![]()
‘রক্তের সন্ধানে, মানবতার কল্যাণে’—এই স্লোগানকে সামনে রেখে মৌলভীবাজারে যুব ব্লাড ফাউন্ডেশন বাংলাদেশের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। স্বেচ্ছায় রক্তদানে জনসচেতনতা বৃদ্ধি এবং জরুরি মুহূর্তে রক্তের সংকট মোকাবিলার লক্ষ্যে এ কর্মসূচির আয়োজন করা হয়।
মঙ্গলবার (২৭ অক্টোবর) সকাল ১১টা থেকে দিনব্যাপী মৌলভীবাজার সদর উপজেলার কনকপুর ইউনিয়নের শাহবন্দর কেজি অ্যান্ড গার্লস হাই স্কুল প্রাঙ্গণে এ ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন যুব ব্লাড ফাউন্ডেশন বাংলাদেশের সভাপতি আবু সামাদ সুজেল। অনুষ্ঠান পরিচালনা করেন সংগঠনের পরিচালক মামুন আহমেদ নিশাদ।
![]()
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনটিভির স্টাফ করেসপন্ডেন্ট এস এম উমেদ আলী, চ্যানেল এস ইউকের হেড অব নিউজ খালেদ চৌধুরী, দৈনিক ইত্তেফাকের জেলা প্রতিনিধি নজরুল ইসলাম মুহিব, দৈনিক মানবজমিনের স্টাফ রিপোর্টার মু. ইমাদ উদ-দীন, চ্যানেল ওয়ানের স্টাফ রিপোর্টার শাহজাহান মিয়া, বাংলাদেশ সাংবাদিক সমাজকল্যাণ সমিতির (বিজেএসডব্লিউএ) আহ্বায়ক সালেহ আহমদ (সলিপক) এবং জিবি নিউজ ২৪ ডটকমের প্রতিনিধি মো. ফজলুর রহমান।
এ সময় উপস্থিত ছিলেন শাহবন্দর কেজি অ্যান্ড গার্লস হাই স্কুলের প্রতিষ্ঠাতা পরিচালক ইমদাদুল হক চৌধুরী, প্রধান শিক্ষক মিলাদ হোসেন, পালকি কমিউনিটি সেন্টারের প্রতিষ্ঠাতা পরিচালক আব্দুল হারুন, যুব ব্লাড ফাউন্ডেশন বাংলাদেশের উপদেষ্টা ও রয়েল প্রাইভেট হাসপাতালের পরিচালক ফাহাদ আলম, ফাউন্ডেশনের উপদেষ্টা শাহ আলম, কেন্দ্রীয় কমিটির পরিচালক রোজিনা আক্তার, সহসভাপতি মো. টিটু আহমেদ টিটু, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন এবং মো. হাফেজ সোহাগ তালুকদারসহ ফাউন্ডেশনের অন্যান্য কর্মকর্তারা।
![]()
অতিথিরা বলেন, রক্তের গ্রুপ সম্পর্কে জানা এবং রক্তদানে সচেতনতা তৈরিতে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। রক্তের অভাবে যেন কোনো রোগী চিকিৎসাবঞ্চিত না হন, সে জন্য সবাইকে স্বেচ্ছায় রক্তদানে এগিয়ে আসতে হবে। মানবতার সেবায় রক্তদানের বার্তা ছড়িয়ে দিতে যুব ব্লাড ফাউন্ডেশন বাংলাদেশের এ উদ্যোগ কার্যকর ভূমিকা রাখবে বলেও তাঁরা আশা প্রকাশ করেন।
অনুষ্ঠানে ফাউন্ডেশনের উপদেষ্টা প্রবাসী রিংকু দাসের পক্ষ থেকে কেন্দ্রীয় কমিটির সদস্যদের সংগঠনের নামসংবলিত টি-শার্ট উপহার দেওয়া হয়। পাশাপাশি সংগঠনের পরিচালক প্রবাসী এ এইচ আজাদ, উপদেষ্টা শাহ আলমসহ আরও অনেকে ফাউন্ডেশনের কার্যক্রম পরিচালনার জন্য আর্থিক সহযোগিতা প্রদান করেন।









