সরকারের সমালোচকরা মন্ত্রী-এমপিদের কোভিড-১৯ টিকা প্রথমে নেয়ার আহ্বান জানালেও এখন সেই কাজ করায় সাধারণ জনগণের আগে তাদের টিকা গ্রহণ নিয়ে অপপ্রচার চালানো হয় কী না- তা নিয়ে আশঙ্কা প্রকাশ করেছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার।
সোমবার টিকার প্রথম ডোজ গ্রহণ শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি বলেন, ‘আমরা মন্ত্রীরা ভ্যাকসিন নিলাম। পরে যেন এই অপপ্রচারকারীরা আবার না বলে যে জনগণকে রেখে সরকারের মন্ত্রী-এমপিরা ভ্যাকসিন নিয়েছে আগে।’
সোমবার সকাল ১০টায় রাজধানীর শ্যামলীর টিবি হাসপাতালে টিকা গ্রহণ করেন মন্ত্রী। পরে তিনি কিছু সময় অপেক্ষা করেন এবং জানান যে শারীরিকভাবে সম্পূর্ণ সুস্থ আছেন এবং কোনো পরিবর্তন অনুভব করছেন না।
মন্ত্রী দাবি করেন, স্বাধীনতার সময় থেকেই দেশবিরোধী একটি চক্র দেশের বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে আসছে। যখন টিকা নিয়ে ভারতের সাথে চুক্তি হয় তখন তারা বলেছিল টিকা এ দেশে আসবে না। কিন্তু জনগণের স্বাস্থ্য সুরক্ষায় টিকা দেশে এসে পৌঁছেছে। এখন তারা টিকা নিয়ে নেতিবাচক অপপ্রচার চালিয়ে জনগণের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করছে।
‘এখনো পৃথিবীর অনেক দেশ করোন ভ্যাকসিন নিতে পারেনি। এ পরিস্থিতিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কূটনৈতিক সাফল্য ও সেরা ব্যবস্থাপনায় বাংলাদেশ দ্রুততম সময়ের মধ্যে ভ্যাকসিন আনতে সক্ষম হয়েছে। করোনা মহামারিতে দেশের মানুষের স্বাস্থ্য নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে,’ বলেন মন্ত্রী।
তিনি সবার প্রতি আহ্বান জানিয়ে বলেন, ‘নিজে ভ্যাকসিন নিন, নিজে সুস্থ থাকুন, পরিবারকে সুস্থ রাখুন, সর্বোপরি জাতিকে সুস্থ রাখতে সাহায্য করুন। কোনো অপপ্রচারে কেউ বিভ্রান্ত হবেন না।’
দ্রুততম সময়ের মধ্যে দেশের জনগণের জন্য করোনা টিকার ব্যবস্থা করায় তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানান।
ভারতের উপহার হিসেবে সিরাম ইনস্টিটিউটের তৈরি অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার কোভিশিল্ড টিকার ২০ লাখ ডোজ গত ২১ জানুয়ারি বাংলাদেশে এসে পৌঁছে। এরপর ২৫ জানুয়ারি সিরাম থেকে বাংলাদেশের ক্রয় করা কোভিশিল্ডের প্রথম চালানের ৫০ লাখ ডোজ নিরাপদে ঢাকায় আসে। সব মিলিয়ে বর্তমানে বাংলাদেশে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকার ৭০ লাখ ডোজ রয়েছে।
গত ২৭ জানুয়ারি গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে পরীক্ষামূলক টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর ভার্চ্যুয়াল উপস্থিতিতে পাঁচজনকে টিকা দেয়া হয়।
আর মহামারি করোনাভাইরাসের সংক্রমণ রোধে রোববার থেকে দেশে ব্যাপকভাবে টিকাদান কর্মসূচির সূচনা হয়েছে। সকালে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক স্বাস্থ্য অধিদফতর থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করেন। রাজধানীর বিভিন্ন হাসপাতালসহ সারা দেশের এক হাজার পাঁচটি হাসপাতালে কোভিড-১৯ টিকা দেয়া হচ্ছে।
সূত্র : ইউএনবি










পাঠকের মন্তব্য