![]()
ব্যাটারিচালিত অটোরিকশা বা ই-রিকশার নিবন্ধন কার্যক্রম শুরু হয়েছে। নতুন বিধিমালা অনুযায়ী, নিবন্ধনের জন্য এককালীন ৮ থেকে ১০ হাজার টাকা ফি দিতে হবে। প্রতি বছর নিবন্ধন নবায়ন করতে হবে। নিবন্ধনের তারিখ থেকে একটি ই-রিকশার ব্যবহারযোগ্য মেয়াদ নির্ধারণ করা হয়েছে ১২ বছর।
রোববার (১ নভেম্বর) সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম এসব তথ্য জানান। তিনি বলেন, দেশের ১৩টি সিটি করপোরেশনে আজ থেকে ই-রিকশার নিবন্ধন কার্যক্রম শুরু করা যাবে।
দুই যাত্রী ধারণক্ষমতার ই-রিকশার প্রাথমিক নিবন্ধন ফি ৮ হাজার টাকা এবং চার যাত্রী ধারণক্ষমতার ই-রিকশার ক্ষেত্রে ১০ হাজার টাকা। বার্ষিক নবায়ন ফি যথাক্রমে ৪ হাজার ও ৫ হাজার টাকা। এ ছাড়া ফিটনেস সনদের জন্য দিতে হবে ১ হাজার টাকা।
নিবন্ধিত প্রতিটি ই-রিকশার জন্য কিউআর কোডযুক্ত নম্বর প্লেট ও প্রয়োজনীয় তথ্যসংবলিত ব্লু-বুক দেওয়া হবে। তবে নম্বর প্লেটের জন্য অতিরিক্ত ১ হাজার টাকা ফি নেওয়া হবে বলে জানিয়েছেন প্রতিমন্ত্রী।
নতুন বিধিমালা অনুযায়ী, নিবন্ধন ও ফিটনেস সনদ ছাড়া কোনো ই-রিকশা সড়কে চলাচল করতে পারবে না। জাতীয় মহাসড়ক, এক্সপ্রেসওয়ে ও প্রধান বাস চলাচলের সড়কেও এসব যান চলাচল নিষিদ্ধ থাকবে। পাশাপাশি ই-রিকশার সর্বোচ্চ গতিসীমা, যাত্রী ধারণক্ষমতা ও চলাচলের রুট নির্ধারণ করা হবে।
প্রতিটি ই-রিকশাকে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) নির্ধারিত প্রযুক্তিগত ও নিরাপত্তাসংক্রান্ত মান পূরণ করতে হবে। পুরোনো ই-রিকশাগুলোকেও প্রয়োজনীয় কাঠামোগত পরিবর্তন করে অনুমোদন নিতে হবে।
ঢাকার দুই সিটি করপোরেশন এলাকায় ই-রিকশার চলাচল নিয়ন্ত্রণে আটটি অঞ্চল নির্ধারণ করা হবে। প্রতিটি অঞ্চলের জন্য থাকবে আলাদা রং। তবে নিবন্ধন কার্যক্রম শুরু হলেও একসঙ্গে সব ই-রিকশা সড়ক থেকে সরিয়ে দেওয়া হবে না। পর্যায়ক্রমে নিবন্ধন ও অবৈধ যান অপসারণের কার্যক্রম পরিচালিত হবে।










