও পরিচয় দিয়েছেন।
সাভার মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. মোশাররফ হোসেন গণমাধ্যমকে জানান, সাভারের হেমায়েতপুরে পুলিশের ওসির গাড়িতে অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনায় দায়ের করা মামলার এজাহারভুক্ত আসামি নাজনীন আখতার। ঘটনার পর থেকেই তিনি রাজফুলবাড়ীয়া এলাকায় আত্মগোপনে ছিলেন। রোববার বিকেলে সেখানে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
![]()
পুলিশ জানায়, গ্রেফতারের পর নাজনীন নিজেকে সাবেক আইজিপি বেনজীর আহমেদের বান্ধবী বলে পরিচয় দেন। গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় গত ৬ নভেম্বর পুলিশ বাদী হয়ে সাভার মডেল থানায় মামলাটি দায়ের করে।
পরিদর্শক মো. মোশাররফ হোসেন আরও জানান, সোমবার (১৬ নভেম্বর) নাজনীনকে রিমান্ডের আবেদনসহ আদালতে পাঠানো হবে।










