![]()
সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের বিরুদ্ধে মিথ্যা ও বানোয়াট তথ্য প্রচার, পাওনা টাকা আত্মসাতের ষড়যন্ত্র এবং সামাজিকভাবে হেয়প্রতিপন্ন করার অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন ট্রাভেলস ব্যবসায়ী ও পর্তুগালপ্রবাসী রুহেল আহমদ।
সোমবার (১৬ নভেম্বর ২০২৬) মৌলভীবাজারের জুড়ী উপজেলার রুহেল ট্রাভেলস অ্যান্ড ট্যুরস কার্যালয়ে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সেখানে তিনি এসব অভিযোগ তুলে ধরেন।
লিখিত বক্তব্যে রুহেল আহমদ বলেন, দীর্ঘদিন ধরে তিনি জুড়ীতে সুনামের সঙ্গে ট্রাভেলস ব্যবসা পরিচালনা করে আসছেন। এ সময় ইউরোপের বিভিন্ন দেশে অনেক মানুষকে পাঠিয়েছেন। তাঁর দাবি, এ নিয়ে কারও কোনো অভিযোগ নেই।
তিনি অভিযোগ করেন, গত ১৪ নভেম্বর পর্তুগালপ্রবাসী মো. আব্দুল লতিফ (MD Abdul Latif) নিজের ফেসবুক আইডি থেকে প্রকাশিত এক ভিডিও বার্তায় তাঁর বিরুদ্ধে ৬০০ মানুষের বিপুল পরিমাণ টাকা পাওনার কথা প্রচার করেন। রুহেল আহমদের দাবি, প্রচারিত এ তথ্য সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট। এর মাধ্যমে তাঁর ব্যক্তিগত সুনাম এবং ব্যবসায়িক প্রতিষ্ঠানের ভাবমূর্তি ক্ষুণ্ন করা হচ্ছে।
সংবাদ সম্মেলনে রুহেল আহমদ আরও জানান, ট্রাভেলস ব্যবসা-সংক্রান্ত প্রায় ৭০ লাখ টাকা কুলাউড়া উপজেলার ভুকশিমইল ইউনিয়নের কানেহাত গ্রামের লকুছ মিয়ার ছেলে পর্তুগালপ্রবাসী মো. নোমান হোসাইনের কাছে পাওনা রয়েছে বলে তাঁর দাবি। ওই টাকা আদায়ে সামাজিকভাবে একাধিকবার চেষ্টা করেও ব্যর্থ হন তিনি। পরে গত ২৪ সেপ্টেম্বর ২০২৬ তারিখে মৌলভীবাজারের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ৫ নম্বর আমল আদালতে মো. নোমান হোসাইনসহ চারজনের বিরুদ্ধে একটি পিটিশন মামলা দায়ের করেন। মামলাটির নম্বর সিআর-৪৮৩/২০২৬ (কুলা)।
মামলার অন্য অভিযুক্তরা হলেন শেখ মোহাম্মদ জাকারিয়া ও তুহিন আহমদ। রুহেল আহমদের অভিযোগ, মামলার প্রধান অভিযুক্তের ঘনিষ্ঠ আত্মীয় মো. আব্দুল লতিফ সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছেন। এর মাধ্যমে পাওনা টাকা আদায়ের প্রচেষ্টায় বাধা সৃষ্টি এবং তাঁকে সামাজিকভাবে হেয়প্রতিপন্ন করার চেষ্টা করা হচ্ছে বলে তিনি দাবি করেন।
রুহেল আহমদ বলেন, এসব অপপ্রচারের কারণে তাঁর ব্যক্তিগত সম্মান ও ব্যবসায়িক প্রতিষ্ঠানের সুনাম ক্ষতিগ্রস্ত হচ্ছে। এ ঘটনায় সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে সাইবার ট্রাইব্যুনালে মামলা করে আইনি প্রতিকার ও ন্যায়বিচার চাইবেন তিনি।
সংবাদ সম্মেলনে প্রকৃত ঘটনা গণমাধ্যমের মাধ্যমে জনসম্মুখে তুলে ধরতে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন রুহেল আহমদ। একই সঙ্গে আদালতের মাধ্যমে পাওনা টাকা আদায় এবং ন্যায়বিচার প্রতিষ্ঠার প্রত্যাশা ব্যক্ত করেন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন রুহেল আহমদ।










