অপরাধ নিয়ন্ত্রণ, আইনশৃঙ্খলা রক্ষা ও জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দেওয়ার ক্ষেত্রে কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে অক্টোবর মাসের ‘শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ’ (ওসি) নির্বাচিত হয়েছেন মৌলভীবাজার সদর থানার ওসি মোঃ সাইফুল ইসলাম।
![]()
জেলা পুলিশ সূত্রে জানা যায়, মামলা নিষ্পত্তি, অপরাধ দমনে সক্রিয় ভূমিকা এবং সামগ্রিক কর্মমূল্যায়নে অসাধারণ দক্ষতার পরিচয় দেওয়ায় তাঁকে এই শ্রেষ্ঠত্বে ভূষিত করা হয়। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে জেলার পুলিশ সুপার (এসপি) মোঃ মনিরুল ইসলাম শ্রেষ্ঠ ওসি মোঃ সাইফুল ইসলামের হাতে সম্মাননা স্মারক ও পুরস্কার তুলে দেন।
পুরস্কার প্রদানকালে পুলিশ সুপার মোঃ মনিরুল ইসলাম বলেন, “আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ দমন এবং সাধারণ মানুষের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে পুলিশ নিরলসভাবে কাজ করে যাচ্ছে। ভালো কাজের এই স্বীকৃতি অন্যান্য কর্মকর্তাদেরও সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনে উৎসাহিত করবে।”
পুরস্কার প্রাপ্তির পর প্রতিক্রিয়ায় ওসি মোঃ সাইফুল ইসলাম বলেন, “এই অর্জন শুধু আমার একার নয়, মৌলভীবাজার সদর থানার সকল পুলিশ সদস্যের যৌথ প্রচেষ্টার ফল। এ সম্মাননা আমাকে ভবিষ্যতে জনগণের সেবায় আরও দায়িত্বশীল ও নিষ্ঠার সঙ্গে কাজ করতে অনুপ্রেরণা জোগাবে।”
অনুষ্ঠানে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং বিভিন্ন থানার পুলিশ পরিদর্শকগণ উপস্থিত ছিলেন। শ্রেষ্ঠত্বের এই স্বীকৃতি কেবল একজন কর্মকর্তার ব্যক্তিগত অর্জন নয়—এটি মৌলভীবাজার জেলা পুলিশের সামগ্রিক পেশাদারিত্ব, জনবান্ধব ভাবমূর্তি ও সেবার মান উন্নয়নে এক দৃঢ় বার্তা বহন করে; যা ভবিষ্যতে আরও সততা, নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে জনগণের পাশে দাঁড়ানোর প্রেরণা জোগাবে।











পাঠকের মন্তব্য