ক্যানারি দ্বীপপুঞ্জের কাছে অভিবাসীবাহী নৌকায় মিলল ৮ থেকে ১০ জনের মরদেহ

মুক্তিবাণী অনলাইন ডেক্স

ক্যানারি দ্বীপপুঞ্জের কাছে অভিবাসীবাহী নৌকায় মিলল ৮ থেকে ১০ জনের মরদেহ

স্পেনের ক্যানারি দ্বীপপুঞ্জের কাছে অভিবাসীবাহী একটি নৌকা থেকে অন্তত আটজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। নৌকাটিতে প্রায় ১০০ জন অভিবাসী ছিলেন। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, শুক্রবার (২৭ নভেম্বর) স্পেনের সামুদ্রিক উদ্ধারকারী সংস্থা এ তথ্য প্রকাশ করে। সংস্থাটির বরাত দিয়ে জানা গেছে, নৌকাটি থেকে আট থেকে ১০ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। গুরুতর অসুস্থ ছয়জনকে হেলিকপ্টারে করে হাসপাতালে নেওয়া হয়েছে।

এল হিয়েরো দ্বীপের দক্ষিণে প্রায় ৩৯ নটিক্যাল মাইল (৭২ কিলোমিটার) দূরে নৌকাটির সন্ধান পাওয়া যায়। পরে সেটিকে টেনে লা এস্তাকা বন্দরের দিকে নিয়ে যাওয়া হয়। এদিকে, অন্য একটি অভিবাসীবাহী নৌকা থেকে বেঁচে যাওয়া ৮৪ জন লা রেস্টিঙ্গা বন্দরে পৌঁছেছেন। এল হিয়েরো দ্বীপের প্রধান এই বন্দরে অভিবাসীদের জন্য অভ্যর্থনা কেন্দ্র ও অস্থায়ী হাসপাতাল রয়েছে।

ক্যানারি দ্বীপপুঞ্জের কাছে অভিবাসীবাহী নৌকায় মিলল ৮ থেকে ১০ জনের মরদেহ

ক্যানারি দ্বীপপুঞ্জ আটলান্টিক মহাসাগরে অবস্থিত স্পেনের একটি অঞ্চল। উত্তর-পশ্চিম আফ্রিকার উপকূলের কাছাকাছি অবস্থানের কারণে পশ্চিম আফ্রিকার দেশগুলো থেকে ইউরোপে প্রবেশের অন্যতম প্রধান পথ হয়ে উঠেছে দ্বীপগুলো। সেখানে পৌঁছানোর মাধ্যমে অভিবাসীরা স্পেন তথা ইউরোপীয় ইউনিয়নের ভূখণ্ডে প্রবেশ করেন।

২০২৪ সালে ক্যানারি দ্বীপপুঞ্জে রেকর্ড ৪৬ হাজারের বেশি অভিবাসী পৌঁছেছিলেন। তবে নজরদারি জোরদার এবং অভিবাসীদের নিজ দেশ ও যাত্রাপথের দেশগুলোর সঙ্গে স্পেনের সহযোগিতা বাড়ানোর ফলে পরবর্তী সময়ে আগমনের সংখ্যা কমে আসে।

অন্যদিকে, সেনেগাল, মৌরিতানিয়া ও মরক্কোর উপকূলে টহল জোরদার করায় অভিবাসীরা এখন আরও দক্ষিণের দেশ গাম্বিয়া, গিনি-বিসাউ ও গিনি থেকে যাত্রা শুরু করছেন। এতে সমুদ্রপথ আরও দীর্ঘ ও বিপজ্জনক হয়ে উঠেছে।

চলতি বছরের অক্টোবর থেকে ক্যানারি দ্বীপপুঞ্জে অভিবাসীদের আগমন আবারও বাড়তে শুরু করেছে। চলতি সপ্তাহের শুরুতে এক দিনেই রেকর্ড ২ হাজার ১০০ জন অভিবাসী দ্বীপগুলোতে পৌঁছান। তাঁদের অধিকাংশই আসেন এল হিয়েরো দ্বীপে, যার জনসংখ্যা মাত্র ১১ হাজার ৪০০।

অভিবাসীদের ক্রমবর্ধমান চাপ সামাল দিতে চলতি মাসের শুরুতে সেখানে জরুরি অবস্থা ঘোষণা করে স্থানীয় প্রশাসন। গত ১৪ নভেম্বর এক দিনেই প্রায় ১ হাজার ৫০০ অভিবাসীকে উদ্ধার করে উপকূলে নিয়ে আসেন উদ্ধারকর্মীরা।

ক্যানারি দ্বীপপুঞ্জের আঞ্চলিক নেতা ফার্নান্দো ক্লাভিহো সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে বলেন, ‘মানবিক সংকটের শুরু এল হিয়েরোতে নয়, বরং সেনেগাল ও গাম্বিয়ার উপকূলে। সেখানেই আমাদের পদক্ষেপ নিতে হবে।’

সাম্প্রতিক প্রাণহানির ঘটনায় গভীর শোক ও অসহায়ত্ব প্রকাশ করেন তিনি। একই সঙ্গে পরিস্থিতি মোকাবিলায় স্পেন সরকার ও ইউরোপীয় কমিশনের জরুরি পদক্ষেপ দাবি করেন।

সূত্র: আলজাজিরা

monir
Admin

ফেসবুকে

সর্বশেষ আপডেট

এক ক্লিকে বিভাগের খবর


ভিডিও