![]()
এইচএসসি ও সমমানের পরীক্ষার পুনর্নিরীক্ষণ ও পুনর্মূল্যায়নে ৩৩ হাজার ৩৪৯ জন পরীক্ষার্থীর ফল পরিবর্তন হয়েছে। অর্থাৎ, আগের প্রকাশিত ফলাফলের তুলনায় তাঁদের ফল উন্নীত হয়েছে। আজ সোমবার পুনর্নিরীক্ষণ ও পুনর্মূল্যায়নের ফল প্রকাশ করা হয়েছে।
এর আগে গত ৩১ অক্টোবর এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ করা হয়। এবার ১১টি শিক্ষা বোর্ডের অধীন অনুষ্ঠিত এ পরীক্ষায় ১২ লাখ ৪০ হাজার ৭৯৮ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেন ৬ লাখ ৪৬ হাজার ৬৮৫ জন। গড় পাসের হার ছিল ৫২ দশমিক ১২ শতাংশ। জিপিএ-৫ পেয়েছিলেন ৪০ হাজার ৮৪ জন পরীক্ষার্থী।
আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সূত্রমতে, এবার পুনর্নিরীক্ষণ ও পুনর্মূল্যায়নের জন্য আবেদন করেন ২ লাখ ৯১ হাজার ২১১ জন পরীক্ষার্থী। তাঁদের উত্তরপত্রের সংখ্যা ছিল ১০ লাখ ৮৭ হাজার ৪১৬টি। এর মধ্যে ৩৩ হাজার ৩৪৯ জনের ফল পরিবর্তন হয়েছে।
নতুন করে কতজন জিপিএ-৫ পেয়েছেন এবং কতজন ফেল থেকে পাস করেছেন, তা কিছুক্ষণের মধ্যে জানানো হবে বলে গণমাধ্যমকে জানিয়েছেন আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আখতারুজ্জামান।










