![]()
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৮ অক্টোবর) বিকেল ৪টায় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে একটি আনন্দ শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে চৌমুহনায় গিয়ে শেষ হয়। পরে চৌমুহনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা যুবদলের সহসভাপতি নিয়ামুল হক তরফদারের সভাপতিত্বে সভাটি সঞ্চালনা করেন যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক আজির উদ্দিন। সভায় বক্তব্য দেন শ্রীমঙ্গল উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক রুবেল আহমেদ, পৌর যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক আব্দুল কাদির, যুবদল নেতা মো. সেলিম মিয়া, মো. শাকির আহমেদ, মো. ইসমাইল হোসেন, রাজিব হোসেন, মো. হেলাল উদ্দিন কালা ও মো. জালাল মিয়া। এ ছাড়া বক্তব্য দেন পৌর যুবদল নেতা সুমন আহমেদ ও নুরু মিয়া এবং যুবদল নেতা ফকরুল ইসলাম, রুবেল মিয়া ও পিয়াস দাশ। বক্তারা তাঁদের বক্তব্যে আওয়ামী লীগ সরকারের আমলে নির্যাতনের শিকার হওয়া নেতাকর্মীদের যথাযথ মূল্যায়নের দাবি জানান। তাঁরা বলেন, দলের দুঃসময়ে যারা ত্যাগ স্বীকার করেছেন এবং নানা প্রতিকূলতার মধ্যেও সংগঠনের পাশে থেকেছেন, তাঁদের অবদান যথাযথভাবে স্বীকৃতি দেওয়া জরুরি। সভায় যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীর তাৎপর্য তুলে ধরা হয়। একই সঙ্গে সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করা এবং নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করা হয়। এ সময় শ্রীমঙ্গল উপজেলা ও পৌর যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।









