শিশু অধিকার সুরক্ষা, বাল্যবিবাহ প্রতিরোধ, লিঙ্গ সমতা প্রতিষ্ঠা এবং লিঙ্গভিত্তিক সহিংসতা প্রতিরোধে সামাজিক সচেতনতা ও সম্মিলিত উদ্যোগ জোরদারের লক্ষ্যে ইউসেপ সিলেট অঞ্চল কর্তৃক গুরুত্বপূর্ণ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৮ সেপ্টেম্বর) ইউসেপ সিলেট অঞ্চলের সম্মেলন কক্ষে গ্লোবাল অ্যাফেয়ার্স কানাডার অর্থায়নে এবং ইউসেপ বাংলাদেশের ইনক্লুশন অ্যান্ড এমপ্লয়মেন্ট বিভাগ-এর উদ্যোগে আলোচনা সভায় ইউসেপ সিলেট অঞ্চলের আঞ্চলিক ব্যবস্থাপক মোহাম্মাদ কাইউম মোল্লার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ফুলকলি ফুডস লিমিটেড সিলেটের ডিজিএম জসীম উদ্দিন খোন্দকার।
ইউসেপ এর ইনক্লুশন অ্যান্ড এমপ্লয়মেন্ট বিভাগের টিম লিডার মোঃ রেজাউল করিমের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন বনফুল এন্ড কোম্পানী সিলেটের এজিএম পিপলু বড়ুয়া, রহমানীয় প্রতিবন্ধী কল্যাণ ফাউন্ডেশনের সভাপতি আলহাজ্ব আতাউর রহমান খান শামসু, সিলেট বধির সংঘের সভাপতি সিনিয়ার সাংবাদিক হাজী এম আহমদ আলী, দৈনিক সমকাল সিলেট অফিসের স্টাফ রিপোর্টার ফয়সল আহমদ বাবলু। এছাড়াও বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ও সংশ্লিষ্ট পর্যায়ের প্রতিনিধিবৃন্দ আলোচনা সভায় অংশগ্রহণ করেন।
সভায় পাওয়ারপয়েন্ট উপস্থাপনার মাধ্যমে ইউসেপ বাংলাদেশের বিভিন্ন কার্যক্রম, শিশু অধিকার সুরক্ষায় গৃহীত উদ্যোগ, লিঙ্গ সমতা প্রতিষ্ঠায় কার্যক্রম এবং বাল্যবিবাহ ও লিঙ্গভিত্তিক সহিংসতা সম্পর্কিত হালনাগাদ তথ্য ও পরিসংখ্যান তুলে ধরেন আঞ্চলিক ব্যবস্থাপক মোহাম্মাদ কাইউম মোল্লা।
উপস্থাপনা শেষে অংশগ্রহণকারীদের সঙ্গে বিষয়ভিত্তিক মুক্ত আলোচনা অনুষ্ঠিত হয়। আলোচনায় বাল্যবিবাহের সামাজিক ও অর্থনৈতিক ক্ষতিকর প্রভাব, শিশুদের অধিকার সংরক্ষণ, নারী ও কন্যাশিশুর নিরাপত্তা, কর্মক্ষেত্র ও শিক্ষাপ্রতিষ্ঠানে নিরাপদ পরিবেশ নিশ্চিতকরণ এবং লিঙ্গভিত্তিক সহিংসতা প্রতিরোধে সমন্বিত উদ্যোগ গ্রহণের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করা হয়।
সভায় বক্তারা বলেন, শিশু অধিকার নিশ্চিত করা, নারীর নিরাপত্তা ও মর্যাদা রক্ষা এবং লিঙ্গ সমতা প্রতিষ্ঠা কোনো একক প্রতিষ্ঠান বা বিভাগের একক দায়িত্ব নয়। পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, স্থানীয় সরকার, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান এবং সমাজের সকল শ্রেণি-পেশার মানুষের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে একটি নিরাপদ, অন্তর্ভুক্তিমূলক ও বৈষম্যহীন সমাজ গড়ে তোলা সম্ভব।
আলোচনা সভায় বক্তারা বাল্যবিবাহ ও লিঙ্গভিত্তিক সহিংসতার বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলা, শিশুদের অধিকার সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং নারী ও কন্যাশিশুর জন্য নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান। একই সঙ্গে শিশুদের সুরক্ষা ও অধিকার নিশ্চিত করার ক্ষেত্রে সংশ্লিষ্ট সকল পক্ষকে নিজ নিজ অবস্থান থেকে আরও সক্রিয় ও দায়িত্বশীল ভূমিকা পালনের ওপর গুরুত্বারোপ করা হয়।
আলোচনা সভায় অংশগ্রহণকারীদের মধ্যে শিশু অধিকার, লিঙ্গ সমতা এবং লিঙ্গভিত্তিক সহিংসতা প্রতিরোধ বিষয়ে সচেতনতা বৃদ্ধির পাশাপাশি স্থানীয় পর্যায়ে কার্যকর ও সমন্বিত উদ্যোগ গ্রহণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে প্রত্যাশা করা হয়।










পাঠকের মন্তব্য