![]()
গাজীপুর: আদালতে হাজিরা শেষে হাজতিদের নিয়ে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-১-এর দিকে ফিরছিল পুলিশ। গাজীপুরের কোনাবাড়ীর বাইমাইল এলাকায় নাওজোড় হাইওয়ে থানার সামনে গাড়িটি পৌঁছালে এক হাজতি বাথরুমে যাওয়ার কথা জানান। পুলিশ তাকে বাথরুমে নিয়ে গেলে সেই সুযোগে হেফাজত থেকে পালিয়ে যান তিনি।
রোববার (২৮ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টার দিকে এ ঘটনা ঘটে। পলাতক হাজতির নাম রাজা ওরফে ‘পিচ্চি রাজা’ ওরফে বাদশা (৩০)। ঘটনার পর তাকে গ্রেপ্তারে আশপাশের এলাকায় অভিযান শুরু করেছে পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিভিন্ন টিম।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, আদালতে হাজিরা শেষে হাজতিদের বহনকারী গাড়িটি কোনাবাড়ীর বাইমাইল এলাকার নাওজোড় হাইওয়ে থানার সামনে পৌঁছালে রাজা বাথরুমে যাওয়ার কথা বলেন। পরে তাকে বাথরুমে নেওয়া হয়। সেখান থেকে পুলিশের হেফাজত এড়িয়ে দ্রুত পালিয়ে যান তিনি।
ঘটনার পরপরই আশপাশের এলাকায় তাকে ধরতে তৎপরতা শুরু করে পুলিশ। সম্ভাব্য বিভিন্ন স্থানে অভিযান চালানো হচ্ছে।
পুলিশ জানিয়েছে, পলাতক রাজা ঢাকার মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পের ব্লক-এ, ১১৭ নম্বর বাসার মোতালেবের ছেলে। তিনি ‘পিচ্চি রাজা’ ও ‘বাদশা’ নামেও পরিচিত। তার বিরুদ্ধে মোহাম্মদপুর থানায় একটি মামলা রয়েছে। ওই মামলায় গ্রেপ্তার হওয়ার পর তিনি কাশিমপুর কারাগারে বন্দি ছিলেন।
কোনাবাড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইফতেখার হোসেন জানান, হাজতি পালিয়ে যাওয়ার পর তাকে গ্রেপ্তারে আশপাশের এলাকায় অভিযান চালানো হচ্ছে।
কারা সূত্র জানিয়েছে, আদালতে হাজিরা শেষে কারাগারে ফেরার পথেই পুলিশের হেফাজত থেকে ওই হাজতি পালিয়ে যান। তাকে পুনরায় গ্রেপ্তারে পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিভিন্ন টিম অভিযান চালিয়ে যাচ্ছে।









