বাংলাদেশ জামায়াতে ইসলামী মৌলভীবাজার জেলার উদ্যোগে ১৮ এপ্রিল, শনিবার জেলা শিল্পকলা একাডেমিতে সদস্য (রুকন) সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার।
![]()
প্রধান অতিথির বক্তৃতায় অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার রুকনদের দায়িত্বানুভূতি, কর্তব্যনিষ্ঠা ও আদর্শ বাস্তবায়নে সক্রিয় ভূমিকা পালনের ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, একজন রুকন হিসেবে সমাজ ও দেশের কল্যাণে আত্মনিবেদিত হয়ে কাজ করতে হবে এবং নৈতিকতা ও আদর্শিক দৃঢ়তা বজায় রাখতে হবে। যে কোনো পরিস্থিতি মোকাবিলায় রুকনদের দৃঢ় ও ন্যায়পরায়ণ হতে হবে। তিনি আরও বলেন, “দুনিয়াবি চাওয়া-পাওয়া, পদ-পদবি লাভের জন্য আমাদের এই দায়িত্ব নয়; বরং এটি আমার শপথের অঙ্গিকার, যা কেবল আল্লাহকে খুশি করার জন্য পালন করতে হবে। কে আমাকে স্বীকৃতি দিল বা না দিল, তা ভাবার সময় নেই। আমাদের কাজ করে যাওয়াই মূল কাজ। সব সময় আত্মসমালোচনা করে নিজেকে তৈরি করতে হবে।”
![]()
জেলা আমীর ইঞ্জিনিয়ার শাহেদ আলীর সভাপতিত্বে এবং জেলা সেক্রেটারি ইয়ামীর আলীর পরিচালনায় সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সহকারী সেক্রেটারি জেনারেল এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের। এছাড়া উপস্থিত ছিলেন জেলা নায়েবে আমীর মাওলানা আব্দুর রহমান, জেলা সহকারী সেক্রেটারি আজিজ আহমদ কিবরিয়া। দারসুল কুরআন পেশ করেন জেলা কর্মপরিষদ সদস্য মাওলানা আমিনুল ইসলাম। জেলার প্রায় পাঁচ শতাধিক রুকন এই সম্মেলনে অংশ নেন।
সংগঠনের কার্যক্রম গতিশীল করতে বিভিন্ন দিকনির্দেশনামূলক নির্দেশনা দেওয়া হয়।
![]()
শৃঙ্খলাপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এই সম্মেলন ঘোষণা করেছে—আল্লাহর সন্তুষ্টি ও দেশের কল্যাণে নিজেদের উৎসর্গ করার ব্রত নিয়েই জামায়াতে ইসলামীর রুকনরা কাজ করে যাবেন। স্বার্থান্বেষী শক্তি ও প্রতিকূল পরিস্থিতি যতই আসুক, আদর্শের পথ থেকে বিচ্যুত না হয়ে সমাজ সংস্কার ও ন্যায়ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠার প্রত্যয়ে আরও দৃঢ় হয়েছেন তারা। শেষ বক্তৃতায় অধ্যাপক মিয়া গোলাম পরওয়ারের সেই আহ্বান যেন সবার হৃদয়ে বাজছে—‘আমাদের সকল কাজ একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য’। সম্মেলন শেষ হয় সংগঠনের কার্যক্রমকে আরও শক্তিশালী করার অঙ্গীকারের মধ্য দিয়ে।










পাঠকের মন্তব্য