![]()
চিকিৎসার জন্য বিদেশমুখী হচ্ছেন ক্রমেই বেশি বাংলাদেশি। সম্প্রতি এক বক্তব্যে প্রধানমন্ত্রী তারেক রহমান জানিয়েছেন, প্রতি বছর বিদেশে চিকিৎসার পেছনে বাংলাদেশিরা ব্যয় করছেন ৫০০ কোটি ডলার। ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (ডিসিসিআই) প্রকাশিত এক প্রতিবেদনেও একই তথ্য উঠে এসেছে।
তবে এই তথ্যের সঙ্গে মিল নেই বাংলাদেশ ব্যাংকের হিসাবের। কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, ২০১৯-২০ অর্থবছর থেকে ২০২৫-২৬ অর্থবছরের এপ্রিল পর্যন্ত প্রায় সাত বছরে চিকিৎসার জন্য বাংলাদেশিরা বিদেশে নিয়েছেন মাত্র ৫ কোটি ডলার। এর মধ্যে শুধু ২০২৫-২৬ অর্থবছরের প্রথম ১০ মাসেই বিদেশে নেওয়া হয়েছে ২ কোটি ৮৩ লাখ ডলার, যা আগের ছয় অর্থবছরের মোট পরিমাণের চেয়েও বেশি।
বিশ্লেষকদের ধারণা, বিদেশে চিকিৎসার পেছনে ব্যয় করা অর্থের বড় অংশই অবৈধভাবে হুন্ডির মাধ্যমে পাঠানো হচ্ছে।
বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্টের (বিআইবিএম) সাবেক মহাপরিচালক ড. তৌফিক আহমদ চৌধুরী বলেন, যারা চিকিৎসার জন্য টাকাপয়সা নেন, তারা যদি তা পাচারের উদ্দেশ্যে নেন, তাহলে সেই অর্থ ব্যাংকিং চ্যানেলে আসবে না। পাচারের উদ্দেশ্যে অর্থ নিলে তারা হুন্ডির মাধ্যমে পাঠাবেন। তবে যারা সত্যিকার অর্থেই দেশপ্রেমী এবং পাচার নয়, চিকিৎসার উদ্দেশ্যে অর্থ নিয়ে যান, তারা অবশ্যই ব্যাংকের মাধ্যমে পাঠাবেন।
চিকিৎসার খরচ বৈধ চ্যানেলে বিদেশে পাঠানোর সুযোগ বাড়াতে উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ব্যাংক। এখন থেকে অনুমতি ছাড়াই জনপ্রতি ৩০ হাজার ডলার বিদেশে নেওয়ার অনুমতি দেওয়া হয়েছে। আগে এই সীমা ছিল ১৫ হাজার ডলার, অর্থাৎ বর্তমান সীমার অর্ধেক।
বাংলাদেশ ব্যাংকের পরিচালক মোহাম্মদ শাহরিয়ার সিদ্দিকী বলেন, আমাদের এখন রিজার্ভও বেড়েছে। আমরাও চেয়েছি, কেউ প্রকৃত চিকিৎসার প্রয়োজনে অর্থ নিতে চাইলে যেন অফিসিয়াল চ্যানেলের মাধ্যমে তা নিতে পারেন। সে জন্যই এই সীমা আগের চেয়ে কিছুটা বাড়ানো হয়েছে।
এদিকে চিকিৎসার জন্য দেশের বাইরে বিপুল পরিমাণ অর্থ চলে গেলেও এ খাতে দেশে কোনো বৈদেশিক মুদ্রা আসেনি।










