![]()
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেছেন, আগামী জানুয়ারি থেকে ৩০ জুনের মধ্যে স্থানীয় সরকার নির্বাচন শেষ করার কথা ভাবছে নির্বাচন কমিশন (ইসি)। তিনি বলেন, নির্বাচন নিয়ে কোনো কলঙ্ক বিএনপি বা তারেক রহমান নেবেন না।
বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুর ১২টার দিকে গাইবান্ধা সার্কিট হাউস মিলনায়তনে স্থানীয় সাংবাদিকদের ব্রিফিংয়ে এসব কথা বলেন মীর শাহে আলম।
তিনি বলেন, নির্বাচন কমিশন চাইলে নির্বাচন গ্রহণযোগ্য করতে সেনাবাহিনী মোতায়েনসহ প্রয়োজনীয় সহযোগিতা করবে সরকার। জনগণের প্রত্যক্ষ ভোটে তাঁদের প্রতিনিধি নির্বাচিত করতে যা যা করা দরকার, সরকার তা করবে।
প্রতিমন্ত্রী বলেন, “আমি প্রধানমন্ত্রীর পক্ষে এখানে দায়িত্ব পালন করতে এসেছি। আপনাদের সঙ্গে আলোচনা করে ধীরে ধীরে দেখব, কতটা উন্নয়ন করলে আপনারা সন্তুষ্ট হবেন।”
তিনি আরও বলেন, “আপনারা এখান থেকে যাঁদের নির্বাচিত করেন, তাঁরা কখনোই সরকার গঠন করতে পারবেন না। আপনাদের নির্বাচিত প্রতিনিধিরা সরকার গঠন করতে না পারলে স্বাভাবিকভাবেই ওই এলাকা কিছুটা অবহেলিত থাকবে।”
মীর শাহে আলম বলেন, এ বিষয়টি মাথায় রেখেই প্রধানমন্ত্রী সিদ্ধান্ত নিয়েছেন, নির্বাচিত সংসদ সদস্য থাকুন বা না-থাকুন, প্রতিটি জেলাকে সুষম উন্নয়নের আওতায় আনতে তাঁর মন্ত্রিসভার ৩০ জন মন্ত্রীকে ৬৪ জেলার দায়িত্ব দিয়েছেন। তিনি বলেন, “আমি প্রধানমন্ত্রীর পক্ষে এখানে দায়িত্ব পালন করতে এসেছি। আপনাদের সঙ্গে আলোচনা করে ধীরে ধীরে দেখব, কতটা উন্নয়ন করলে আপনারা সন্তুষ্ট হবেন।”
পরে জেলা প্রশাসকের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে জেলা আইনশৃঙ্খলা কমিটি ও জেলা সমন্বয় কমিটির পৃথক দুটি সভায় যোগ দেন প্রতিমন্ত্রী।









