![]()
জুলাই গণ-অভ্যুত্থানকালে রাজধানীর উত্তরায় মাদ্রাসাছাত্র সাদিকুল ইসলামকে গুলি করে হত্যার মামলায় সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ মামলায় তাঁকে কারাগারে আটক রাখার আবেদন করা হয়েছে।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) ঢাকার আদালতে উত্তরা পশ্চিম থানা-পুলিশ এ আবেদন করে। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) প্রসিকিউশন বিভাগের উপপরিদর্শক (এসআই) হেলাল উদ্দীন বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা গেছে, ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রিপন হোসেনের আদালতে এ আবেদনের ওপর শুনানি হওয়ার কথা রয়েছে।
এর আগে গতকাল দিবাগত রাতে রাজধানীর উত্তরা ৩ নম্বর সেক্টরে নিজ বাসা থেকে নুরুল ইসলাম নাহিদকে (৮১) আটক করে পুলিশ। তিনি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা এবং সিলেট-৬ আসনের সাবেক সংসদ সদস্য। ২০০৮ সালের নির্বাচনে জয়ী হয়ে আওয়ামী লীগ সরকার গঠন করলে তাঁকে শিক্ষামন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়। টানা ১০ বছর তিনি এ দায়িত্ব পালন করেন।
আদালতে দাখিল করা প্রতিবেদনে উত্তরা পশ্চিম থানা-পুলিশ জানায়, মাদ্রাসাছাত্র সাদিকুল ইসলাম হত্যা মামলায় নুরুল ইসলাম নাহিদকে প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তাঁর দেওয়া তথ্য যাচাই-বাছাই চলছে। মামলার তদন্তের স্বার্থে তাঁকে কারাগারে আটক রাখা প্রয়োজন। প্রয়োজনে পরবর্তী সময়ে এ মামলায় তাঁকে রিমান্ডে নেওয়ার আবেদন করা হবে।
মামলার বিবরণে বলা হয়েছে, ২০২৪ সালের ১৯ জুলাই বিকেলে উত্তরা পশ্চিম থানার ৯ নম্বর সেক্টরে উত্তরা আধুনিক মেডিকেল কলেজ হাসপাতালের সামনে ৫০০ থেকে ৭০০ শিক্ষার্থী ও সাধারণ মানুষ আন্দোলন করছিলেন। এ সময় আসামিদের প্রত্যক্ষ মদদ ও নির্দেশে স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা দেশীয় অস্ত্র নিয়ে আন্দোলনকারীদের ওপর হামলা চালান। পরে আসামিদের সঙ্গে অজ্ঞাতনামা আরও ২০০ থেকে ৩০০ জন দেশীয় অস্ত্র ও আগ্নেয়াস্ত্র নিয়ে হামলায় অংশ নেন। তাঁরা আন্দোলনকারীদের এলোপাতাড়ি মারধরের পাশাপাশি গুলি ছোড়েন। এতে মাদ্রাসাছাত্র সাদিকুল ইসলামের পেটে গুলি লাগে। তাঁকে উদ্ধার করে উত্তরা আধুনিক মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ২০ জুলাই তাঁর মৃত্যু হয়।
সাদিকুল ইসলামের বয়স ছিল ২১ বছর। তিনি টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার বাসিন্দা এবং উত্তরা পশ্চিম থানা এলাকার জামিয়াছিন ইসলামিয়া মাদ্রাসার কিতাব বিভাগের শিক্ষার্থী ছিলেন। তাঁর মৃত্যুর ঘটনায় আদালতে নালিশি মামলা করা হয়। পরে আদালতের নির্দেশে অভিযোগটি এজাহার হিসেবে গ্রহণ করে উত্তরা পশ্চিম থানা-পুলিশ।
পুলিশের অপরাধ তথ্য ব্যবস্থাপনা পদ্ধতি (সিডিএমএস) পর্যালোচনার বরাত দিয়ে আদালতে দাখিল করা প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, নুরুল ইসলাম নাহিদের বিরুদ্ধে সিলেটের একাধিক থানায় ১৪টি মামলা রয়েছে। এসব মামলার মধ্যে হত্যা ও হত্যাচেষ্টার অভিযোগে করা মামলাও রয়েছে।










