জিআর চাল জালিয়াতির অভিযোগে মিরকো ফাউন্ডেশন থেকে জুলফিকার বহিষ্কৃত

ফাইল ছবি
ফাইল ছবি
মৌলভীবাজার শহর প্রতিনিধিঃ

জিআর চাল উত্তোলন, ফাউন্ডেশনের পরিচালকদের স্বাক্ষর জাল করে রেজ্যুলেশন তৈরি এবং অনুমোদনবহির্ভূত কার্যক্রম পরিচালনার অভিযোগে খিজির মুহাম্মদ জুলফিকারকে পরিচালক পদ ও সদস্যপদ থেকে বহিষ্কার করেছে মিরকো ফাউন্ডেশন। কারণ দর্শানোর নোটিশের নির্ধারিত সময়ের মধ্যে জবাব না দেওয়ায় তাঁকে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে ফাউন্ডেশন কর্তৃপক্ষ।

ফাউন্ডেশন সূত্রে জানা যায়, মিরকো ফাউন্ডেশনের নাম ও পরিচয় ব্যবহার করে মৌলভীবাজার সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের দুর্যোগ ব্যবস্থাপনা শাখা থেকে ১ হাজার ৫০০ কেজি জিআর চাল উত্তোলন, অবৈধভাবে বিক্রি করা, পরিচালকদের স্বাক্ষর জালিয়াতি, অনুমোদনবহির্ভূত রেজ্যুলেশন তৈরি এবং বিভিন্ন অননুমোদিত কার্যক্রম পরিচালনার অভিযোগ ওঠে খিজির মুহাম্মদ জুলফিকারের বিরুদ্ধে।

এসব অভিযোগের বিষয়ে ব্যাখ্যা ও সংশ্লিষ্ট প্রমাণাদি চেয়ে গত ১৪ অক্টোবর ২০২৬ তাঁকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়। নোটিশে ফাউন্ডেশনের নাম ও পরিচয় ব্যবহার করে কার্যক্রম পরিচালনা, সাংগঠনিক সিদ্ধান্ত গ্রহণ, সরকারি চাল উত্তোলন, বিভিন্ন কর্মসূচি আয়োজন এবং অন্যান্য সংশ্লিষ্ট বিষয়ে লিখিত ব্যাখ্যা দিতে বলা হয়েছিল। জবাব দাখিলের শেষ সময় নির্ধারণ করা হয় ১৮ অক্টোবর বিকেল ৪টা ৩০ মিনিট পর্যন্ত।

ফাউন্ডেশন কর্তৃপক্ষের দাবি, নির্ধারিত সময়ের মধ্যে খিজির মুহাম্মদ জুলফিকার কোনো লিখিত জবাব দাখিল করেননি। পরে ১৮ অক্টোবর রাত ৮টায় ফাউন্ডেশনের চেয়ারপারসন মিনারা বেগমের বড়কাপনস্থ বাসভবনে অনুষ্ঠিত সভায় বিষয়টি পর্যালোচনা করা হয়। সভায় অভিযোগগুলো নিয়ে আলোচনার পর উপস্থিত পরিচালকদের সর্বসম্মতিক্রমে তাঁকে ফাউন্ডেশনের পরিচালক পদ ও সদস্যপদ থেকে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়।

মিরকো ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক এস এম মেহেদী হাসান জানান, ১৮ অক্টোবরের পর থেকে খিজির মুহাম্মদ জুলফিকারের সঙ্গে ফাউন্ডেশনের কোনো ধরনের সম্পর্ক নেই। তিনি এখন আর ফাউন্ডেশনের কেউ নন। তাঁর সঙ্গে ফাউন্ডেশনের পরিচয়ে কেউ কোনো ধরনের আর্থিক বা অন্য কোনো লেনদেন করলে, তার দায় ফাউন্ডেশন কর্তৃপক্ষ নেবে না বলেও জানান তিনি।

এস এম মেহেদী হাসান আরও জানান, বিষয়টি ইতিমধ্যে মৌলভীবাজার সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাজিব হোসেনকে অবহিত করা হয়েছে। জিআর চাল উত্তোলন, ফাউন্ডেশনের পরিচালকদের স্বাক্ষর জাল করে রেজ্যুলেশন তৈরি এবং এ-সংক্রান্ত অন্যান্য অনিয়মের অভিযোগ তুলে খিজির মুহাম্মদ জুলফিকারের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে অনুরোধ জানানো হয়েছে।

ফাউন্ডেশন কর্তৃপক্ষ জানিয়েছে, বহিষ্কারের সিদ্ধান্ত অনুযায়ী প্রয়োজনীয় সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। একই সঙ্গে ফাউন্ডেশনের নাম ও পরিচয় ব্যবহার করে কোনো কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে সংশ্লিষ্টদের সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।

monir
Admin

পাঠকের মন্তব্য

ফেসবুকে

সর্বশেষ আপডেট

এক ক্লিকে বিভাগের খবর


ভিডিও