![]()
যশোরের ঝিকরগাছায় যাত্রীবাহী একটি ভ্যানের সঙ্গে গরুবোঝাই নসিমনের সংঘর্ষে দুই ভাই-বোন নিহত হয়েছে। সোমবার (১৯ অক্টোবর) সন্ধ্যা ৬টার দিকে ঝিকরগাছা-ছুটিপুর সড়কের মাগুরা ইউনিয়নের ফুলতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত দুই শিশু হলো মিশ্রীদেয়াড়া গ্রামের সাধন কুমারের ছেলে শোভন (১০) ও মেয়ে দিশা (৩)। সাধন কুমার যশোর ক্যান্টনমেন্ট কলেজের শিক্ষক হিসেবে কর্মরত আছেন।
এ ঘটনায় আরও চারজন আহত হয়েছেন। তাঁদের মধ্যে নসিমনের চালক আব্দুল মাজিদ গুরুতর আহত হয়েছেন। তিনি কেশবপুরের গড়ডাঙ্গা গ্রামের আহম্মেদ বিশ্বাসের ছেলে। তাঁকে যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। অন্য আহতরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। তাঁদের নাম-পরিচয় জানা যায়নি।
নিহত শিশুদের পরিবার সূত্রে জানা গেছে, সোমবার বিকেলে শোভন ও দিশা তাদের মা ও দাদুর সঙ্গে পূজা দেখতে বের হয়। পূজা দেখা শেষে ভ্যানে করে কাউন্সিল রোডে পৌঁছালে ছুটিপুর থেকে ঝিকরগাছাগামী গরুবোঝাই একটি নসিমন তাদের চাপা দেয়। এতে শোভন, দিশা ও নসিমনচালক আব্দুল মাজিদ গুরুতর আহত হন।
স্থানীয়রা আহতদের উদ্ধার করে ঝিকরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসক শোভন ও দিশাকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত নসিমনচালক মাজিদকে উন্নত চিকিৎসার জন্য যশোর জেনারেল হাসপাতালে পাঠানো হয়।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অ্যাসিসট্যান্ট সাইফুল ইসলাম জানান, হাসপাতালে আনার পথেই শোভন ও দিশার মৃত্যু হয়েছে। তাদের মরদেহ হাসপাতালে রয়েছে।
দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে ঝিকরগাছা থানার উপপরিদর্শক ফিরোজুল ইসলাম জানান, ঝিকরগাছা-ছুটিপুর সড়কের মাগুরা ইউনিয়নের ফুলতলা এলাকায় নসিমনের ধাক্কায় ভ্যানের যাত্রী দুই ভাই-বোন নিহত হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান তিনি।









