![]()
মৌলভীবাজারে ব্যাটারিচালিত অটোরিকশা ছিনতাইয়ের উদ্দেশ্যে চালক হাবিবুর রহমানকে (১৮) হত্যার রহস্য উদ্ঘাটন করেছে সদর মডেল থানা পুলিশ। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে চারজনকে গ্রেফতার করা হয়েছে।
মরদেহ উদ্ধারের আট ঘণ্টার মধ্যে তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের সহায়তায় হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে তিনজনকে এবং চোরাই ব্যাটারি কেনার অভিযোগে একজনকে গ্রেফতার করা হয়। এ সময় নিহতের অটোরিকশার চারটি ব্যাটারি, ব্যবহৃত স্যান্ডেল ও গলাবন্ধনী উদ্ধার করা হয়েছে।
গ্রেফতার ব্যক্তিরা হলেন—আছকান মিয়া (২৭), পিতা মৃত নিজাম মিয়া, সাং কোজারগাঁও, ২ নম্বর ওয়ার্ড, ৬ নম্বর একাটুনা ইউনিয়ন; আমিন আলী (৪৫), পিতা মৃত আছদ্দর মিয়া, সাং বড়বাড়ি সোনাপুর; সোহেল মিয়া (৩২), পিতা মৃত কুতুব মিয়া, সাং সিংকাপন, ৬ নম্বর একাটুনা ইউনিয়ন এবং আঃ মোসাব্বির (২৮), পিতা মৃত মোতুজা উল্লা, সাং মোস্তফাপুর। তাঁদের সবার থানা ও জেলা মৌলভীবাজার।
![]()
গত ১৭ নভেম্বর দুপুর আনুমানিক ১২টার দিকে মৌলভীবাজার পৌরসভার বড়বাড়ি সোনাপুর এলাকায় অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির মরদেহ পড়ে থাকার খবর পেয়ে ঘটনাস্থলে যায় সদর মডেল থানা পুলিশ। পরে মরদেহের পরিচয় শনাক্ত করে পুলিশ জানতে পারে, নিহত হাবিবুর রহমান মৌলভীবাজার সদর উপজেলার শিমুলতলা বাজার এলাকার বাসিন্দা এবং পেশায় অটোরিকশাচালক। গত ১৬ নভেম্বর সকাল থেকে তিনি অটোরিকশাসহ নিখোঁজ ছিলেন।
মরদেহ উদ্ধারের পরপরই সদর মডেল থানা পুলিশের একটি বিশেষ দল তদন্তে নামে। তদন্তের একপর্যায়ে বড়বাড়ি এলাকা থেকে ব্যাটারিবিহীন অবস্থায় নিহতের অটোরিকশাটি উদ্ধার করা হয়। তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে আছকান মিয়া (২৭), আমিন আলী (৪৫) ও সোহেল মিয়া (৩২) নামের তিনজনকে মৌলভীবাজার পৌরসভার বিভিন্ন এলাকা থেকে গ্রেফতার করা হয়। তাঁদের দেওয়া তথ্য অনুযায়ী, পৌরসভার বড়হাট এলাকার আবিদা স্টোর নামের একটি ব্যাটারির দোকান থেকে নিহতের অটোরিকশার চারটি ব্যাটারি উদ্ধার করা হয়। পরে ব্যাটারিগুলো কেনার অভিযোগে দোকানি আঃ মোসাব্বিরকেও (২৮) গ্রেফতার করা হয়।
পুলিশের প্রাথমিক তদন্তে জানা গেছে, গত ১৬ নভেম্বর সকাল আনুমানিক ১০টার দিকে আছকান মিয়া সাধারণ যাত্রীর ছদ্মবেশে মৌলভীবাজার শহরের স্প্রিং কর্নার এলাকা থেকে হাবিবুরের অটোরিকশা ভাড়া করেন। পরে তিনি অটোরিকশাটি নিয়ে যান অপর আসামি আমিন আলীর বাড়িতে। সেখানে আগে থেকেই অবস্থান করছিলেন আমিন ও আছকান। তাঁরা কৌশলে হাবিবুরকে আটক করেন। পরে আছকান ফোন করে সোহেলকে সেখানে ডেকে নেন। সোহেল বাড়িতে পৌঁছালে তিনজন মিলে হাবিবুরের গলায় গলাবন্ধনী পেঁচিয়ে এবং নাক-মুখ চেপে ধরে শ্বাসরোধে হত্যা করেন। হত্যার পর মরদেহটি আমিনের ঘরের একপাশে রেখে দেওয়া হয়।
পরবর্তী সময়ে সোহেল ও আছকান নিহতের অটোরিকশার চারটি ব্যাটারি বড়হাট এলাকার আবিদা স্টোরের দোকানি আঃ মোসাব্বিরের কাছে ৯ হাজার ৫০০ টাকায় বিক্রি করেন। সেই টাকা দিয়ে ইয়াবা কিনে তাঁরা আবার আমিনের বাড়িতে যান। সেখানে তিনজন মিলে মাদক সেবন করেন। পরে ১৭ নভেম্বর রাত আনুমানিক ১টার দিকে মরদেহ গোপন করার উদ্দেশ্যে আমিনের বাড়ির পশ্চিম পাশে ছড়ার পাড়ে ঝোপের মধ্যে ফেলে রেখে তাঁরা নিজ নিজ বাড়িতে চলে যান। এ ছাড়া আমিনের বাড়ির কাছ থেকে নিহতের ব্যবহৃত স্যান্ডেল ও গলাবন্ধনী উদ্ধার করে জব্দ করা হয়েছে।
মৌলভীবাজার জেলা পুলিশ সুপারের নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আবুল খয়েরের প্রত্যক্ষ নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। এতে নেতৃত্ব ও অভিযানে অংশ নেন মৌলভীবাজার সদর মডেল থানার অফিসার ইনচার্জ মো. সাইফুল ইসলাম, পুলিশ পরিদর্শক (তদন্ত) সুমন চন্দ্র সরকার, এসআই রিপটন পুরকায়স্থ, এসআই হীরণ কুমার বিশ্বাস, এসআই জয়ন্ত সরকার, এসআই আশরাফুল আলম চৌধুরী, এএসআই মোদারিছ ও কনস্টেবল পিন্টু চন্দ্র শীলসহ পুলিশের একটি বিশেষ দল। তাঁদের অভিযানে আসামিদের গ্রেফতার ও হত্যাকাণ্ডের আলামত উদ্ধার করা হয়।
গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন।










