![]()
পুলিশি সেবায় সততা ও জনবান্ধব আচরণ নিশ্চিতের পাশাপাশি অপরাধ দমনে কঠোর অবস্থানের স্পষ্ট বার্তা দিয়েছে মৌলভীবাজার জেলা পুলিশ।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় জেলা পুলিশ লাইন্সের ড্রিল শেডে অনুষ্ঠিত মাসিক কল্যাণ সভায় এ বিষয়ে কঠোর নির্দেশনা দেওয়া হয়।
সহকারী পুলিশ সুপার (শ্রীমঙ্গল সার্কেল) মো. ওয়াহিদুজ্জামান রাজুর সঞ্চালনায় সভায় সভাপতিত্ব করেন মৌলভীবাজারের পুলিশ সুপার মো. মনিরুল ইসলাম।
সভায় জেলা পুলিশের কার্যক্রম আরও গতিশীল করা, পুলিশ সদস্যদের কর্মপরিবেশ উন্নয়ন এবং দ্রুততম সময়ে জনসেবা পৌঁছে দেওয়ার বিষয়ে কড়া তাগিদ দেওয়া হয়। দায়িত্ব পালনে অপেশাদার আচরণ, অনিয়ম বা শৈথিল্য কোনোভাবেই সহ্য করা হবে না উল্লেখ করে শৃঙ্খলার ওপর সর্বোচ্চ গুরুত্বারোপ করেন পুলিশ সুপার মনিরুল ইসলাম।
কল্যাণ সভায় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আসিফ মহিউদ্দীন, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) নোবেল চাকমা, অতিরিক্ত পুলিশ সুপার (কুলাউড়া সার্কেল) মোস্তাফিজুর রহমানসহ বিভিন্ন থানার অফিসার ইনচার্জ এবং পুলিশের বিভিন্ন ইউনিটের সদস্যরা।
দুর্গাপূজাকে কেন্দ্র করে সর্বোচ্চ সতর্কতা ও গোয়েন্দা নজরদারি:
আসন্ন শারদীয় দুর্গাপূজা কেন্দ্র করে আইনশৃঙ্খলার অবনতি ঘটানোর যেকোনো অপচেষ্টা কঠোর হাতে দমনের ঘোষণা দেওয়া হয়েছে। সভাপতি তাঁর বক্তব্যে স্পষ্ট জানান—কোনো ধরনের গুজব, অপপ্রচার বা অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে দেওয়া হবে না।
পূজামণ্ডপ, গুরুত্বপূর্ণ স্থাপনা ও জনসমাগমস্থলে সার্বক্ষণিক নিরাপত্তা জোরদার, নিয়মিত টহল বৃদ্ধি এবং গোয়েন্দা নজরদারি বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে। যেকোনো অপ্রীতিকর ঘটনা মোকাবিলায় তাৎক্ষণিক সমন্বিত ব্যবস্থা গ্রহণের জন্য সব ইউনিটকে সার্বক্ষণিক সতর্ক অবস্থানে থাকার কড়া বার্তা দেওয়া হয়।
সেপ্টেম্বরের সেরা কর্মকর্তা ও বিশেষ পুরস্কার
সভা শেষে পেশাদারিত্ব, অপরাধ দমন ও কর্মদক্ষতার ভিত্তিতে সেপ্টেম্বর ২০২৬ মাসের বিভিন্ন ক্যাটাগরিতে কর্মকর্তা ও থানাকে পুরস্কৃত করা হয়।
ক্যাটাগরিভিত্তিক শ্রেষ্ঠ কর্মকর্তারা হলেন—শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) সরকার আবদুল্লাহ আল মামুন (পুলিশ পরিদর্শক, শ্রীমঙ্গল থানা), শ্রেষ্ঠ এসআই ওবায়দুল্লাহ (সদর মডেল থানা), শ্রেষ্ঠ ট্রাফিক কর্মকর্তা সার্জেন্ট কমলেশ বিশ্বাস (সদর ট্রাফিক বিভাগ) এবং শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী কর্মকর্তা এএসআই আবু তালেব (শ্রীমঙ্গল থানা)।
কঠিন অপরাধ দমনে বিশেষ পুরস্কারপ্রাপ্তদের মধ্যে পেশাগত নিষ্ঠা ও ঝুঁকিপূর্ণ কার্যক্রমে সাফল্যের জন্য তিন কর্মকর্তাকে বিশেষ স্বীকৃতি দেওয়া হয়। হত্যা মামলার দুই আসামিকে গ্রেপ্তার, আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি গ্রহণ এবং হত্যাকাণ্ডে ব্যবহৃত ধারালো দা ও ভুক্তভোগীর মোবাইল ফোন উদ্ধারের জন্য জুড়ী থানার এসআই মো. শামীম উদ্দিনকে পুরস্কৃত করা হয়।
এ ছাড়া ডিউটি চলাকালে হাতেনাতে ছিনতাইকারী গ্রেপ্তার ও ছিনতাই হওয়া মোবাইল ফোন উদ্ধারে দুঃসাহসিক ভূমিকার জন্য শ্রীমঙ্গল (ট্রাফিক) সার্জেন্ট রয়েল দেবনাথ এবং দুটি পৃথক গুরুতর মামলায় পাঁচ আসামিকে গ্রেপ্তার ও আলামত উদ্ধারে মুখ্য ভূমিকা রাখার জন্য ডিবির এসআই আহলাদ ইবনে জামিলকে বিশেষ পুরস্কার দেওয়া হয়।









