![]()
‘আজ বাড়িতে গুলি করলাম, কাল শরীরে গুলি করব’—২০ লাখ টাকা চাঁদা না পেয়ে একটি বাড়িতে গুলি করার পর মোবাইল ফোনে এক ব্যক্তিকে এভাবেই প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে এক সন্ত্রাসীর বিরুদ্ধে। গতকাল রোববার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে নগরের বায়েজিদ বোস্তামী থানার শহীদনগর এলাকায় জাফর আহমদ নামের এক ব্যক্তির বাড়িতে গুলি করার ঘটনা ঘটে। এতে তাঁর ঘরের জানালার কাচ ভেঙে যায়।
জাফর আহমদ সাংবাদিকদের জানান, ২০ লাখ টাকা চাঁদা না দেওয়ায় ‘সন্ত্রাসী’ মোহাম্মদ রায়হানের সহযোগীরা তাঁর ঘরের একটি জানালা লক্ষ্য করে গুলি ছোড়েন। তবে ওই সময় তিনি ও পরিবারের অন্য সদস্যরা কক্ষটিতে ছিলেন না। ফলে কেউ হতাহত হননি।
জাফর আহমদ বলেন, ১০ মাস আগে রায়হান তাঁকে ফোন করে ২০ লাখ টাকা চাঁদা দাবি করেছিলেন। তবে সে সময় তিনি নিজের ও স্ত্রীর চিকিৎসার জন্য ভারতে ছিলেন। বিষয়টি তখন পুলিশকে জানানো হয়। এরপর দীর্ঘদিন কোনো যোগাযোগ না থাকলেও গত বুধবার আবারও ফোন করে চাঁদা দাবি ও হুমকি দেন রায়হান।
জাফর আহমদ জানান, গতকাল বাড়িতে গুলি করার পর রায়হান আবারও তাঁকে ফোন করে হুমকি দেন। তিনি বলেন, ‘গুলি করার পর ফোন করে আমাকে বলেছে, টাকা দিসনিতে তো, আজ বাড়িতে গুলি করলাম, কাল তোদের শরীরে গুলি করব। কাফনের কাপড়চোপড় কিনে রাখিস।’
এ বিষয়ে জানতে চাইলে বায়েজিদ বোস্তামী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইখতিয়ার উদ্দিন আজ সোমবার সকালে গণমাধ্যমকে বলেন, ‘দুটি মোটরসাইকেল করে চারজন লোক এসে গুলি করে চলে গেছে। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে। বাড়ির মালিক জাফর আহমেদকে আজ থানায় লিখিত অভিযোগ দেওয়ার কথা রয়েছে।’
রায়হানের বিরুদ্ধে হত্যা, চাঁদাবাজি ও অস্ত্র আইনে ১৫টি মামলা রয়েছে। বিদেশি হোয়াটসঅ্যাপ নম্বর থেকে ফোন করে নগর ও জেলার বিভিন্ন স্থানে চাঁদাবাজি করে আসছেন তিনি। চাঁদা না পেলে তাঁর সহযোগীরা গুলিও চালান।
বিদেশে পলাতক সন্ত্রাসী সাজ্জাদ আলী ওরফে বড় সাজ্জাদের অন্যতম সহযোগী রায়হান। তবে সম্প্রতি তাঁর নাম ব্যবহার করে কিছু ‘ছিঁচকে সন্ত্রাসী’ চাঁদা দাবি করছেন বলে অভিযোগ করেছেন রায়হান। পুলিশের দাবি, দীর্ঘদিন ধরে অপরাধজগতের সঙ্গে যুক্ত থাকা এবং স্থানীয় পাহাড়ি এলাকার পথঘাট সম্পর্কে ভালো ধারণা থাকায় নিজের অবস্থান গোপন রাখতে পারছেন এই সন্ত্রাসী। এ কারণে তাঁকে গ্রেপ্তার করা যাচ্ছে না।










