মৌলভীবাজারে চা বিক্রেতা হত্যা মামলায় ছাদিক মিয়ার মৃত্যুদণ্ড, খালাস ৭ জন

বিশেষ প্রতিনিধিঃ

মৌলভীবাজারে চা বিক্রেতা হত্যা মামলায় ছাদিক মিয়ার মৃত্যুদণ্ড, খালাস ৭ জন

মৌলভীবাজার সদর উপজেলার নাজিরাবাদ ইউনিয়নের নারাইনপাশা এলাকার চা বিক্রেতা দুরুদ মিয়াকে পরিকল্পিতভাবে হত্যার দায়ে ছাদিক মিয়াকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই মামলায় অপর সাত আসামিকে বেকসুর খালাস দেওয়া হয়েছে।

ছাদিক মিয়ার মৃত্যুদণ্ড

সোমবার দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক শামসাদ বেগম এ রায় ঘোষণা করেন। মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি হলেন ছাদিক মিয়া।

মামলার বিবরণে জানা যায়, ২০০৮ সালের ১২ জুন সকালে মৌলভীবাজার সদর উপজেলার নারাইনপাশা এলাকার চায়ের দোকানদার দুরুদ মিয়া ছাদিক মিয়ার কাছে পাওনা ১ হাজার ২৬৩ টাকা চান। এতে ক্ষিপ্ত হয়ে ছাদিক মিয়া সেখান থেকে চলে যান। কিছুক্ষণ পর তিনি দলবল নিয়ে ফিরে এসে ধারালো অস্ত্র দিয়ে দুরুদ মিয়াকে আঘাত করেন। এতে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাঁকে উদ্ধার করে মৌলভীবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ওই দিন রাত সাড়ে ১১টায় নিহতের ছেলে মকবুল মিয়া বাদী হয়ে আটজনের নাম উল্লেখ করে মৌলভীবাজার মডেল থানায় মামলা দায়ের করেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট নিয়ামুল হক বলেন, দীর্ঘ শুনানি শেষে অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় ফৌজদারি কার্যবিধি, ১৮৯৮-এর ৩৬৮(১) ধারার বিধান অনুযায়ী আদালত ছাদিক মিয়াকে মৃত্যুদণ্ড দিয়েছেন। তাঁর মৃত্যু নিশ্চিত না হওয়া পর্যন্ত ফাঁসির রশিতে ঝুলিয়ে দণ্ড কার্যকর করার নির্দেশ দিয়েছেন বিচারক।

তিনি আরও বলেন, অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত না হওয়ায় তছকির মিয়া, সিরাজ মিয়া, নুরুল ইসলাম, ছাইফুর রহমান, আতাউর রহমান, শফিক মিয়া ও আছাব মিয়াকে খালাস দেওয়া হয়েছে। রায় ঘোষণার পর আসামি ও তাঁদের স্বজনেরা আদালতের বারান্দায় কান্নায় ভেঙে পড়েন।

বাদীপক্ষে আইনজীবী ছিলেন অ্যাডভোকেট মো. বিল্লাল হোসেন।

monir
Admin

ফেসবুকে

সর্বশেষ আপডেট

এক ক্লিকে বিভাগের খবর


ভিডিও