মুন্সীগঞ্জের সাবেক প্রতিমন্ত্রী ও পাঁচবারের এমপি আব্দুল হাই আর নেই

মুক্তিবাণী অনলাইন ডেক্স

মুন্সীগঞ্জের সাবেক প্রতিমন্ত্রী ও পাঁচবারের এমপি আব্দুল হাই আর নেই

মুন্সীগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি, সাবেক প্রতিমন্ত্রী ও পাঁচবারের সাবেক সংসদ সদস্য মো. আব্দুল হাই ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

বুধবার (১৪ অক্টোবর) দিবাগত রাত দেড়টার দিকে রাজধানীর ধানমন্ডির একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৭ বছর।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) ভোরে মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সাবেক নেতা মো. কামরুজ্জামান রতন নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে শোকবার্তা প্রকাশ করে তাঁর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

মুন্সীগঞ্জের সাবেক প্রতিমন্ত্রী ও পাঁচবারের এমপি আব্দুল হাই আর নেই

ফেসবুক পোস্টে মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে এমপি কামরুজ্জামান রতন লেখেন, মুন্সীগঞ্জের রাজনৈতিক অঙ্গনের এক উজ্জ্বল নক্ষত্র, বর্ষীয়ান রাজনীতিবিদ ও বীর মুক্তিযোদ্ধা আলহাজ মো. আব্দুল হাইয়ের প্রয়াণে তিনি গভীরভাবে শোকাহত।

তিনি আরও লেখেন, ঢাকা-৮ ও মুন্সীগঞ্জ-৪ আসন থেকে পাঁচবার নির্বাচিত এই সফল সংসদ সদস্য স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপমন্ত্রী এবং জাতীয় সংসদের প্যানেল স্পিকার হিসেবে সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করেছেন।

এমপি কামরুজ্জামান রতন উল্লেখ করেন, দীর্ঘকাল মুন্সীগঞ্জ জেলা বিএনপির নেতৃত্ব দিয়ে অঞ্চলের রাজনৈতিক ও আর্থসামাজিক উন্নয়নে আব্দুল হাই যে অসামান্য অবদান রেখেছেন, তা চিরস্মরণীয় হয়ে থাকবে।

তিনি আরও লেখেন, দল-মতনির্বিশেষে সাধারণ মানুষের ভালোবাসায় সিক্ত এই গণমানুষের নেতার প্রয়াণে যে শূন্যতার সৃষ্টি হয়েছে, তা সহজে পূরণ হওয়ার নয়। আল্লাহ তাআলা তাঁর সব নেক আমল কবুল করুন, জীবনের ভুলত্রুটি মার্জনা করে তাঁকে জান্নাতুল ফেরদৌসের উচ্চ মাকাম দান করুন। পাশাপাশি তাঁর শোকসন্তপ্ত পরিবার, সহকর্মী ও গুণগ্রাহীদের প্রতি গভীর সমবেদনা জানান তিনি।

উল্লেখ্য, বর্ষীয়ান এই রাজনীতিবিদের মৃত্যুতে মুন্সীগঞ্জ জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ সর্বস্তরের মানুষের মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

monir
Admin

ফেসবুকে

সর্বশেষ আপডেট

এক ক্লিকে বিভাগের খবর


ভিডিও