![]()
গাইবান্ধায় বিয়ের একদিন আগে ডেঙ্গুর উপসর্গ নিয়ে আরিফ শাহরিয়ার সৌমিক (২২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সন্ধ্যায় গায়ে হলুদের দিন তাকে গাইবান্ধা জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এর আগে চার দিন ধরে জ্বরে ভুগছিলেন তিনি।
শুক্রবার (১৬ অক্টোবর) সকালে সৌমিকের বোন শারমিন বিষয়টি নিশ্চিত করেন। শুক্রবারই তার বিয়ের দিন নির্ধারিত ছিল। শনিবার দুপুরে শহরের একটি কমিউনিটি সেন্টারে বৌভাতের আয়োজনও করা হয়েছিল।
নিহত সৌমিক গাইবান্ধা পৌর এলাকার ডেভিড কোম্পানি পাড়ার সুলতান মিয়ার ছেলে। তিনি ঢাকার নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের শিক্ষার্থী ছিলেন।
পরিবার ও স্থানীয় একাধিক সূত্রে জানা গেছে, প্রায় এক মাস আগে ঢাকা থেকে বাড়িতে ফেরেন সৌমিক। এরপর গত চার দিন ধরে জ্বরে ভুগছিলেন তিনি। বৃহস্পতিবার সকালে তার শরীরের তাপমাত্রা অস্বাভাবিকভাবে বেড়ে গেলে তাকে শহরের একটি বেসরকারি ডায়াগনস্টিক সেন্টারে নেওয়া হয়। সেখানে চিকিৎসকের ব্যবস্থাপত্র নেওয়ার পর দুপুরে তাকে বাড়িতে নিয়ে যাওয়া হয়।
পরে বিকেলের দিকে সৌমিকের শারীরিক অবস্থার আরও অবনতি হলে স্বজনরা দ্রুত তাকে গাইবান্ধা জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সৌমিকের আকস্মিক মৃত্যুতে দুই পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। সামাজিক যোগাযোগমাধ্যমেও অনেকে তার মৃত্যুতে শোক প্রকাশ করছেন। শুক্রবার বাদ জুমা শহরের স্টেশন জামে মসজিদে তার জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।









