ঢাকার নদী ও খাল পরিষ্কার রাখতে রাজনৈতিক নেতাদের বছরে অন্তত দু’বার নদীতে গোসলের আহ্বান জানিয়ে আলোচনায় এসেছেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের।
তার এই ব্যতিক্রমধর্মী প্রস্তাব সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।
শনিবার (২৬ জুলাই) রাজধানীর এক আলোচনা সভায় তিনি বলেন, “মেয়র, এমপি, ডিসি, এসপি, ডিআইজি, কমিশনার, মন্ত্রী সবাই মিলে বছরে দু’বার নদীতে গোসল করলে মানুষ উৎসাহিত হবে এবং নদীগুলো আপনাতেই পরিষ্কার হয়ে যাবে।”
জুবায়েরের এই মন্তব্য অনেকেই ইতিবাচকভাবে নিয়েছেন, এমনকি প্রশংসা করেছেন অন্তর্বর্তী সরকারের বন ও পরিবেশ উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা হাসানও।
এক অনুষ্ঠানে রেজওয়ানা হাসান বলেন, “একটি পোস্ট পড়ছিলাম এখানে বসে বসে। সেখানে একটা কথা লেখা আছে- ‘ঢাকার খালগুলোতে রাজনীতিবিদ, মেয়র, ডিসিদের বছরে দুবার গোসল করার বিধান থাকলে পরিবেশ ঠিক হয়ে যাবে’। এটা একজন জামায়াত নেতা বলেছেন।”
তিনি বলেন, “এই বুদ্ধিটা কিন্তু আমার মাথায় আসে নাই। সম্মান রেখেই বলছি, রাজনীতিবিদরাই দেশের সমস্যার সমাধান দেবেন। আমাদের দেশের রাজনীতির প্রথা যদি সফল হতো, তাহলে আমাদেরকে আর দায়িত্ব নিতে হতো না হয়তবা। শেষ সমাধানটা রাজনীতিবিদদের মাধ্যমেই আসতে হবে।”
পরিবেশ রক্ষায় রাজনীতিবিদদের কার্যকর ভূমিকা এবং সচেতনতা বাড়াতে এমন প্রস্তাব ও মন্তব্য নতুন আলোচনার জন্ম দিয়েছে সামাজিক ও রাজনৈতিক পরিসরে।












