![]()
মৌলভীবাজারের রাজনগরে জমিজমা সংক্রান্ত পূর্ববিরোধের জেরে সংঘবদ্ধ হামলা, মারধর, হত্যাচেষ্টা ও স্বর্ণালংকার ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। এ ঘটনায় সুষ্ঠু বিচার, অভিযুক্তদের শাস্তি এবং পরিবারের নিরাপত্তার দাবিতে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী শাইস্তা মিয়া (৫৭)।
সোমবার (২৩ নভেম্বর ২০২৬) দুপুর ১২টায় মৌলভীবাজার প্রেসক্লাবের হলরুমে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব দাবি জানান।
লিখিত বক্তব্যে শাইস্তা মিয়া জানান, গত ১১ নভেম্বর ২০২৬ বুধবার সকাল আনুমানিক ১১টার দিকে রাজনগর উপজেলার ৬ নম্বর টেংরা ইউনিয়নের রাউবাড়ী গ্রামে তাঁর বাড়ির সামনে ধান শুকানোর খলা তৈরির সময় পূর্ববিরোধের জেরে তাঁর ওপর হামলা চালানো হয়। এ হামলায় ছায়েদ আলী (৫৫), জুনেল মিয়া (৩২), বুধ মিয়া ওরফে নুর (৩০) এবং অজ্ঞাতনামা আরও কয়েকজন জড়িত ছিলেন বলে তিনি অভিযোগ করেন।
![]()
তাঁর অভিযোগ, হামলাকারীরা লোহার রড, দা ও দেশীয় অস্ত্র দিয়ে তাঁকে মারধর করে। হত্যার উদ্দেশ্যে তাঁর মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত করা হয়। একপর্যায়ে তাঁর মাথা ফেটে যায় এবং বাম হাতে গুরুতর আঘাত লাগে।
তিনি আরও অভিযোগ করেন, তাঁকে রক্ষা করতে এগিয়ে এলে তাঁর স্ত্রীকেও এলোপাতাড়ি মারধর ও শারীরিকভাবে লাঞ্ছিত করা হয়। এ সময় হামলাকারীরা তাঁর স্ত্রীর গলায় থাকা প্রায় এক লাখ টাকা মূল্যের স্বর্ণের চেইন ছিনিয়ে নেয়। পাশাপাশি মামলা-মোকদ্দমা করলে খুন করে লাশ গুম করার হুমকি দেওয়া হয় বলে তিনি জানান। তাঁর অভিযোগ, হামলাকারীদের মধ্যে ছায়েদ আলী এলাকায় আওয়ামী ধূসর ও সন্ত্রাসী প্রকৃতির লোক হিসেবে পরিচিত।
![]()
ঘটনার পর গুরুতর আহত অবস্থায় তাঁকে ও তাঁর স্ত্রীকে চিকিৎসার জন্য মৌলভীবাজার ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে নেওয়া হয়। এ ঘটনায় তিনি বাদী হয়ে রাজনগর থানায় মামলা দায়ের করেছেন। মামলার নম্বর ০৬, তারিখ ১৩/১১/২৬ ইং।
সংবাদ সম্মেলনে শাইস্তা মিয়া প্রশাসন, পুলিশ সুপার ও রাজনগর থানা কর্তৃপক্ষের কাছে পাঁচ দফা দাবি জানান। দাবিগুলোর মধ্যে রয়েছে—দায়ের করা মামলার নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্ত, ঘটনার সঙ্গে জড়িত প্রকৃত অপরাধীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা, ভুক্তভোগী ও তাঁর পরিবারের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা, স্বর্ণালংকার ছিনিয়ে নেওয়ার অভিযোগ তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ এবং ভবিষ্যতে হামলা, হুমকি বা হয়রানি প্রতিরোধে কার্যকর পদক্ষেপ নেওয়া।
![]()
সংবাদ সম্মেলনে কান্নায় ভেঙে পড়ে শাইস্তা মিয়া বলেন, “আমি কোনো প্রতিহিংসা চাই না, চাই শুধু ন্যায়বিচার। একজন সাধারণ নাগরিক হিসেবে আমি ও আমার পরিবার যেন নিরাপদে বসবাস করতে পারি।”
তিনি আরও বলেন, “আজ আমি আপনাদের সামনে এ কথা বলছি—যদি প্রশাসন দ্রুত ব্যবস্থা না নেয়, তাহলে আমরা চরম নিরাপত্তাহীনতায় ভুগব। আমাদের পরিবারটি রক্ষা করুন, প্রকৃত অপরাধীদের আইনের আওতায় আনুন।”
এ সময় তিনি গণমাধ্যমের প্রতি তাঁর অসহায় পরিবারের পাশে দাঁড়ানো এবং বিষয়টি যথাযথভাবে তুলে ধরার জন্য বিনীত অনুরোধ জানান।










