![]()
দেশে প্রশাসনিক পুনর্বিন্যাসের অংশ হিসেবে নতুন থানা ও পৌরসভা গঠন এবং দুটি উপজেলার প্রশাসনিক সদর দপ্তর স্থানান্তরের প্রস্তাব উঠছে প্রশাসনিক পুনর্বিন্যাসসংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটির (নিকার) সভায়। আজ সোমবার প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
মন্ত্রিপরিষদ বিভাগের নিকার-১ শাখা থেকে গত ১২ নভেম্বর জারি করা এক নোটিশে সভার এজেন্ডা সম্পর্কে জানানো হয়েছে। এতে মোট সাতটি প্রস্তাব অন্তর্ভুক্ত করা হয়েছে। সভাটি সকাল সাড়ে ৯টায় মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হওয়ার কথা।
কক্সবাজার জেলার চকরিয়া থানাকে বিভক্ত করে মাতামুহুরী উপজেলাধীন কোনাখালী ইউনিয়নের বটতলী এলাকায় ‘মাতামুহুরী’ নামে নতুন থানা স্থাপনের প্রস্তাব রয়েছে। একইভাবে বগুড়া জেলার শিবগঞ্জ থানাকে বিভক্ত করে নবসৃষ্ট মোকামতলা উপজেলায় ‘মোকামতলা থানা’ স্থাপনের প্রস্তাব করা হয়েছে।
স্থানীয় সরকার বিভাগের উদ্যোগে তিনটি পৌরসভা গঠনের প্রস্তাবও সভায় উপস্থাপন করা হবে। এর মধ্যে রয়েছে বগুড়া জেলার মোকামতলা উপজেলায় মোকামতলা পৌরসভা এবং সিলেট জেলার জৈন্তাপুর উপজেলায় জৈন্তাপুর পৌরসভা গঠন।
এ ছাড়া প্রশাসনিক পরিচিতির সঙ্গে সামঞ্জস্য রাখতে ময়মনসিংহ জেলার নবসৃষ্ট ‘দক্ষিণ গফরগাঁও’ উপজেলার অধীন ‘পাগলা’ থানার নাম পরিবর্তন করে ‘দক্ষিণ গফরগাঁও থানা’ করার প্রস্তাব রয়েছে।
সভায় লক্ষ্মীপুর ও কুমিল্লা জেলার দুটি উপজেলার প্রশাসনিক সদর দপ্তরের অবস্থান পরিবর্তনের বিষয়েও আলোচনা হবে। লক্ষ্মীপুর সদর উপজেলা বিভক্ত করে নবসৃষ্ট চন্দ্রগঞ্জ উপজেলার প্রশাসনিক সদর দপ্তর মটবী ও চরচামিতা মৌজার পরিবর্তে ১৬৩ নম্বর উত্তর চন্দ্রপুর এবং ১৬৬ নম্বর হাজিরপাড়া মৌজায় স্থাপনের প্রস্তাব করা হয়েছে।
অন্যদিকে, কুমিল্লার মুরাদনগর উপজেলা বিভক্ত করে নবসৃষ্ট বাঙ্গরা উপজেলার প্রশাসনিক সদর দপ্তর খামারগ্রাম মৌজার পরিবর্তে বাঙ্গরা পূর্ব ইউনিয়নের ৪০ নম্বর দক্ষিণ বাঙ্গরা মৌজায় স্থাপনের প্রস্তাব রয়েছে।
প্রস্তাবগুলো সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগের উদ্যোগে নিকারের সভায় উপস্থাপন করা হবে। এর মধ্যে থানা গঠন ও নাম পরিবর্তনসংক্রান্ত প্রস্তাবগুলো স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এবং পৌরসভা গঠন ও উপজেলা সদর দপ্তর স্থানান্তরের প্রস্তাবগুলো স্থানীয় সরকার বিভাগের।
নিকারের সভায় এসব প্রস্তাব অনুমোদিত হলে সংশ্লিষ্ট এলাকাগুলোর প্রশাসনিক কাঠামো ও স্থানীয় সরকার ব্যবস্থায় পরিবর্তনের পথ তৈরি হবে।










