![]()
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ককে প্রবেশ-নিয়ন্ত্রিত এক্সপ্রেসওয়েতে রূপান্তরের জন্য বড় প্রকল্প নেওয়ার পরিকল্পনা করছে সরকার। প্রায় ২৩৩ কিলোমিটার দীর্ঘ এই এক্সপ্রেসওয়ের কোনো অংশ নির্মিত হবে উড়ালপথে, কোনো অংশ মাটির ওপর দিয়ে। এতে অটোরিকশা, রিকশা, মোটরসাইকেলসহ স্থানীয় যানবাহনের প্রবেশ নিষিদ্ধ থাকবে। প্রকল্পটি বাস্তবায়িত হলে ঢাকা থেকে চট্টগ্রামে পৌঁছাতে সময় লাগবে মাত্র তিন ঘণ্টা। বর্তমানে এ পথে গড়ে সাত ঘণ্টা সময় লাগে। যানজট ও দুর্যোগের কারণে যাতায়াতের সময় আরও বেড়ে যায়। প্রস্তাবিত এক্সপ্রেসওয়ে ব্যবহারের জন্য টোল দিতে হবে।
প্রস্তাবিত এক্সপ্রেসওয়েটি ঢাকার যাত্রাবাড়ী থেকে শুরু হয়ে চট্টগ্রামের সাগরিকা মোড় পর্যন্ত বিস্তৃত হবে। এটি বর্তমান ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের (এন-১) পথ অনুসরণ করবে। তবে সাধারণ মহাসড়কের মতো যেকোনো স্থান দিয়ে এতে যানবাহন প্রবেশ বা বের হতে পারবে না। এ জন্য নির্ধারিত প্রবেশ ও বহির্গমন পথ ব্যবহার করতে হবে। এক্সপ্রেসওয়েটির মোট দৈর্ঘ্য হবে প্রায় ২৩৩ কিলোমিটার। এর মূল ছয় লেনে দ্রুতগতির যানবাহন চলাচল করবে। স্থানীয় যানবাহনের জন্য দুই পাশে থাকবে আলাদা দুটি সড়ক।
![]()
প্রকল্পের সম্ভাব্যতা যাচাই ও নকশাসংক্রান্ত নথি থেকে এসব তথ্য জানা গেছে। এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) অর্থায়নে ২০২৫ সালে সম্ভাব্যতা সমীক্ষা ও বিস্তারিত নকশা প্রণয়ন করা হয়। এতে ২০২৭ সালের জানুয়ারিতে প্রকল্পের বাস্তবায়নকাজ শুরু এবং ২০৩২ সালের ডিসেম্বরের মধ্যে শেষ করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
প্রস্তাবিত নকশায় প্রকল্পটি নির্মাণের জন্য তিনটি বিকল্প তুলে ধরা হয়েছে। প্রথম বিকল্পে পুরো এক্সপ্রেসওয়ে উড়ালপথে নির্মাণের কথা বলা হয়েছে। অন্য দুটি বিকল্পে উড়ালপথের পাশাপাশি মাটির ওপর দিয়েও মহাসড়ক নির্মাণের প্রস্তাব রয়েছে। প্রতিটি বিকল্পের নির্মাণব্যয় আলাদা। সড়ক পরিবহন মন্ত্রণালয়ের অধীন সড়ক ও জনপথ (সওজ) অধিদপ্তর প্রকল্পটি বাস্তবায়নের দায়িত্ব পেয়েছে।
সড়ক পরিবহন মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, প্রস্তাবিত বিকল্পগুলোর মধ্যে দ্বিতীয়টি প্রাথমিকভাবে নির্বাচন করা হয়েছে। এ পরিকল্পনা অনুযায়ী, মহাসড়কের প্রায় ৬৫ কিলোমিটার হবে উড়ালপথে এবং বাকি প্রায় ১৬৮ কিলোমিটার নির্মিত হবে মাটির ওপর দিয়ে। এই বিকল্পে নির্মাণব্যয় ধরা হয়েছে ৭১ হাজার ২১৩ কোটি টাকা। এর সঙ্গে ২০ বছরের পরিচালন ব্যয় ৫৪ হাজার ১৬৫ কোটি টাকা যোগ করলে মোট ব্যয় দাঁড়াবে ১ লাখ ২৫ হাজার ৩৭৮ কোটি টাকা।
সওজের প্রধান প্রকৌশলী মো. মনিরুজ্জামান গণমাধ্যমকে বলেন, ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক দেশের সবচেয়ে ব্যস্ত সড়ক। এটির সক্ষমতা বাড়ানো জরুরি। সমীক্ষা ও নকশা প্রণয়নের কাজ সম্পন্ন হয়েছে। এখন সরকারের শীর্ষ পর্যায় থেকে চূড়ান্ত সিদ্ধান্ত পেলেই কাজ শুরুর উদ্যোগ নেওয়া হবে।
সড়ক পরিবহন মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, সরকারি-বেসরকারি অংশীদারত্বের (পিপিপি) ভিত্তিতে প্রকল্পটি বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে। পাশাপাশি সরকার-টু-সরকার (জিটুজি) ভিত্তিতে বিদেশি অর্থায়ন পাওয়ার চেষ্টাও করা হতে পারে। তবে সার্বিক বিষয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের চূড়ান্ত নির্দেশনা প্রয়োজন। আগামী সপ্তাহেই এ বিষয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক হওয়ার সম্ভাবনা রয়েছে।
সওজ সূত্র জানায়, প্রস্তাবিত অন্য একটি বিকল্পে ৯৫ কিলোমিটার উড়ালপথে এবং বাকি প্রায় ১৩৮ কিলোমিটার মাটির ওপর দিয়ে নির্মাণের কথা বলা হয়েছে। এ ক্ষেত্রে নির্মাণব্যয় ধরা হয়েছে ৭৯ হাজার ২২৫ কোটি টাকা। পরিচালন ব্যয় হবে ১ লাখ ২৬ হাজার কোটি টাকার বেশি। নির্মাণ ও পরিচালনা মিলিয়ে এ বিকল্পে মোট ব্যয় দাঁড়াবে ২ লাখ ৫ হাজার কোটি টাকার বেশি।
তৃতীয় বিকল্পে পুরো ২৩২ দশমিক ৭৬ কিলোমিটার উড়ালপথে নির্মাণের প্রস্তাব রয়েছে। এতে শুধু নির্মাণকাজেই ব্যয় হবে প্রায় ১ লাখ ৫২ হাজার কোটি টাকা। পরিচালন ব্যয় যুক্ত হলে মোট খরচ দাঁড়াবে প্রায় সাড়ে ৩ লাখ কোটি টাকা।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক দেশের সবচেয়ে ব্যস্ত সড়ক। এটির সক্ষমতা বাড়ানো জরুরি। সমীক্ষা, নকশা প্রণয়ন—সবই সম্পন্ন হয়েছে। এখন সরকারের শীর্ষ পর্যায় থেকে চূড়ান্ত সিদ্ধান্ত পেলেই কাজ শুরুর উদ্যোগ নেওয়া হবে।
প্রকল্প পরিকল্পনা অনুযায়ী, বিদ্যমান চার লেনের মহাসড়ককে এক্সপ্রেসওয়েতে উন্নীত করা হবে। যানবাহনের চাপ বিবেচনায় বিভিন্ন অংশে আলাদা লেনের ব্যবস্থা রাখা হবে। নকশায় ঢাকা থেকে নারায়ণগঞ্জের মদনপুর পর্যন্ত পুরো অংশকে উড়ালপথে ১০ লেনের মহাসড়ক হিসেবে নির্মাণের প্রস্তাব করা হয়েছে। বাকি অংশে থাকবে ছয় লেনের মূল মহাসড়ক। এর পাশে স্থানীয় যানবাহনের জন্য আলাদা লেন রাখা হবে।
প্রকল্পের আওতায় সাতটি বড় সংযোগস্থল বা সিস্টেম ইন্টারচেঞ্জ নির্মাণের পরিকল্পনা রয়েছে। এগুলোর মাধ্যমে গুরুত্বপূর্ণ মহাসড়ক ও সড়ক নেটওয়ার্কের সঙ্গে এক্সপ্রেসওয়ের সংযোগ স্থাপন করা হবে। নির্ধারিত সংযোগস্থল ছাড়া অন্য কোনো স্থান দিয়ে যানবাহন এক্সপ্রেসওয়েতে প্রবেশ বা বের হতে পারবে না। এতে দূরপাল্লার যানবাহন ও স্থানীয় যানবাহনের চলাচল পৃথক থাকবে।
এ ছাড়া ছোট সড়ক থেকে যানবাহন প্রবেশ ও বের হওয়ার জন্য ২৯টি সার্ভিস ইন্টারচেঞ্জ নির্মাণ করা হবে। স্থানীয় যানবাহন ও পথচারীদের চলাচলের সুবিধার্থে ৯১টি আন্ডারপাস নির্মাণের প্রস্তাব রয়েছে। মহাসড়কের চারটি স্থানে রেলক্রসিংয়ের ওপর উড়ালপথ বা সেতু নির্মাণের পরিকল্পনাও করা হয়েছে। এতে ট্রেন চলাচলের সময় এক্সপ্রেসওয়ের যানবাহনকে অপেক্ষা করতে হবে না। পাশাপাশি বিভিন্ন স্থানে নতুন করে নয়টি সেতু নির্মাণের প্রস্তাব রয়েছে।
সওজ সূত্র জানায়, দেশের সবচেয়ে ব্যস্ত ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক চট্টগ্রাম বন্দরের সঙ্গে রাজধানী ও দেশের অন্যান্য অঞ্চলের যোগাযোগের প্রধান মাধ্যম। এ পথ দিয়ে আন্তর্জাতিক বাণিজ্যের ৯২ শতাংশ এবং রপ্তানি বাণিজ্যের ৮১ শতাংশ পরিচালিত হয়। এ কারণে মহাসড়কটিকে দেশের অর্থনীতির লাইফলাইন হিসেবে বিবেচনা করা হয়।
সমীক্ষায় বলা হয়েছে, মহাসড়কটির অপর্যাপ্ত সক্ষমতা, বিভিন্ন ধরনের যানবাহনের একসঙ্গে চলাচল এবং ক্রমবর্ধমান যানজটের কারণে যাতায়াতের সময় ও পরিবহন ব্যয় বাড়ছে। একই সঙ্গে কমছে সড়কের সেবার মান এবং তৈরি হচ্ছে নিরাপত্তাঝুঁকি। এসব সমস্যা দূর করে দ্রুত, নিরাপদ ও নিরবচ্ছিন্ন যোগাযোগব্যবস্থা গড়ে তোলাই ঢাকা-চট্টগ্রাম এক্সপ্রেসওয়ে নির্মাণের অন্যতম উদ্দেশ্য।
প্রকল্পটির আরেকটি লক্ষ্য হলো দেশের শিল্প ও বিনিয়োগ কার্যক্রমে গতি আনা। এক্সপ্রেসওয়ের মাধ্যমে প্রধান শিল্পাঞ্চল, রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল (ইপিজেড) এবং তৈরি পোশাকশিল্পের সঙ্গে সরাসরি যোগাযোগ সহজ হবে। এতে বিদেশি বিনিয়োগ আকৃষ্ট হওয়ার পাশাপাশি শিল্পের উৎপাদন ও পণ্য পরিবহনে গতি আসবে। মহাসড়কের সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে নতুন বিনিয়োগ ও কর্মসংস্থান সৃষ্টি এবং মোট দেশজ উৎপাদনে (জিডিপি) অবদান বাড়ানোর পরিকল্পনাও রয়েছে।
এ ছাড়া এশিয়ান হাইওয়ে, আঞ্চলিক সহযোগিতা উদ্যোগ এবং বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের (বিআরআই) সঙ্গে সংযোগ স্থাপনের মাধ্যমে আঞ্চলিক যোগাযোগ, আন্তর্জাতিক সরবরাহব্যবস্থা ও পণ্য পরিবহন সহজ করাও প্রকল্পটির অন্যতম লক্ষ্য।
সমীক্ষায় ২০২৩ সালের যানবাহন চলাচলের তথ্যের ভিত্তিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বিভিন্ন অংশে দৈনিক যানবাহনের সংখ্যা তুলে ধরা হয়েছে। এতে দেখা যায়, ঢাকার যাত্রাবাড়ী থেকে নারায়ণগঞ্জের সোনারগাঁ পর্যন্ত অংশে প্রতিদিন ৫৫ থেকে ৭২ হাজার যানবাহন চলাচল করে। সোনারগাঁ থেকে কুমিল্লার সুয়াগাজী বাজার পর্যন্ত দৈনিক যানবাহনের সংখ্যা ৪৫ থেকে ৫৫ হাজার। অন্যদিকে, সুয়াগাজী বাজার থেকে চট্টগ্রামের সাগরিকা মোড় পর্যন্ত প্রতিদিন ৩৮ থেকে ৪৫ হাজার যানবাহন চলাচল করে।
নতুন এক্সপ্রেসওয়েটিকে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে, ইনার রিং রোড ও আউটার রিং রোডের সঙ্গে সমন্বয়ের পরিকল্পনা রয়েছে। চট্টগ্রাম প্রান্তে আউটার রিং রোড, কর্ণফুলী টানেলসহ বিদ্যমান সড়ক নেটওয়ার্কের সঙ্গে সংযোগের বিষয়টিও নকশায় উল্লেখ করা হয়েছে। এর ফলে চট্টগ্রাম বন্দর, শিল্পাঞ্চল ও অর্থনৈতিক অঞ্চলগুলোর সঙ্গে দেশের অন্যান্য অঞ্চলের পণ্য পরিবহন সহজ হবে।
এক্সপ্রেসওয়ে ব্যবহারের জন্য যানবাহনকে টোল দিতে হবে। প্রকল্পে চারটি প্রধান টোল প্লাজা এবং ১০০টি ছোট বা স্যাটেলাইট টোল প্লাজা নির্মাণের প্রস্তাব রয়েছে। প্রধান চারটি টোল প্লাজার মধ্যে একটি নারায়ণগঞ্জের মদনপুরে, দুটি কুমিল্লার সুয়াগাজী বাজারে এবং অন্যটি চট্টগ্রামের সলিমপুরে নির্মাণের পরিকল্পনা করা হয়েছে। প্রধান টোল প্লাজার প্রতিটিতে ১০টি করে এবং স্যাটেলাইট টোল প্লাজাগুলোতে দুটি করে টোল আদায়ের গেট রাখার প্রস্তাব রয়েছে। পাশাপাশি থাকবে আধুনিক ইলেকট্রনিক টোল আদায়ব্যবস্থা।
যানবাহন থামানো, বিশ্রাম ও প্রয়োজনীয় সেবা গ্রহণের জন্য চারটি সার্ভিস এরিয়া নির্মাণের পরিকল্পনাও রয়েছে। এসব স্থানে খাবার, বিশ্রাম, জ্বালানি, বৈদ্যুতিক গাড়ি চার্জিং, মেরামত ও পার্কিংয়ের সুবিধা থাকবে। পণ্যবাহী যানবাহনের জন্য ১৫টি স্থানে আলাদা ট্রাক পার্কিংয়ের ব্যবস্থা করা হবে। এসব স্থানে প্রায় তিন হাজার পণ্যবাহী যানবাহন রাখা যাবে।
প্রকল্পের নথি অনুযায়ী, প্রয়োজনীয় জমির প্রায় ৯২ শতাংশই ইতিমধ্যে সওজের বিদ্যমান সড়কসীমার মধ্যে রয়েছে। তবে অতিরিক্ত প্রায় ১৪৫ হেক্টর জমির প্রয়োজন হবে। এসব জমির বড় অংশ লাগবে সংযোগস্থল, টোল প্লাজা ও সার্ভিস এরিয়া নির্মাণের জন্য।
জমি অধিগ্রহণ, ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের পুনর্বাসন এবং বিদ্যুৎ, গ্যাসসহ বিভিন্ন পরিষেবা লাইন স্থানান্তরের জন্য একটি সহায়ক প্রকল্প নেওয়ার প্রস্তাব রয়েছে। এসব কাজে সাত হাজার কোটি টাকার বেশি ব্যয় হতে পারে বলে সওজ সূত্র জানিয়েছে।
প্রকল্পের জন্য প্রয়োজনীয় জমির প্রায় ৯২ শতাংশ ইতিমধ্যে সওজের বিদ্যমান সড়কসীমার মধ্যে রয়েছে। অতিরিক্ত প্রায় ১৪৫ হেক্টর জমির প্রয়োজন হবে। এসব জমির বড় অংশ লাগবে সংযোগস্থল, টোল প্লাজা ও সার্ভিস এরিয়া নির্মাণের জন্য।
সড়ক পরিবহন মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, নির্মাণকাজের বেশির ভাগ ব্যয় বহন করবে ঠিকাদারি প্রতিষ্ঠান। তবে নির্মাণব্যয়ের ৩০ থেকে ৪০ শতাংশ পর্যন্ত সরকারি সহায়তার প্রয়োজন হতে পারে। এ ধরনের সহায়তাকে ভায়াবিলিটি গ্যাপ ফান্ডিং বা ভিজিএফ বলা হয়। বিশ্বব্যাপী পিপিপি প্রকল্পে এ পদ্ধতিতে অর্থায়ন করা হয়ে থাকে। ৬৫ কিলোমিটার উড়ালপথ ধরে ব্যয় নির্ধারণ করা হলে সরকারকে সাড়ে ২১ হাজার কোটি টাকা জোগান দিতে হবে বলে সমীক্ষায় উল্লেখ করা হয়েছে।
সমীক্ষায় প্রকল্পটির জন্য ২৫ বছরের কনসেশন মেয়াদ বিবেচনায় নেওয়া হয়েছে। অর্থাৎ নির্মাণের পর নির্দিষ্ট সময় শেষে ঠিকাদারি প্রতিষ্ঠান সরকারকে প্রকল্প বুঝিয়ে দেবে। এই সময়সীমাকেই কনসেশন মেয়াদ বলা হয়। এতে নির্মাণকাজের জন্য পাঁচ বছর এবং পরিচালনার জন্য ২০ বছর ধরা হয়েছে।
সমীক্ষায় এক্সপ্রেসওয়ের টোল থেকে ২০ বছরে মোট প্রায় ২ লাখ ৬৬ হাজার কোটি টাকা আয়ের পূর্বাভাস দেওয়া হয়েছে। তবে ভবিষ্যতের এই আয়কে বর্তমান মূল্যে হিসাব করলে এর প্রকৃত পরিমাণ কমে দাঁড়ায় ৪৪ হাজার ৬৪১ কোটি টাকা। এ কারণে কনসেশন মেয়াদ কমবেশি হতে পারে বলে জানিয়েছেন সওজ কর্মকর্তারা।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ক্রমবর্ধমান যান চলাচলের বিষয়টি বিবেচনায় নিয়ে সরকার ২০০৪ সালে প্রবেশ নিয়ন্ত্রণসহ একটি মহাসড়ক নির্মাণের পরিকল্পনা গ্রহণ করে। ২০০৮ সালে এডিবি প্রকল্পটির সম্ভাব্যতা যাচাই ও নকশা প্রণয়নের জন্য প্রায় ১০০ কোটি টাকা ঋণ দেওয়ার আগ্রহ প্রকাশ করে।
২০১৩ সালের মার্চে অর্থনৈতিক বিষয়সংক্রান্ত কমিটি পিপিপির অধীন প্রকল্পটি বাস্তবায়নের অনুমোদন দেয়। পরের মাসে সম্ভাব্যতা যাচাই ও বিস্তারিত নকশা প্রণয়নের জন্য পরামর্শক প্রতিষ্ঠান নিয়োগ করা হয়। ২০১৫ সালের অক্টোবরে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে প্রতিবেদনটি উপস্থাপন করা হলে তিনি তাতে সম্মতি দেন।
সংশ্লিষ্ট সূত্র জানায়, বিভিন্ন সময়ে চীনের একাধিক রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান এক্সপ্রেসওয়ে নির্মাণে আগ্রহ প্রকাশ করেছে। ২০১৫ সালে চায়না হারবার ইঞ্জিনিয়ারিং কোম্পানি (সিএইচইসি) সরকারের সঙ্গে সমঝোতা স্মারক স্বাক্ষর করে। একই বছর পলিটেকনোলজি ও চায়না রেলওয়ে কনস্ট্রাকশন করপোরেশনও আগ্রহ প্রকাশ করে। ২০১৬ সালে চায়না রেলওয়ে ইন্টারন্যাশনাল গ্রুপ (সিআরআইজি) অর্থায়নসহ প্রকল্প বাস্তবায়নের প্রস্তাব দেয়। পরের বছর, ২০১৭ সালের আগস্টে, চায়না স্টেট কনস্ট্রাকশন ইঞ্জিনিয়ারিং করপোরেশন (সিএসসিইসি) জিটুজি ও বিওটি ভিত্তিতে প্রকল্পটি নির্মাণের প্রস্তাব দেয়।
এরপর ২০২১ সালে তৎকালীন আওয়ামী লীগ সরকার এক্সপ্রেসওয়ে প্রকল্পটি বাতিল করে দেয়। সওজ সূত্র জানায়, গুরুত্বপূর্ণ এই মহাসড়ক চীনা কোম্পানির নিয়ন্ত্রণে চলে যাবে—এমন যুক্তিতে তৎকালীন সরকারের ভেতরে প্রকল্পটির বিরোধিতা ছিল। এ কারণেই প্রকল্পটির কাজ আর এগোয়নি।
অন্তর্বর্তী সরকারের সময় প্রকল্পটির সম্ভাব্যতা যাচাইয়ের জন্য পুনরায় পরামর্শক নিয়োগ করা হয়। এ ছাড়া বিএনপির নির্বাচনী ইশতেহারেও ঢাকা-চট্টগ্রাম এক্সপ্রেসওয়ে নির্মাণের অঙ্গীকার করা হয়। গত ফেব্রুয়ারিতে বিএনপি সরকার গঠনের পর প্রকল্পটি বাস্তবায়নে নতুন করে তৎপরতা শুরু হয়েছে।
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) পুরকৌশল বিভাগের অধ্যাপক সামছুল হক গণমাধ্যমকে বলেন, দেশের একটি মহাসড়ককে এক্সপ্রেসওয়েতে রূপান্তর করতে হলে সবার আগে ঢাকা-চট্টগ্রাম করিডরকে অগ্রাধিকার দিতে হবে। কৌশলগত দিক থেকেও এই পথের গুরুত্ব বেশি। এ পথে অর্থ বিনিয়োগ করলে তা নিশ্চিতভাবেই দ্রুততম সময়ে উঠে আসবে। পাশাপাশি আর্থসামাজিক উন্নয়ন ও কর্মসংস্থানে ভূমিকা রাখবে এবং ভবিষ্যতে আঞ্চলিক যোগাযোগব্যবস্থার সঙ্গে যুক্ত হতে সহায়তা করবে।
সামছুল হক আরও বলেন, এই মহাসড়কের উন্নয়নে অর্থ ব্যয়ের ক্ষেত্রে সরকার উদার হলে সমস্যা নেই। অর্থাৎ সর্বোচ্চ সদ্ব্যবহার নিশ্চিত করতে বাড়তি অর্থের প্রয়োজন হলেও তা ব্যয় করা উচিত। পুরো মহাসড়ক উড়ালপথে নির্মাণ করলে বেশি লাভ হলে সেই বিকল্পও বিবেচনায় নেওয়া যেতে পারে।










