চার বছরে ২৫ হাজার উদ্যোক্তা তৈরির উদ্যোগ সরকারের

চার বছরে ২৫ হাজার উদ্যোক্তা তৈরির উদ্যোগ সরকারের
চার বছরে ২৫ হাজার উদ্যোক্তা তৈরির উদ্যোগ সরকারের
মুক্তিবাণী অনলাইন ডেক্স

চার বছরে ২৫ হাজার উদ্যোক্তা তৈরির উদ্যোগ সরকারের

আগামী চার বছরে দেশে ২৫ হাজারের বেশি নতুন উদ্যোক্তা তৈরির পরিকল্পনা নিয়েছে সরকার। এ তথ্য জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

রোববার (২২ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ১৩তম জাতীয় এসএমই পণ্য মেলার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ পরিকল্পনার কথা জানান।

প্রধানমন্ত্রী বলেন, ‘নারী-পুরুষের মধ্যে যারা উদ্যোক্তা হতে আগ্রহী, তাদের জন্য এসএমই ফাউন্ডেশন এর মধ্যে ‘এসএমই সৃষ্টি’ নামে একটি বিশেষ কর্মসূচি গ্রহণ করেছে। এই কর্মসূচির আওতায় আগামী চার বছরে দেশের ৬৪ জেলায় প্রতি বছর ১০০ জন নতুন উদ্যোক্তা সৃষ্টির পরিকল্পনা নেওয়া হয়েছে। ফলে আশা করছি, আগামী চার বছরে ২৫ হাজারের বেশি নতুন উদ্যোক্তা তৈরি করা সম্ভব হবে’।

তারেক রহমান বলেন, ক্ষুদ্র ও মাঝারি শিল্পের বিকাশ ছাড়া দেশের অর্থনৈতিক অগ্রগতি সম্ভব নয়। পরিবর্তিত অর্থনৈতিক বাস্তবতা বিবেচনায় নিয়ে শিগগিরই মন্ত্রিসভায় এসএমই নীতিমালা অনুমোদন দেওয়া হবে। এ নীতিমালা বাস্তবায়নের মাধ্যমে মোট দেশজ উৎপাদনে (জিডিপি) কুটির ও মাঝারি শিল্প খাতের অবদান ৩৫ শতাংশে উন্নীত করার লক্ষ্যমাত্রা রয়েছে সরকারের। একই সঙ্গে এ খাতে ২৫ লাখ কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

উদ্যোক্তাদের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে আগামী পাঁচ বছরে ৫০ হাজার উদ্যোক্তাকে প্রশিক্ষণ দেওয়ার পরিকল্পনার কথাও জানান প্রধানমন্ত্রী। এ ছাড়া এসএমই খাতের পণ্যের নকশা ও মান উন্নয়নে একটি ক্রিয়েটিভ ডিজাইন সেন্টার প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হবে। ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের আন্তর্জাতিক বাজারে পরিচিতি বাড়াতে সিঙ্গাপুর ও লন্ডনের বিভিন্ন বাণিজ্য মেলায় অংশ নেওয়ার পরিকল্পনাও তুলে ধরেন তিনি।

প্রধানমন্ত্রী বলেন, ২০৩৪ সালের মধ্যে দেশের অর্থনীতির আকার এক ট্রিলিয়ন মার্কিন ডলারে উন্নীত করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সরকার।

তিনি আরও বলেন, শুধু চাকরি খুঁজে সময় নষ্ট করা বুদ্ধিমানের কাজ নয়। বরং এসএমই খাতের মাধ্যমে নিজেদের চাকরিদাতা হিসেবে প্রতিষ্ঠিত করার পরিকল্পনা করা জরুরি।

‘এসএমইতে সমৃদ্ধি, অর্থনীতিতে প্রবৃদ্ধি’ প্রতিপাদ্য নিয়ে শিল্প মন্ত্রণালয় এ মেলার আয়োজন করেছে।

অনুষ্ঠানে শিল্পমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির সভাপতিত্ব করেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এবং এফবিসিসিআইয়ের প্রশাসক মো. ফজলুল হক।

monir
Admin

ফেসবুকে

সর্বশেষ আপডেট

এক ক্লিকে বিভাগের খবর


ভিডিও