জাতীয় গ্রিডে রূপপুরের বিদ্যুৎ, পরীক্ষামূলক উৎপাদন শুরু

মুক্তিবাণী অনলাইন ডেক্স

জাতীয় গ্রিডে রূপপুরের বিদ্যুৎ, পরীক্ষামূলক উৎপাদন শুরু

বাংলাদেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপুর জাতীয় গ্রিডের সঙ্গে সফলভাবে সিনক্রোনাইজেশন সম্পন্ন করে পরীক্ষামূলকভাবে বিদ্যুৎ সরবরাহ শুরু করেছে। মঙ্গলবার ঈশ্বরদীতে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের সামনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ ঐতিহাসিক অর্জনের কথা জানান বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম। তিনি বলেন, এই সফল পরীক্ষার মধ্য দিয়ে বাংলাদেশ বিশ্বের ৩৩তম পারমাণবিক শক্তিধর দেশ হিসেবে আত্মপ্রকাশ করল, যা পুরো জাতির জন্য অত্যন্ত আনন্দের সংবাদ।

মন্ত্রী জানান, দীর্ঘ প্রতীক্ষা, ধারাবাহিক কারিগরি কার্যক্রম এবং বিভিন্ন পর্যায়ের জটিল পরীক্ষা-নিরীক্ষা শেষে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট থেকে উৎপাদিত বিদ্যুৎ পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রিডে যুক্ত হয়েছে। গতকাল মঙ্গলবার তাঁর উপস্থিতিতে প্রথমবারের মতো প্রথম ইউনিট থেকে ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ শুরু হয়।

জাতীয় গ্রিডে রূপপুরের বিদ্যুৎ, পরীক্ষামূলক উৎপাদন শুরু

পরীক্ষামূলক বিদ্যুৎ সরবরাহের অগ্রগতি তুলে ধরে মন্ত্রী বলেন, আজ জাতীয় গ্রিডে সর্বোচ্চ ৩৫০ মেগাওয়াট পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ করা হয়েছে। পরীক্ষার ফলাফল অত্যন্ত সন্তোষজনক পাওয়া গেছে। পরবর্তী সময়ে গ্রিডের স্থিতিশীলতা বজায় রাখতে বিদ্যুৎ সরবরাহ কমিয়ে ৩০০ মেগাওয়াটে স্থির রাখা হয়েছে।

আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) পর্যবেক্ষণ প্রসঙ্গে মন্ত্রী বলেন, সংস্থাটির প্রতিনিধিদল প্রকল্পের সার্বিক অগ্রগতি ও নিরাপত্তাব্যবস্থা নিয়ে অত্যন্ত সন্তুষ্ট। এ কারণেই সফলভাবে গ্রিড সিনক্রোনাইজেশন পরীক্ষা সম্পন্ন করা সম্ভব হয়েছে। এই অভাবনীয় সাফল্যের জন্য বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমান এবং সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক অভিনন্দন জানান। পাশাপাশি দেশের সাধারণ মানুষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

মন্ত্রী আরও বলেন, রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের বিদ্যুৎ উৎপাদন ও জাতীয় গ্রিডে সংযোগ কার্যক্রমের ক্ষেত্রে এটি একটি গুরুত্বপূর্ণ মাইলফলক।

বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রীর সংবাদ ব্রিফিংয়ে প্রধানমন্ত্রীর বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়বিষয়ক উপদেষ্টা রেহান আসিফ আসাদ, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব মো. আনোয়ার হোসেন, রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণ প্রকল্পের পরিচালক ড. মো. কবীর হোসেন এবং নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট কোম্পানি বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ড. জাহেদুল হাছানসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণ প্রকল্পের পরিচালক ড. মো. কবীর হোসেন বলেন, নির্ধারিত পরিকল্পনা অনুযায়ী প্রাথমিক পরীক্ষামূলক সংযোগের আওতায় উৎপাদিত বিদ্যুৎ প্রায় ৮ থেকে ১০ ঘণ্টা জাতীয় গ্রিডে সরবরাহ করা হবে। এ সময় বিদ্যুৎকেন্দ্রের টারবাইন, জেনারেটর এবং গ্রিডের সঙ্গে সমন্বিত পরিচালনব্যবস্থার কার্যকারিতা ও স্থিতিশীলতা পর্যবেক্ষণসহ গুরুত্বপূর্ণ কারিগরি পরীক্ষা-নিরীক্ষা সম্পন্ন করা হবে।

তিনি জানান, পরবর্তী সময়ে বিভিন্ন কারিগরি পরীক্ষা-নিরীক্ষার জন্য বিদ্যুৎকেন্দ্রটিকে জাতীয় গ্রিড থেকে বিচ্ছিন্ন করা হবে। এরপর প্রায় ২৮ ঘণ্টা বিরতি দিয়ে পুনরায় ৪ থেকে ৬ ঘণ্টার জন্য গ্রিডে সংযুক্ত করা হবে। এ পর্যায়ে বিদ্যুৎকেন্দ্রের প্রয়োজনীয় কারিগরি ও পরিচালনাসংক্রান্ত পরীক্ষা সম্পন্ন করা হবে।

ড. কবীর হোসেন আরও বলেন, পরীক্ষার প্রতিটি ধাপে বিদ্যুৎকেন্দ্রের বিভিন্ন সিস্টেমের কার্যকারিতা, টারবাইন ও জেনারেটরের পারফরম্যান্স এবং জাতীয় গ্রিডের সঙ্গে সমন্বয় নিবিড়ভাবে যাচাই করা হবে। সব কারিগরি পরীক্ষা-নিরীক্ষার ফলাফল সন্তোষজনক হলে এবং এ পর্যায়ের নির্ধারিত কাজ সম্পন্ন হলে পরবর্তী পরীক্ষামূলক পরিচালনার জন্য বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের অনুমোদন নিতে হবে।

তিনি বলেন, কর্তৃপক্ষের অনুমোদন পাওয়া সাপেক্ষে বিদ্যুৎকেন্দ্রটি পুনরায় পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রিডে সংযুক্ত করে বিদ্যুৎ সরবরাহের পরবর্তী কার্যক্রম এগিয়ে নেওয়া হবে। রাশিয়ান ঠিকাদারের সঙ্গে চুক্তি অনুযায়ী ১০ মাসের পরীক্ষামূলক অপারেশন সম্পন্ন হলে প্রথম ইউনিট থেকে স্থায়ীভাবে পূর্ণ সক্ষমতায় বাণিজ্যিক বিদ্যুৎ সরবরাহ শুরু করা হবে।

এর মাধ্যমে প্রথম ইউনিটটি রাশিয়ান ঠিকাদারের কাছ থেকে বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন সাময়িকভাবে অধিগ্রহণ করবে। পরবর্তী সময়ে সরকারের গেজেট নোটিফিকেশন বা প্রজ্ঞাপনের মাধ্যমে পরিচালনাকারী সংস্থা হিসেবে এনপিসিবিএলের কার্যক্রম শুরু হবে।

উল্লেখ্য, রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুটি ইউনিটের প্রতিটির উৎপাদনক্ষমতা ১ হাজার ২০০ মেগাওয়াট। মোট ২ হাজার ৪০০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন এ বিদ্যুৎকেন্দ্রটি দেশের ক্রমবর্ধমান বিদ্যুৎ চাহিদা পূরণ, জ্বালানি নিরাপত্তা নিশ্চিতকরণ এবং টেকসই বিদ্যুৎ উৎপাদনে গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলে আশা করা হচ্ছে।

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের পরীক্ষামূলক গ্রিড সংযোগ বাংলাদেশের বিদ্যুৎ ও জ্বালানি খাতের অগ্রযাত্রায় একটি ঐতিহাসিক পদক্ষেপ। এর মধ্য দিয়ে পারমাণবিক প্রযুক্তিনির্ভর বিদ্যুৎ উৎপাদনের ক্ষেত্রে বাংলাদেশ আরও এক ধাপ এগিয়ে গেল।

দেশের সবচেয়ে বড় একক উন্নয়ন প্রকল্প রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র বাস্তবায়ন করছে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের আওতাধীন বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন। প্রকল্পটির নির্মাণকাজে নিয়োজিত রয়েছে রাশিয়ার ঠিকাদারি প্রতিষ্ঠান অ্যাটমস্ট্রয়এক্সপোর্ট। বিদ্যুৎকেন্দ্রটি পরিচালনার দায়িত্ব পালনের জন্য গঠন করা হয়েছে সরকারি প্রতিষ্ঠান নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট কোম্পানি বাংলাদেশ লিমিটেড (এনপিসিবিএল)।

প্রকল্পটির প্রাথমিক মেয়াদ ছিল ২০২৫ সালের ডিসেম্বর পর্যন্ত। দুই দফা বাড়িয়ে এর মেয়াদ ২০২৮ সালের জুন পর্যন্ত নির্ধারণ করা হয়েছে। ডলারের বিনিময়মূল্য বৃদ্ধির কারণে প্রকল্পের ব্যয় বেড়ে দাঁড়িয়েছে প্রায় ১ লাখ ৩৮ হাজার ৬৮৬ কোটি টাকা।

monir
Admin

ফেসবুকে

সর্বশেষ আপডেট

এক ক্লিকে বিভাগের খবর


ভিডিও