![]()
মৌলভীবাজারে CMSME ও নারী উদ্যোক্তাদের উন্নয়নে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
ক্ষুদ্র, কুটির, ছোট ও মাঝারি উদ্যোগ (CMSME) খাতের বিকাশ, নতুন উদ্যোক্তা সৃষ্টি এবং নারী উদ্যোক্তাদের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে ১২ অক্টোবর মৌলভীবাজারের রাজনগর উপজেলার মুন্সীবাজার শাখায় এ কর্মশালার আয়োজন করা হয়। বাংলাদেশ ব্যাংকের সার্বিক তত্ত্বাবধানে NRBC Bank PLC-এর লিড ব্যাংকিং কার্যক্রমের আওতায় আয়োজিত কর্মশালায় মৌলভীবাজারে অবস্থিত বিভিন্ন তফসিলি ব্যাংকের প্রতিনিধিরা অংশ নেন।
![]()
কর্মশালায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের সিলেট অফিসের উপপরিচালক মোহাম্মদ এনামুল হক।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন NRBC Bank PLC-এর সিলেটের ভিপি ও জোনাল হেড মো. আরিফুর রহমান এবং ব্র্যাক ব্যাংক পিএলসি, মৌলভীবাজারের ভিপি ও ক্লাস্টার হেড সাইফুল আলম।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন NRBC Bank PLC, মৌলভীবাজারের এফএভিপি ও এরিয়া ম্যানেজার মোহাম্মাদ আজিজুর রহমান।
কর্মশালায় CMSME খাতের আর্থসামাজিক গুরুত্ব, নারী উদ্যোক্তা তৈরিতে ব্যাংকগুলোর ভূমিকা এবং এ খাতের উন্নয়নে বাংলাদেশ সরকারের গৃহীত বিভিন্ন পদক্ষেপ নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
![]()
‘CMSME-এর আর্থসামাজিক গুরুত্ব’ শীর্ষক আলোচনা করেন ব্র্যাক ব্যাংক, মৌলভীবাজারের ভিপি ও ক্লাস্টার হেড সাইফুল আলম। তিনি CMSME খাতের বিকাশ, কর্মসংস্থান সৃষ্টি এবং স্থানীয় অর্থনীতিতে এ খাতের অবদান তুলে ধরেন।
‘নারী উদ্যোক্তা তৈরিতে আমাদের ব্যাংকগুলোর ভূমিকা’ শীর্ষক আলোচনা করেন NRBC Bank-এর ভিপি ও জোনাল হেড মো. আরিফুর রহমান। তিনি নারী উদ্যোক্তাদের ব্যবসা সম্প্রসারণে ব্যাংকিং সেবা, আর্থিক সহায়তা ও ঋণসুবিধার গুরুত্ব তুলে ধরেন।
অন্যদিকে, ‘CMSME খাতে বাংলাদেশ সরকার কর্তৃক গৃহীত পদক্ষেপসমূহ’ শীর্ষক আলোচনা করেন বাংলাদেশ ব্যাংকের সিলেট অফিসের উপপরিচালক মোহাম্মদ এনামুল হক। তিনি এ খাতের উন্নয়নে সরকারি উদ্যোগ ও নীতিগত সহায়তার বিভিন্ন দিক তুলে ধরেন।
কর্মশালায় অংশগ্রহণকারী ব্যাংকগুলোর মধ্যে ছিল অগ্রণী ব্যাংক পিএলসি, আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক পিএলসি, IFIC ব্যাংক পিএলসি, বাংলাদেশ কৃষি ব্যাংক পিএলসি, পূবালী ব্যাংক পিএলসি, রূপালী ব্যাংক পিএলসি, সোনালী ব্যাংক পিএলসি এবং জনতা ব্যাংক পিএলসি।
বিভিন্ন ব্যাংকের প্রতিনিধিদের অংশগ্রহণে কর্মশালাটি ব্যাংকিং খাতে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি, উদ্যোক্তাদের জন্য আর্থিক সেবার সুযোগ সম্প্রসারণ এবং CMSME খাতের উন্নয়নে সমন্বিত উদ্যোগ গ্রহণের একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হিসেবে বিবেচিত হয়।
দেশের অর্থনৈতিক উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি, দারিদ্র্য বিমোচন এবং স্থানীয় পর্যায়ে ব্যবসা-বাণিজ্যের প্রসারে CMSME খাত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বিশেষ করে নারী উদ্যোক্তাদের জন্য সহজলভ্য আর্থিক সেবা, প্রশিক্ষণ, পরামর্শ ও উপযুক্ত ঋণসুবিধা নিশ্চিত করা গেলে তাঁদের ব্যবসায়িক কার্যক্রম আরও সম্প্রসারিত হবে।
এ ধরনের প্রশিক্ষণ কর্মশালা উদ্যোক্তাদের সচেতনতা বৃদ্ধি, ব্যাংকিং সেবা সম্পর্কে ধারণা প্রদান এবং নতুন ব্যবসায়িক উদ্যোগ গড়ে তুলতে সহায়ক হবে বলে আশা করা হচ্ছে।
NRBC Bank PLC-এর লিড ব্যাংকিং কার্যক্রমের আওতায় নেওয়া এ উদ্যোগ মৌলভীবাজার জেলার CMSME খাতের বিকাশ, নারী উদ্যোক্তাদের ক্ষমতায়ন এবং দেশের টেকসই অর্থনৈতিক উন্নয়নে ইতিবাচক অবদান রাখবে বলে সংশ্লিষ্টরা প্রত্যাশা করেন।
উদ্যোক্তা উন্নয়ন, নারী ক্ষমতায়ন ও কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে সমৃদ্ধ অর্থনীতি গড়ে তোলার লক্ষ্যে এ প্রশিক্ষণ কর্মশালাকে গুরুত্বপূর্ণ উদ্যোগ হিসেবে দেখা হচ্ছে।









