দুবাইয়ে গ্রেফতার বাংলাদেশ পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদকে দেশে ফেরানোর বিষয়ে আরব আমিরাত সরকারের পক্ষ থেকে এখন পর্যন্ত কিছু জানানো হয়নি বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
শুক্রবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ‘মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস ২০২৬’ উপলক্ষে আয়োজিত আলোচনা সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বেনজীর আহমেদকে গ্রেফতার করার পর আবুধাবি (ইউএই) থেকে ফেডারেল পুলিশ ই-মেইলে মেসেজ দিয়ে আমাদের তার গ্রেফতারের খবর জানিয়েছিল। বেনজীরকে দেশে ফেরত পাঠানোর জন্য তারা ৩০ দিনের মধ্যে তার বিষয়ে নথিপত্র চেয়েছিল। আমরা সেগুলো তিন দিনের মধ্যে তৈরি করেছি। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে ইউএই সরকারের কাছে নথিপত্র পাঠানো হয়েছে। বেনজীর ইস্যুতে আরব আমিরাত সরকারের পক্ষ থেকে এখনো আমাদের কিছু জানানো হয়নি। আমরা আশা করছি, খুব শিগগিরই জানানো হবে।’
হাদির হত্যাকারীদের দেশে ফেরানোর বিষয়ে তিনি আরও , ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির তিন হত্যাকারীকে ভারত থেকে শিগগিরই দেশে ফিরিয়ে আনা যাবে। শহীদ ওসমান হাদির হত্যাকারীদের মধ্যে তিনজনকে ভারত সরকার গ্রেফতার করেছে। সম্ভবত কলকাতায় আছে তারা। তাদের আইন অনুযায়ী আদালতে মামলা দায়ের করা হয়েছে। আমরা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে এক্সট্রাডিশন (প্রত্যর্পণ) চুক্তি অনুযায়ী মামলার প্রয়োজনীয় কাগজপত্র ওই সময়েই পাঠিয়ে দিয়েছি।’
তিনি আরও বলেন, ‘আমরা অপেক্ষা করছি, আশা করি তাদের ফেরত পাব। এ ছাড়া এই মামলার অসম্পূর্ণ তদন্ত সম্পন্ন করে চার্জশিট দাখিল করতে পারব।’
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আমলী আদালতের পাশাপাশি প্রয়োজন মতো মাদক মামলার বিষয়ে ট্রাইবুনাল গঠন করা হবে। আইনের পাশাপাশি সামাজিকভাবে সচেতনতা তৈরি করতে হবে না। তাই মাদকের বিরুদ্ধে লড়াই সহজ হবে।
মাদকের কারণে অপরাধ প্রবণতা বাড়ছে উল্লেখ করে সালাহউদ্দিন আহমদ বলেন, দেশে ৮২ লাখ মানুষ মাদক গ্রহণ করে, যা মোট জনসংখ্যার ৪ দশমিক ৮৮ শতাংশ। এখানে জিরো টলারেন্স বাস্তবায়নে সরকার কাজ করছে। মাদক কারবারীদের বিরুদ্ধে অধিদপ্তর এখন পর্যন্ত ৯টি মানি লন্ডারিংয়ের মামলা দায়ের করেছে।









