জাতীয় ঐক্য গড়তে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে বসছেন তারেক রহমান

মুক্তিবাণী অনলাইন ডেক্স

জাতীয় ঐক্য গড়তে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে বসছেন তারেক রহমান

ছাত্র-জনতার আন্দোলনের মুখে ২০২৪ সালের ৫ আগস্ট ভারতে পালিয়ে যাওয়া শেখ হাসিনা ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন স্থানে অগ্নিসংযোগ, বোমা হামলা ও সন্ত্রাসী কর্মকাণ্ড শুরু করেছে। দলটির ফ্যাসিবাদী কার্যক্রম ও দুঃশাসনের ক্ষত এখনো বয়ে বেড়াচ্ছেন সাধারণ মানুষ। অথচ দেশ ছেড়ে পালানোর দুই বছরের মধ্যেই দলটির নেতাকর্মীরা আবারও সন্ত্রাসী কর্মকাণ্ড ও তাণ্ডবের প্রস্তুতি নিচ্ছেন। এর সর্বশেষ নজির দেখা গেছে সম্প্রতি গোপালগঞ্জে।

এমন পরিস্থিতিতে জুলাই গণ-অভ্যুত্থানে অংশ নেওয়া ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্য গড়ে তোলার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তাঁর আহ্বানে সাড়াও দিয়েছে বিভিন্ন রাজনৈতিক দল। এরই ধারাবাহিকতায় দলগুলোর সঙ্গে পর্যায়ক্রমে সংলাপের উদ্যোগ নিয়েছেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রীর দপ্তর ও রাজনৈতিক দলগুলোর সূত্রে জানা গেছে, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নাশকতামূলক কর্মকাণ্ড প্রতিরোধ এবং জাতীয় পর্যায়ে বৃহত্তর ঐক্য সুদৃঢ় করার লক্ষ্যেই এ প্রক্রিয়া শুরু হয়েছে। উদ্যোগের প্রথম ধাপে আজ সোমবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চার সদস্যের প্রতিনিধি দলের সঙ্গে প্রধানমন্ত্রীর সংলাপ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

ছবি মুক্তিবাণী

সরকারের এই সংলাপের আহ্বানকে প্রধান বিরোধী দল বাংলাদেশ জামায়াতে ইসলামী এবং বিএনপির যুগপৎ আন্দোলনের শরিক দলগুলো নীতিগতভাবে স্বাগত জানিয়েছে। তবে সংলাপের স্থায়িত্ব, গণভোটের রায় বাস্তবায়ন, ‘জুলাই জাতীয় সনদ’ কার্যকর করা এবং তৃণমূল পর্যায়ে রাজনৈতিক ঐক্য নষ্ট হওয়ার কারণ নিয়ে দলগুলোর মধ্যে ভিন্ন ভিন্ন পর্যবেক্ষণ ও শর্তও উঠে এসেছে।

বিএনপির ভাইস-চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেন, জাতীয় ঐক্যের স্বার্থে সংসদের বিরোধী দলসহ সব রাজনৈতিক দলকে এক জায়গায় এসে দাঁড়াতে হবে। তাঁর ভাষ্য, নিজের দোষ ও অপশাসনের কারণেই শেখ হাসিনা দেশ ছেড়ে প্রতিবেশী দেশে পালিয়ে গেছেন। এরপরও দেশে বিশৃঙ্খলা, মানুষ হত্যা এবং অগ্নিসন্ত্রাসের মতো কর্মকাণ্ড শুরু হয়েছে।

দুদু বলেন, শেখ হাসিনাকে যারা আশ্রয় দিয়েছে, সেই দেশটি বাংলাদেশকে একেবারে ফোকলা করে ফেলেছে। এমন কোনো খাত নেই, যেখান থেকে তারা লাভের টাকা নিয়ে যায়নি। সুদে-আসলে সবকিছু নিয়ে গেছে। আওয়ামী শাসকগোষ্ঠী দেশের অর্থনীতিকে ভঙ্গুর অবস্থায় ফেলে গেছে। সেই অর্থনীতি পুনঃপ্রতিষ্ঠায় সম্মিলিত উদ্যোগে প্রধানমন্ত্রী তারেক রহমান ও সরকারের পাশে দাঁড়াতে হবে। দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষা এবং দেশকে এগিয়ে নেওয়ার স্বার্থে সরকারকে সমর্থন জানাতে হবে। সবাইকে ঐক্যবদ্ধভাবে লড়াই করতে হবে।

সাম্প্রতিক সপ্তাহগুলোতে দেশের বিভিন্ন জেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও নাশকতামূলক কর্মকাণ্ড নিয়ে রাজনৈতিক অঙ্গনে উদ্বেগ তৈরি হয়েছে। জুলাই গণ-অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে ভারতে আশ্রয় নেওয়া শেখ হাসিনার আগামী ডিসেম্বরে দেশে ফেরার ঘোষণাকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে তৎপরতা এবং মাঠপর্যায়ে সহিংসতা ও সন্ত্রাসী কর্মকাণ্ড চলছে।

গোপালগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে চোরাগোপ্তা ককটেল হামলা, যানবাহনে অগ্নিসংযোগ, পুলিশের একাধিক স্থাপনা ও থানায় হামলা এবং গ্রামীণ ব্যাংকের অন্তত ৮৭টি শাখা কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এ ছাড়া সংসদ সদস্য এস এম জিলানী, মো. সেলিমুজ্জামান সেলিম ও কে এম বাবরের বাড়িঘরেও আগুন দেওয়া হয়েছে। এসব সহিংসতায় এখন পর্যন্ত বিএনপির তিন নেতা ও দুই বাসচালকসহ অন্তত পাঁচজন নিহত হয়েছেন। এসব ঘটনার সঙ্গে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা জড়িত বলে উল্লেখ করা হয়েছে। তাঁদের অনেককেই ইতোমধ্যে গ্রেপ্তার করা হয়েছে।

এ পরিস্থিতির পরিপ্রেক্ষিতে গত ১৮ নভেম্বর জাতীয় সংসদের সমাপনী অধিবেশনে দেওয়া বক্তব্যে প্রধানমন্ত্রী তারেক রহমান কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে ‘সন্ত্রাসী গোষ্ঠী’ হিসেবে আখ্যায়িত করেন। এই গোষ্ঠীর নাশকতা প্রতিহত করতে জুলাই গণ-অভ্যুত্থানের পক্ষের সব ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক শক্তিকে এক মঞ্চে আসার আহ্বান জানান তিনি।

একই দিন সংসদে বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানও রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্যের প্রয়োজনীয়তা তুলে ধরেন। ওই দিন প্রধানমন্ত্রী ও বিরোধীদলীয় নেতার মধ্যে একটি একান্ত বৈঠকও অনুষ্ঠিত হয়। জামায়াত সূত্র জানিয়েছে, বৈঠকে রাজনৈতিক ঐক্য ও সংলাপ নিয়ে আলোচনা হয়।

যমুনায় এনসিপির সঙ্গে বৈঠকের মধ্য দিয়ে সংলাপ শুরু

প্রধানমন্ত্রীর কার্যালয় ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সূত্রে জানা গেছে, সোমবার দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এনসিপির চার সদস্যের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকের মধ্য দিয়ে প্রধানমন্ত্রীর রাজনৈতিক সংলাপ আনুষ্ঠানিকভাবে শুরু হতে যাচ্ছে। প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন এনসিপির আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।

এনসিপির যুগ্ম আহ্বায়ক ও রাজনৈতিক পরিষদের সদস্য সারোয়ার তুষার বিষয়টি নিশ্চিত করে জানান, প্রধানমন্ত্রীর আমন্ত্রণে ২৩ নভেম্বর এনসিপির প্রতিনিধি দল তাঁর সঙ্গে সাক্ষাৎ করবে। দলটি এই আমন্ত্রণকে ইতিবাচকভাবে নিয়েছে। তবে বৈঠকে অংশ নেওয়ার পাশাপাশি জাতীয় ঐক্যের ভিত্তি ও স্থায়িত্ব নিয়ে নিজেদের স্পষ্ট অবস্থান তুলে ধরেছেন দলটির শীর্ষ নেতারা।

এনসিপির সদস্যসচিব ও সংসদ সদস্য আখতার হোসেন গণমাধ্যমকে বলেন, এনসিপি প্রধানমন্ত্রীর ঐক্যের আহ্বানকে ইতিবাচকভাবে দেখছে। তবে সেই ঐক্যের ধারাবাহিকতা থাকা জরুরি। তিনি বলেন, ফ্যাসিবাদের বিরুদ্ধে দেশে একটি স্বাভাবিক ঐক্য রয়েছে। এখন নতুন করে ঐক্যের কথা বলতে হচ্ছে, এর অর্থ কোথাও না কোথাও সেই ঐক্যে চিড় ধরেছে। এর কারণ অনুসন্ধান করতে হবে। একই সঙ্গে ঐক্যের একটি ভিত্তিমূল থাকা জরুরি।

এনসিপির নীতিনির্ধারণী ফোরাম রাজনৈতিক পরিষদের সূত্র অনুযায়ী, সোমবারের বৈঠকে দলটির পক্ষ থেকে প্রধানমন্ত্রীর সামনে কয়েকটি সুনির্দিষ্ট বিষয় তুলে ধরা হবে। এগুলো হলো—ঐক্যের ভিত্তি নির্ধারণ, গণভোটের রায় বাস্তবায়ন, ফ্যাসিবাদী ও সন্ত্রাসী সংগঠন হিসেবে আওয়ামী লীগের বিচার এবং জুলাই গণহত্যার বিচারকে জাতীয় ঐক্যের মূল ভিত্তি হিসেবে প্রতিষ্ঠা করা।

এ ছাড়া গণভোটের আলোকে ‘জুলাই জাতীয় সনদ’ বাস্তবায়নসহ দলটির ঘোষিত পাঁচ দফা দাবি ও রাষ্ট্রীয় সংস্কারের প্রশ্নে নিজেদের অনড় অবস্থান তুলে ধরবে এনসিপি। জুলাই গণ-অভ্যুত্থানের পর যেসব কারণে ফ্যাসিবাদবিরোধী শক্তিগুলোর মধ্যে দূরত্ব তৈরি হয়েছে, সেগুলো পর্যালোচনার বিষয়টিও আলোচনায় আসবে। পাশাপাশি বিএনপির কিছু নেতাকর্মীর বিরুদ্ধে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের আশ্রয় ও প্রশ্রয় দেওয়ার যে অভিযোগ উঠেছে, সে বিষয়ে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করবে দলটি।

গণভোটের রায় বাস্তবায়নে গুরুত্ব জামায়াতের

সংসদের প্রধান বিরোধী দল বাংলাদেশ জামায়াতে ইসলামী এবং দলটির নেতৃত্বাধীন ১১-দলীয় জোট প্রধানমন্ত্রীর জাতীয় ঐক্যের আহ্বানকে নীতিগতভাবে স্বাগত জানিয়েছে। তবে ঐক্যের রূপরেখা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে তাদের নিজস্ব বক্তব্যও রয়েছে।

জামায়াতের জ্যেষ্ঠ নেতাদের সূত্রে জানা গেছে, গত ১৮ নভেম্বর প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে একান্ত বৈঠকে বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান দুটি সুনির্দিষ্ট প্রস্তাব দেন। প্রথমটি হলো সংসদে গণভোটের রায় বাস্তবায়ন এবং দ্বিতীয়টি রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপের মাধ্যমে ঐক্য গড়ে তোলা। বিরোধীদলীয় নেতার মতে, ফ্যাসিবাদবিরোধী দলগুলোর মধ্যে বিভক্তির সুযোগ নিয়ে নিষিদ্ধ ঘোষিত শক্তি আবারও রাজপথে নাশকতা চালানোর চেষ্টা করছে।

জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন বিরোধীদলীয় জোট ‘১১-দলীয় ঐক্য’ জরুরি বৈঠক করে প্রধানমন্ত্রীর ঐক্যের আহ্বানকে আনুষ্ঠানিকভাবে সাধুবাদ জানিয়েছে। দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেন, জাতীয় ঐক্যের মূল ভিত্তি হতে হবে গণভোটের রায় বাস্তবায়ন।

জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের গণমাধ্যমকে জানিয়েছেন, দলটির আমির ডা. শফিকুর রহমান বর্তমানে অস্ট্রেলিয়া ও মালয়েশিয়া সফরে রয়েছেন। আগামী ২৬ নভেম্বর তাঁর দেশে ফেরার কথা রয়েছে। তিনি দেশে ফেরার পর ২৭ বা ২৮ নভেম্বর জামায়াতে ইসলামীর নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর সংলাপ অনুষ্ঠিত হতে পারে।

সংলাপের উদ্যোগকে স্বাগত যুগপৎ আন্দোলনের শরিকদের

প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সংলাপের উদ্যোগকে স্বাগত জানিয়েছেন বিএনপির সঙ্গে দীর্ঘদিন যুগপৎ আন্দোলনে থাকা রাজনৈতিক দলগুলোর শীর্ষ নেতারাও। তাঁদের মতে, রাজনীতির মাঠে আদর্শিক, নীতিগত ও কৌশলগত বিভিন্ন ইস্যুতে দলগুলোর মধ্যে মতপার্থক্য থাকা গণতান্ত্রিক চর্চার অংশ। তবে দেশের যেকোনো সংকটময় সময়ে জাতীয় স্বার্থ, স্বাধীনতা-সার্বভৌমত্ব ও জাতীয় নিরাপত্তার প্রশ্নে সব দলের মধ্যে ঐক্য থাকা অপরিহার্য।

যুগপৎ আন্দোলনের শরিক দলগুলোর নেতারা মনে করেন, বর্তমান বহুমুখী অর্থনৈতিক চাপ, ভূরাজনৈতিক বাস্তবতা এবং অভ্যন্তরীণ নাশকতা কোনো একক দলের পক্ষে মোকাবিলা করা কঠিন। সরকারপ্রধান সব রাজনৈতিক দলের পরামর্শ ও সহযোগিতা নেওয়ার যে মানসিকতা দেখিয়েছেন, তা দলগুলোর মধ্যকার দূরত্ব ও অবিশ্বাস কমাতে সহায়ক হবে।

যুগপৎ আন্দোলনের অন্যতম নেতা এবং বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেন, রাজনৈতিক নানা ইস্যুতে তাঁদের মধ্যে মতপার্থক্য থাকলেও জাতীয় স্বার্থ, জাতীয় নিরাপত্তা এবং স্বাধীনতা-সার্বভৌমত্বের প্রশ্নে সবার ঐক্য থাকা প্রয়োজন।

তিনি বলেন, এর আগে ২০ জুলাই তাঁরা প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করেছিলেন। ৪ আগস্ট একটি অনুষ্ঠানেও তাঁদের আমন্ত্রণ জানানো হয়েছিল। সেখানে প্রধানমন্ত্রী তাঁদের বক্তব্য শুনেছিলেন। আবারও প্রধানমন্ত্রী তারেক রহমান বিভিন্ন দলের সঙ্গে বসার উদ্যোগ নিয়েছেন, যা ইতিবাচক।

সাইফুল হক বলেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ দেশকে গৃহযুদ্ধের দিকে নিতে চায়। ভয়ংকর পরিস্থিতি তৈরি করা হয়েছে। এ ধরনের সংকট মোকাবিলা করা সরকারের একার পক্ষে সম্ভব নয়। এ জন্য সবাইকে নিয়ে ঐক্যবদ্ধ হতে হবে এবং জনগণকে সম্পৃক্ত করতে হবে। জনগণই সন্ত্রাস ও নাশকতার জবাব দেবে।

ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) চেয়ারম্যান ও জাতীয়তাবাদী সমমনা জোটের সমন্বয়ক ড. ফরিদুজ্জামান ফরহাদ বলেন, এই সংকটময় সময়ে এ ধরনের উদ্যোগ ভালো। কারণ, প্রতিবেশী দেশ থেকে পলাতক আওয়ামী লীগের নেতাকর্মীরা দেশকে অস্থিতিশীল করছেন এবং নানা ধরনের উসকানি দেওয়া হচ্ছে। এমন পরিস্থিতিতে সবার মধ্যে ঐক্য তৈরি হবে এবং পারস্পরিক সম্পর্ক আরও ঘনিষ্ঠ হবে। এতে দেশ পরিচালনাও সহজ হবে।

নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেন, তাঁরা এখনো আমন্ত্রণ পাননি। আমন্ত্রণ পেলে আলোচনার বিষয়ে কথা বলা যাবে।

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেন, দীর্ঘ ফ্যাসিবাদী দুঃশাসনের বিরুদ্ধে যারা ঐক্যবদ্ধভাবে আন্দোলন করেছেন, তাঁদের সঙ্গে বিএনপির বরাবরই ঘনিষ্ঠতা রয়েছে। সরকার গঠনের আগে ও পরে একাধিকবার তাঁদের সঙ্গে বৈঠক ও আলোচনা হয়েছে। এরই ধারাবাহিকতায় প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান নতুন করে সংলাপের উদ্যোগ নিয়েছেন।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, জাতীয় স্থিতিশীলতা ও অর্থনৈতিক উন্নয়ন বাধাগ্রস্ত করতে যে ষড়যন্ত্র চলছে, তা কোনো একক দলের বিষয় নয়; বরং পুরো জাতির বিষয়। যেসব দেশপ্রেমিক রাজনৈতিক দল দেশের উন্নতি চায়, তাদের এ ক্ষেত্রে ঐক্যবদ্ধ থাকা উচিত।

স্থায়ী কমিটির আরেক সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, আওয়ামী লীগ সন্ত্রাসী দল হিসেবে বিশৃঙ্খলা করছে। এ পরিস্থিতি মোকাবিলায় জাতীয় ঐক্য প্রয়োজন। ১৭ বছর ধরে ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াইয়ের মধ্য দিয়ে যেভাবে স্বৈরাচারকে হটানো হয়েছে, একইভাবে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি ফিরিয়ে আনতে সবাইকে রাজপথে নামতে হবে।

monir
Admin

ফেসবুকে

সর্বশেষ আপডেট

এক ক্লিকে বিভাগের খবর


ভিডিও